ঢাকা বিশ্ববিদ্যালয়ের কবি জসীমউদ্দীন হল, মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল ও বঙ্গবন্ধু শেখ মুজিব হলের সংযোগ রাস্তায় গেলেই দম বন্ধ হয়ে আসে। উৎকট গন্ধ থেকে বাঁচার জন্য নাকে কাপড় চাপা দিতে হয় পথচারী শিক্ষক-শিক্ষার্থীদের। এ ছাড়া বৃষ্টির কারণে কর্দমাক্ত রাস্তায় এসে পড়া আবর্জনা মিশে তৈরি করেছে ভাগাড়ের পরিবেশ। ১০ থেকে ১৫ গজ জায়গা পেরোতে হয় অত্যন্ত সাবধানে।উন্মুক্ত একটি ডাস্টবিনই এর কারণ। সময়মতো আবর্জনা অপসারণ না করায় ডাস্টবিনটির আশপাশে জমে থাকা আবর্জনা পচে দুর্গন্ধ ছড়াচ্ছে প্রতিদিন। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ দীর্ঘদিন ধরে এটি সরানোর বিষয়ে কোনো উদ্যোগ না নেওয়ায় তিন আবাসিক ছাত্র হলের প্রায় ছয় হাজার শিক্ষার্থী এবং আবাসিক শিক্ষকদের দিনের পর দিন এই দুর্গন্ধ সহ্য করতে হচ্ছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে হল প্রাধ্যক্ষ, আবাসিক শিক্ষক ও শিক্ষার্থীরা বারবার আবেদন জানিয়েও কোনো ফল পাননি।এ বিষয়ে প্রাধ্যক্ষরা দায়ী করছেন বিশ্ববিদ্যালয় প্রশাসনকে। আর প্রশাসন বলছে, ঢাকা সিটি করপোরেশন সময়মতো বর্জ্য না সরানোয় এমনটি হচ্ছে। জিয়াউর রহমান হলের প্রাধ্যক্ষ আ ব ম ফারুক বলেন, ‘হলের দায়িত্ব নেওয়ার পর থেকে অন্তত এক শবার বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল দপ্তরকে ডাস্টবিনটি সরানোর জন্য বলেছি। তারা বারবার আশ্বাস দিয়েছে, সরাবে। তিন বছর পেরিয়ে গেল, যেমন ছিল তেমনই আছে।’ অস্বাস্থ্যকর এ পরিবেশ থেকে বাঁচতে গত ৪ জুন তিন হলের প্রাধ্যক্ষ, ৬৩১ জন ছাত্র ও ১৯ জন শিক্ষক উপাচার্যের কাছে লিখিত আবেদন করেন ডাস্টবিনটি সরানোর জন্য। তবে পরিবর্তন হয়নি কিছুই। গতকাল শনিবার সরেজমিনে দেখা যায়, ভাঙা ডাস্টবিনটি এক পাশে পড়ে আছে। আর আশপাশের দোকান, হলের ক্যানটিন ও আবাসিক শিক্ষকদের বাসা থেকে আসা আবর্জনা এর চারপাশে ছড়িয়ে-ছিটিয়ে আছে। ডাস্টবিনের চারপাশের ছোট গণ্ডি পেরিয়ে আবর্জনা জায়গা নিয়েছে রাস্তায়ও। ময়লার আশপাশে সারাক্ষণ কুকুর ঘুরছে। কবি জসীমউদ্দীন হলের প্রাধ্যক্ষ মো. আখতারুজ্জামান প্রথম আলোকে বলেন, উন্মুক্ত জায়গায় ফেলা ময়লাগুলোর দুর্গন্ধের কারণে ওদিকে যাওয়াই কষ্টকর। ডাস্টবিনটি এই জায়গা থেকে দ্রুত সরিয়ে নিতে হবে। এ ছাড়া কোনো উপায় নেই। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের প্রাধ্যক্ষ বায়তুল্লাহ কাদরী বলেন, ডাস্টবিনটি সরিয়ে নেওয়ার জন্য শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে আবেদন করা হয়েছে। নিজেও অনেকবার বলেছেন। কিন্তু কোনো ফল পাওয়া যায়নি। বিশ্ববিদ্যালয়ের বর্জ্য অপসারণ হয় ঢাকা সিটি করপোরেশনের অধীনে। আর বিশ্ববিদ্যালয়ের এস্টেট অফিস এর তত্ত্বাবধান করে। ভারপ্রাপ্ত এস্টেট ম্যানেজার সুপ্রিয়া দাস প্রথম আলোকে বলেন, সিটি করপোরেশন সময়মতো আবর্জনা না নিয়ে যাওয়ায় এমন হয়। তাদেরকে বারবার অনুরোধ করেও কাজ হয়নি। তিনি বলেন, ‘আমি নিজে জায়গাটি পরিদর্শন করেছি। খুবই দুরবস্থা। প্রাধ্যক্ষদের সঙ্গে বসে একটি জায়গা ঠিক করে শিগগিরই ডাস্টবিনটি প্রতিস্থাপন করা হবে।’