উন্নয়নের স্বার্থে পুরুষের স্বাস্থ্যের ওপর গুরুত্ব দেওয়া জরুরি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আন্তর্জাতিক উন্নয়ন নীতিতে বা আলোচনায় পুরুষের স্বাস্থ্য বিশেষ করে পুরুষের প্রজননস্বাস্থ্য সব সময় উপেক্ষিত থাকে। কিন্তু পুরুষের তো বটেই এমনকি নারীর সুস্বাস্থ্য বা উন্নয়নের স্বার্থে পুরুষের স্বাস্থ্যের বিষয়ে গুরুত্ব দেওয়ার সময় এসেছে।গতকাল রোববার রাজধানীর ব্র্যাক সেন্টারে পুরুষের স্বাস্থ্য নিয়ে এক দিনের আন্তর্জাতিক সম্মেলনে বক্তারা এ কথা বলেন। ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের জেমস পি গ্র্যান্ট স্কুল অব পাবলিক হেলথ ‘টেকিং মেনস হেলথ সিরিয়াসলি’ শীর্ষক এই সেমিনারের আয়োজন করে।যুক্তরাজ্যের সাসেক্স বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব ডেভেলপমেন্ট স্টাডিজের অধ্যাপক হিলারি স্ট্যান্ডিং বলেন, পুরুষের প্রজননস্বাস্থ্য বেশি গুরুত্ব না পাওয়ার কিছু ঐতিহাসিক কারণ আছে। জনসংখ্যা ও উন্নয়ন নিয়ে ১৯৯৪ সালের কায়রো সম্মেলনে পুরুষের প্রজননস্বাস্থ্য কোনো গুরুত্ব পায়নি। তিনি বলেন, প্রাথমিক স্বাস্থ্যসেবায় শিশু ও নারীর স্বাস্থ্যের ওপর জোর দেওয়া হয়েছে, আর পুরুষ সেখানে সব সময় উপেক্ষিত। অন্যদিকে উন্নয়ন আলোচনায় নারীর স্বাস্থ্য নিয়ে কথা হয়, পুরুষের স্বাস্থ্য নিয়ে নয়।মেনএনগেজ অ্যালায়েন্স সাউথ এশিয়া নামের পাকিস্তানের বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি ইমরান রিজভি বলেন, পৌরুষে আঘাত লাগে বলে অনেক পুরুষ স্বাস্থ্যকেন্দ্রে সেবা নিতে যান না। অথচ তাঁদেরই একটি বড় অংশ হাতুড়ে চিকিৎসক বা কবিরাজের কাছ থেকে চিকিৎসা নেয়। তিনি বলেন, পুরুষ বা বালকের প্রজননস্বাস্থ্য-সেবার ক্ষেত্রে সামাজিক ও আইনি বাধাগুলোর প্রতি দৃষ্টি না দিলে এইচআইভি/এইডস বা এসটিআইয়ের বিরুদ্ধে যুদ্ধে জয়ী হওয়া যাবে না।সম্মেলনে বাংলাদেশসহ যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কেনিয়া, ভারত ও পাকিস্তানের ১৩০ জন প্রতিনিধি অংশ নেন বলে আয়োজকেরা জানান। পুরুষের যৌন ও প্রজননস্বাস্থ্য-সম্পর্কিত গবেষণা ও তথ্য-প্রমাণ বিশ্লেষণ, এ বিষয়ে নীতি নির্ধারণ ও প্রকল্প বাস্তবায়নে প্রধান ব্যক্তি ও প্রতিষ্ঠানকে একত্র করা এবং তথ্য ও গবেষণার ওপর ভিত্তি করে ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নির্ধারণ করার জন্য এই সম্মেলনের আয়োজন করা হয় বলে আয়োজকেরা জানান।সাসেক্স বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব ডেভেলপমেন্ট স্টাডিজের অন্য একজন প্রতিনিধি জারকার এডস্ট্রম বলেন, নারীর জীবনটা একান্ত ব্যক্তিগত, কিন্তু তাঁর স্বাস্থ্যের বিষয়টি প্রকাশ্য। অন্যদিকে পুরুষের জীবন প্রকাশ্য, কিন্তু স্বাস্থ্যের বিষয়টি একান্ত ব্যক্তিগত।