উন্নয়নে ব্যয় হবে ৭৫ শতাংশ
>ঢাকা উত্তর সিটি করপোরেশন
২০১৬-১৭
বাজেট
২০১৬-১৭
২ হাজার ৮৩ কোটি ৩৫ লাখ
টাকার বাজেট
বাজেটের ১৫৫৯ কোটি টাকা ব্যয় হবে উন্নয়ন খাতে
নতুন বাজেটে কোনো কর বাড়ানো হয়নি
২০১৫-১৬
প্রস্তাবিত বাজেট ছিল ১ ,৬০১ কোটি টাকা
১ হাজার ১০ কোটি ৪৫ লাখ টাকার সংশোধিত বাজেট
বাজেট বাস্তবায়নের হার ৬৩ শতাংশ

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ২০১৬-১৭ অর্থবছরের ২ হাজার ৮৩ কোটি ৩৫ লাখ টাকার বাজেট (প্রস্তাবিত) ঘোষণা করা হয়েছে। প্রস্তাবিত বাজেটের ৭৫ শতাংশই ব্যয় হবে উন্নয়ন খাতে। নতুন বাজেটে কোনো কর বাড়ানো হয়নি। তবে আগামী বছর নতুন ও পুরোনো কর সমন্বয় করে পুনর্মূল্যায়ন করা হবে বলে মেয়র আনিসুল হক জানিয়েছেন।
গতকাল রোববার বিকেলে রাজধানীর গুলশানের একটি হোটেলে এক সংবাদ সম্মেলনে মেয়র আনিসুল হক বাজেট ঘোষণা করেন। বাজেট বক্তৃতায় মেয়র বলেছেন, পরিচ্ছন্ন, সবুজ, নিরাপদ, স্মার্ট, আলোকিত ও মানবিক ঢাকা গড়ে তোলার অভিযাত্রা দ্বিতীয় বছরে পদার্পণ করেছে। বর্জ্য ব্যবস্থাপনা, সড়ক নির্মাণ ও সংস্কার, যানজট নিরসন, সবুজায়ন, ড্রেনেজব্যবস্থার উন্নয়ন—প্রতিটি ক্ষেত্রে সিটি করপোরেশন কাজ করে যাচ্ছে।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মেসবাহুল ইসলাম, প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল সাঈদ আনোয়ারুল ইসলাম, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল এস এম সালেহ ভূঁইয়া, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা ক্যাপ্টেন বিপন কুমার সাহা প্রমুখ।
প্রস্তাবিত বাজেটে নিজস্ব উৎস থেকে আয়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৯৪৮ কোটি ২৫ লাখ টাকা। এর মধ্যে হোল্ডিং ট্যাক্স বাবদ রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা ৪৮০ কোটি টাকা, যা মোট রাজস্ব আয়ের ৫০ দশমিক ৬ শতাংশ।
উল্লেখ্য, ২০১৫-১৬ অর্থবছরে প্রস্তাবিত বাজেট ছিল ১ হাজার ৬০১ কোটি টাকার। গতকালের সংবাদ সম্মেলনে ২০১৫-১৬ অর্থবছরের ১ হাজার ১০ কোটি ৪৫ লাখ টাকার সংশোধিত বাজেটও তুলে ধরা হয়। বলা হয়, বাজেট বাস্তবায়নের হার ৬৩ শতাংশ। সেই বাজেটের আয়ের উল্লেখযোগ্য খাত ছিল ডিএনসিসির নিজস্ব আয়। হোল্ডিং ট্যাক্স থেকে রাজস্ব আয় ধরা হয়েছিল ৪১০ কোটি টাকা। কিন্তু সংশোধিত বাজেটে দেখা যায়, হোল্ডিং ট্যাক্স থেকে আয় হয়েছে ২৭৫ কোটি টাকা। বাজার সালামি থেকে আয়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল ১৬০ কোটি টাকা। অথচ ২০১৫-১৬ অর্থবছরে বাজার সালামি থেকে আয় হয়েছে চার কোটি টাকা।
গত অর্থবছরে রাজস্ব আদায় ও বাজেট বাস্তবায়নের হার কম হওয়ার বিষয়ে মেয়র বলেন, বৈদেশিক সাহায্যপুষ্ট একটি প্রকল্পের ২০০ কোটি টাকা ঋণ গ্রহণ না করায় এবং মহাখালী কাঁচা বাজার প্রকল্পের দোকান বরাদ্দ দিতে না পারায় বাজেট বাস্তবায়ন কম হয়েছে।
আয়: ২০১৬-১৭ অর্থবছরে নিজস্ব আয়ের অন্যতম খাত হলো হোল্ডিং ট্যাক্স। ৪৮০ কোটি টাকা হোল্ডিং ট্যাক্স আদায়ের লক্ষ্য ডিএনসিসির। মহাখালী ও আমিনবাজারে সিটি করপোরেশনের বাজার থেকে সালামি বাবদ ১৬০ কোটি টাকা ও ট্রেড লাইসেন্স বাবদ ৪৫ কোটি টাকা এবং সম্পত্তি হস্তান্তর বাবদ ১৩৫ কোটি টাকা আয়ের পরিকল্পনা করা হয়েছে। এ ছাড়া সড়ক খনন ফি বাবদ ৪৫ কোটি টাকা, পশুর হাট ইজারা বাবদ ১৯ কোটি টাকা, বিজ্ঞাপন বাবদ ১৫ কোটি, বিদ্যুৎ বিল বাবদ ১২ কোটি টাকা আয়ের পরিকল্পনা রয়েছে ডিএনসিসির।
ব্যয়: ব্যয়ের ক্ষেত্রে সর্বোচ্চ বরাদ্দ রাখা হয়েছে সড়ক ও ট্রাফিক অবকাঠামো রক্ষণাবেক্ষণ ও উন্নয়ন খাতে; পরিমাণ ৩১৫ কোটি টাকা। এ ছাড়া ব্যয়ের অন্য প্রধান খাতের মধ্যে রয়েছে ডিএনসিসির কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা ইত্যাদি ১৩৫ কোটি টাকা। বিদ্যুৎ, জ্বালানি ও পানি খাতে ৫১ কোটি ৫০ লাখ টাকা। বর্জ্য ব্যবস্থাপনার জন্য ৪৬ কোটি ৯০ লাখ কোটি।
পরিবেশ উন্নয়ন খাতে ৩৯ কোটি ২০ লাখ টাকা এবং মশক নিধনের জন্য রাখা হয়েছে ২৮ কোটি টাকা। বাজার নির্মাণ ও উন্নয়ন খাতে ৫৭ কোটি ৯০ লাখ টাকা। উদ্যান ও খেলার মাঠ উন্নয়নে ১৪ কোটি টাকা। কবর, শ্মশান ও বৌদ্ধধর্মাবলম্বীদের শেষকৃত্য স্থানের উন্নয়নে ১৪ কোটি ২৫ লাখ টাকা রাখা হয়েছে। অবৈধ দখল উচ্ছেদ, ভেজালবিরোধী ভ্রাম্যমাণ আদালত পরিচালনার জন্য ১ কোটি ৫০ লাখ টাকা ও কল্যাণমূলক ব্যয়ের জন্য ১৪ কোটি ৫৫ লাখ টাকা। বাজেটে উন্নয়ন খাতের মোট ব্যয় ১ হাজার ৫৫৯ কোটি টাকা, যা বাজেটের প্রায় ৭৫ শতাংশ।