পরিকল্পনামন্ত্রী এয়ার ভাইস মার্শাল এ কে খন্দকার বলেছেন, ‘উন্নয়নের জন্য বিনিয়োগ আরও অনেক বাড়াতে হবে। সততা ও নিষ্ঠার সঙ্গে বিভিন্ন উন্নয়ন প্রকল্পের কাজ যথাযথভাবে বাস্তবায়ন করতে হবে। তাহলেই কাঙ্ক্ষিত উন্নয়ন সম্ভব। কিন্তু আমাদের দেশে তা হয় না।’গতকাল বুধবার জাতীয় পরিকল্পনা ও উন্নয়ন একাডেমির প্রকাশনা ডেভেলপমেন্ট রিভিউর ২৫তম সংখ্যার মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ মন্তব্য করেন। একাডেমি মিলনায়তনে ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়।এ কে খন্দকার বলেন, ঠিকাদাররা প্রকল্পের কাজে ১০ থেকে ৩০ শতাংশ পর্যন্ত লাভ করার চিন্তা করে। উন্নয়ন নিশ্চিত করতে হলে প্রকল্পগুলো সুনির্দিষ্ট হতে হবে। জনগণের কাছ থেকেই উন্নয়নের ভাবনা আসতে হবে। বিশেষ অতিথি ছিলেন পরিকল্পনা মন্ত্রণালয়ের সচিব হাবিব উল্লাহ মজুমদার। জাতীয় পরিকল্পনা ও উন্নয়ন একাডেমির মহাপরিচালক এম এ কামালের সভাপতিত্বে অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মোহব্বত খান, একাডেমির পরিচালক (প্রশিক্ষণ) কানিজ ফাতেমা প্রমুখ বক্তব্য দেন।ডেভেলপমেন্ট রিভিউর ২৫তম সংখ্যায় আটজন লেখকের ছয়টি প্রবন্ধ স্থান পেয়েছে।