উন্নয়নকাজে আটকে আছে দাফন

জলাবদ্ধতা ও উন্নয়নকাজের ধীরগতিতে রাজধানীর পূর্ব জুরাইনের মুরাদপুর কবরস্থানে সাড়ে তিন বছর দাফন বন্ধ আছে। স্থানীয় বাসিন্দাদের ক্ষোভ।

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এক অংশ পানিতে ডুবে আছে, আরেক অংশে থমকে আছে মাটি ভরাটের কাজ। এতে বন্ধ মরদেহ দাফন। শনিবার দুপুরে পূর্ব জুরাইনের মুরাদপুর কবরস্থানে।
ছবি: প্রথম আলো

সাড়ে তিন বছর ধরে রাজধানীর পূর্ব জুরাইন এলাকার মুরাদপুর কবরস্থানে দাফন বন্ধ রয়েছে। এর কারণ আশপাশের এলাকার পয়োনিষ্কাশনব্যবস্থা ভালো না থাকায় বছরের বেশির ভাগ সময় কবরস্থানটি পানিতে ডুবে থাকত। আর গত দেড় বছর সেখানে কবর দেওয়া যাচ্ছে না ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের উন্নয়নকাজের (মাটি ভরাট ও অবকাঠামো নির্মাণ) জন্য। মাত্র ৪৮ শতকের এই কবরস্থানের উন্নয়নকাজে কেন এত সময় লাগছে, তা নিয়ে স্থানীয় বাসিন্দারা প্রশ্ন তুলেছেন।

এই কবরস্থানের উন্নয়নকাজ শুরু হয়েছিল ২০১৯ সালের ডিসেম্বরে। শেষ হওয়ার কথা ছিল এক বছরের মধ্যে। এখন বলা হচ্ছে, কাজ শেষ হবে এ বছরের ডিসেম্বরে। এই কবরস্থানের উন্নয়নকাজের জন্য ব্যয় ধরা হয়েছে প্রায় সাড়ে চার কোটি টাকা।

ঢাকা দক্ষিণ সিটির প্রকৌশল বিভাগ সূত্রে জানা গেছে, বরাদ্দ করা টাকায় কবরস্থানের মাটি ভরাটের পাশাপাশি চারপাশে সীমানাদেয়াল নির্মিত হবে। এ ছাড়া কবরস্থানের এক পাশে একটি দোতলা ভবন হবে। ওই ভবনের নিচতলায় মরদেহ গোসলের ব্যবস্থা, দোতলায় একটি অফিসকক্ষ, অজুখানা, শৌচাগার ও ইমামের থাকার ব্যবস্থা থাকবে। এ ছাড়া কবরস্থানের ভেতরে হাঁটাপথ ও পানিনিষ্কাশনের ব্যবস্থাসহ বৈদ্যুতিক খুঁটি বসানো হবে। উন্নয়নকাজ শেষ হওয়ার পর সেখানে ৪০০টি কবরের ব্যবস্থা থাকবে।

১৯ জুন সরেজমিনে মুরাদপুর কবরস্থানে গিয়ে দেখা যায়, কবরস্থানে প্রবেশপথের রাস্তাটি নোংরা পানিতে ডুবে আছে। মাটি ফেলে কবরস্থানের এক পাশ উঁচু করা হয়েছে। আরেক পাশ ডুবে আছে। ডুবে যাওয়া অংশে দুটি কবরের চিহ্ন হিসেবে মৃতের নাম উল্লেখ করে ফলক টাঙানো। উন্নয়নকাজের ঠিকাদারের কোনো কর্মীকে সেখানে পাওয়া যায়নি।

কবরস্থানের কাছে একটি বাড়িতে থাকতেন ব্যাংক কর্মকর্তা সালাউদ্দিন আহমেদ। ১০ মাস আগে তাঁর মৃত্যুর পর স্বজনেরা এই কবরস্থানে মরদেহ দাফন করতে চেয়েছিলেন। মুরাদপুর হাইস্কুল রোডের বাসিন্দা তৌহিদুর রহমান প্রথম আলোকে বলেন, সালাউদ্দিন আহমেদের বাবাকেও মুরাদপুর কবরস্থানে দাফন করা হয়েছিল। স্বজনেরা বাবার কবরেই ছেলেকে দাফন করতে চেয়েছিলেন। কিন্তু উন্নয়নকাজের অজুহাত দেখিয়ে সেখানে দাফন করতে দেওয়া হয়নি। পরে প্রায় তিন কিলোমিটার দুরে জুরাইন কবরস্থানে দাফন করা হয়।

স্থানীয়রা বলছেন, সবশেষ ২০১৭ সালে এই কবরস্থানে দুটি মরদেহ সমাহিত করা হয়। এরপর ২০১৮ সালে এক ব্যক্তিতে ওই কবরস্থানের গোসলখানায় গোসল করানো হয়। তবে কবরস্থানে পানি জমে থাকার কারণে দাফন করা যায়নি।

বর্তমানে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের অধীন ছোট-বড় কবরস্থানের সংখ্যা পাঁচটি। এর মধ্যে মুরাদপুর ও জুরাইন কবরস্থানের সংস্কারকাজ একটি প্যাকেজে হচ্ছে। এ জন্য বরাদ্দ রাখা হয়েছে প্রায় ৪০ কোটি টাকা। আর আজিমপুর কবরস্থানে প্রায় ৫০ কোটি টাকার উন্নয়নকাজ চলছে। খিলগাঁও কবরস্থানে এখন পর্যন্ত উন্নয়নকাজ শুরু হয়নি। গত বছর ঢাকা উত্তর সিটি করপোরেশনের তত্ত্বাবধানে থাকা খিলগাঁও কবরস্থানটি ঢাকা দক্ষিণ সিটির কাছে হস্তান্তর করা হয়। এর বাইরে ধলপুরে দক্ষিণ সিটির আরেকটি কবরস্থান রয়েছে। এই পাঁচ কবরস্থানে ৪১ হাজার ৯০০টি কবরের (সংরক্ষণ করা হয় না) জায়গা রয়েছে। আর সংরক্ষণের জন্য সাড়ে সাত হাজার কবরের জায়গা ছিল। এসব কবর ইতিমধ্যে সংরক্ষণ করা হয়ে গেছে।

ঢাকা দক্ষিণ সিটির বিভিন্ন অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় এসব কবরস্থানের সংস্কার ও উন্নয়নকাজ হচ্ছে। জানতে চাইলে প্রকল্পের পরিচালক ও সংস্থার তত্ত্বাবধায়ক প্রকৌশলী মুন্‌সী মো. আবুল হাসেম প্রথম আলোকে বলেন, শুরুতে তাঁরা জুরাইন কবরস্থানের কাজ শেষ করার ওপর গুরুত্ব দিয়েছেন। চলতি বছরের ডিসেম্বর মাসের মধ্যে মুরাদপুর কবরস্থানের কাজ তাঁরা শেষ করবেন।

তবে নাম প্রকাশ না করার শর্তে মুরাদপুর কবরস্থান উন্নয়নকাজের দেখভালের দায়িত্বে থাকা ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের এক কর্মকর্তা প্রথম আলোকে বলেন, মুরাদপুর কবরস্থানে যেতে যে সড়ক রয়েছে, তা সরু। তাই সেখানে মাটিসহ নির্মাণসামগ্রী নিতে নানা জটিলতা হচ্ছে। এ ছাড়া দীর্ঘদিন ধরে পানি নিচের ডুবে থাকার কারণে কাজের অগ্রগতি সন্তোষজনক হয়নি।

পাঁচটি কবরস্থানের যেকোনো জায়গায় দাফন করতে দক্ষিণ সিটিকে এক হাজার টাকা দিতে হয়। এ ছাড়া দাফনের জন্য বাঁশ, চাটাই, কবর খননের খরচ আলাদা বহন করতে হয়। সাধারণ কবর ছয় মাসের বেশি সংরক্ষণ করা হয় না। আর সংরক্ষিত কবরের ক্ষেত্রে ১০ বছরের জন্য খরচ পড়ে ৫ লাখ টাকা। ২৫ বছরের জন্য ২০ লাখ টাকা। তবে সংরক্ষিত কবরের জন্য বরাদ্দ করা জায়গা আর না থাকায় বিশেষ অনুমতি সাপেক্ষে (বীর মুক্তিযোদ্ধা বা রাষ্ট্রের গুরুত্বপূর্ণ কোনো ব্যক্তি মারা গেলে) সাধারণ কবরকেই সংরক্ষণের ব্যবস্থা করে দেয় সিটি করপোরেশন।

দক্ষিণ সিটির মুরাদপুর কবরস্থানের উন্নয়নকাজ দেড় বছরেও শেষ না হওয়ার পেছনে সংশ্লিষ্টদের অনাগ্রহ ও গাফিলতি রয়েছে বলে মনে করেন নগরবিদদের সংগঠন বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্সের (বিআইপি) সাধারণ সম্পাদক অধ্যাপক আদিল মুহাম্মদ খান। তিনি বলেন, কবরস্থানের সঙ্গে ধর্মীয় ও আবেগের বিষয় আছে। আন্তরিকতা থাকলে ছোট আয়তনের কবরস্থানের উন্নয়নকাজ শেষ করতে এত সময় লাগত না।