উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তার পদ প্রথম শ্রেণীতে উন্নয়নের সুপারিশ
উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তার পদ প্রথম শ্রেণীতে উন্নীত করার সুপারিশ করেছে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটি। মন্ত্রণালয়কে এ বিষয়ে দ্রুততম সময়ে পদক্ষেপ নিতে বলা হয়। বর্তমানে পদটি দ্বিতীয় শ্রেণীর।গতকাল মঙ্গলবার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত কমিটির সভায় এ সুপারিশ করা হয়। কমিটির সভাপতি বেগম মেহের আফরোজের সভাপতিত্বে সভায় মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী শিরীন শারমিন চৌধুরী, মোহাম্মদ সিরাজুল আকবর, জিন্নাতুন নেসা তালুকদার, এম এ মান্নান, সুলতানা তরুণ, হাসিনা আহমেদ ও আসমা জেরীন অংশ নেন। মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব তারিক-উল-ইসলামসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা সভায় উপস্থিত ছিলেন।এ ছাড়া মহিলাবিষয়ক অধিদপ্তরের আওতায় জেলা ও উপজেলা পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীদের কার্যক্রম পরিবীক্ষণের পদ্ধতিও জোরদার করতে মন্ত্রণালয়কে বলা হয়েছে। সভায় গত অর্থবছরে (২০১০-১১) জাতীয় মহিলা সংস্থা কর্তৃক সম্পাদিত কার্যক্রমের প্রতিবেদন উপস্থাপন করা হয় এবং এ নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সভায় মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটির সদস্যরা তিন পার্বত্য জেলাসহ মোট ১১টি পশ্চাৎপদ জেলার শিশুদের প্রাক-প্রাথমিক শিক্ষা প্রকল্পকে (ইএলসিডি) গুরুত্বপূর্ণ আখ্যায়িত করে প্রকল্পের মেয়াদ শেষেও তা অব্যাহত রাখার সুপারিশ করেন।সভায় মহিলা সংস্থার এক বছরের কার্যক্রম জেলা-উপজেলার জনপ্রতিনিধি ও কর্মকর্তাদের উপস্থিতিতে প্রকাশ করার সুপারিশ করা হয়।