উপকূলীয় ও সামুদ্রিক পরিবেশের সমস্যা নিয়ে কাল থেকে সম্মেলন
দেশের উপকূলীয় ও সামুদ্রিক পরিবেশের প্রধান সমস্যাগুলো মানুষকে জানাতে কাল শুক্রবার ও আগামী শনিবার সম্মেলনের আয়োজন করেছে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) ও বাংলাদেশ পরিবেশ নেটওয়ার্ক (বেন)। রাজধানীর ফার্মগেটের কৃষিবিদ ইনস্টিটিউটে ‘বাংলাদেশ উপকূল ও সামুদ্রিক পরিবেশ’ বিষয়ক এ সম্মেলন অনুষ্ঠিত হবে।
গতকাল বুধবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, দুই দিনব্যাপী সম্মেলনে দেশের উপকূলীয় ও সামুদ্রিক পরিবেশের সমস্যাগুলো নিয়ে গবেষণা এবং কর্মরত দেশীয়, আঞ্চলিক ও আন্তর্জাতিক বিশেষজ্ঞ কর্মীরা একত্র হবেন। উপকূলীয় ও সামুদ্রিক পরিবেশের সমস্যাগুলোকে একটি সামগ্রিক ও পারস্পরিক সম্পর্কের আলোকে বিশ্লেষণ করা হবে। এতে সমস্যাগুলো মোকাবিলার লক্ষ্যে একটি সমন্বিত সুপারিশমালা ও কর্ম-পরিকল্পনা প্রণয়ন করা হবে। পরে তা মোকাবিলার জন্য নীতিমালা ও কর্ম-পরিকল্পনা দেশের নীতিনির্ধারকদের কাছে পৌঁছে দেওয়া হবে।
বক্তারা আরও বলেন, সম্মেলনে ১৯টি সমান্তরাল বৈজ্ঞানিক অধিবেশন, দুটি প্ল্যানারি, পাঁচটি সাধারণ অধিবেশন, একটি কৌশলগত অধিবেশন, সমাপনী অধিবেশনসহ বিষয়ভিত্তিক সাংস্কৃতিক অনুষ্ঠান ও চিত্র প্রদর্শনী থাকবে৷ এ ছাড়া প্রায় ৮২টি বৈজ্ঞানিক প্রবন্ধ উপস্থাপন করা হবে৷ অনুষ্ঠানটি সবার জন্য উন্মুক্ত।
বাপার সহসভাপতি এ এম মুয়াজ্জাম হুসেইনের সভাপতিত্বে সংবাদ সম্মেলনে সংগঠনটির সহসভাপতি নজরুল ইসলাম, বাপার সাধারণ
সম্পাদক মো. আবদুল মতিন, বাপার যুগ্ম সম্পাদক স্থপতি ইকবাল হাবিব ও নির্বাহী সদস্য শহিদুল ইসলাম এবং বেনের বৈশ্বিক সমন্বয়কারী নজরুল ইসলাম বক্তব্য দেন।