‘উপঢৌকন’ দাবির পর পলাশী বাজারে ছাত্রলীগের হানার অভিযোগ
রাজধানীর বুয়েট মার্কেটের (পলাশী বাজার) দোকানিদের কাছে ‘উপঢৌকন’ চাওয়ার অভিযোগ উঠেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সলিমুল্লাহ মুসলিম হল (এস এম হল) শাখা ছাত্রলীগের নতুন কমিটির নেতাদের বিরুদ্ধে।
এ ছাড়া বাজারের দোকান মালিক সমিতির সাবেক এক নেতার কাছ থেকে ‘টাকা খেয়ে’ তাঁর পক্ষে আধিপত্য বিস্তার করতে এস এম হল শাখা ছাত্রলীগের একদল নেতা-কর্মী বাজারে হানা দিয়েছেন বলে অভিযোগ সাধারণ দোকানিদের।
গতকাল বুধবার বিকেলে পলাশী বাজারে এই ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয়। তবে ছাত্রলীগের নেতা-কর্মীরা আবার বাজারে হানা দেওয়ার হুমকি দিয়েছেন বলে অভিযোগ করেছেন একাধিক দোকানি।
পলাশী বাজার এলাকাটি রাজধানীর চকবাজার থানার অধীন। গতকালের ঘটনা সম্পর্কে এই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ফেরদৌস জাহান প্রথম আলোকে বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে দোকানিদের সামান্য বাগ্বিতণ্ডা হয়েছিল। এখন আর কোনো সমস্যা নেই।’
সূত্র জানায়, পলাশী বাজারে এস এম হল শাখা ছাত্রলীগের নেতা-কর্মীদের চাঁদাবাজির বিষয়টি ক্যাম্পাসে ‘ওপেন সিক্রেট’।
এস এম হল শাখা ছাত্রলীগের শীর্ষ নেতারা এই বাজার থেকে কর্মীদের দিয়ে ‘ফাও’ বাজার করানোর পাশাপাশি বিভিন্ন উপলক্ষে দোকানিদের কাছ থেকে টাকা নেন বলে অভিযোগ আছে।
গত মাসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১৮টি হলে ছাত্রলীগের কমিটি ঘোষণা করা হয়। এস এম হল শাখার সভাপতি হয়েছেন তানভীর শিকদার, সাধারণ সম্পাদক মিশাত সরকার।
তানভীর ও মিশাত তিন দিন আগে পলাশী বাজার দোকান মালিক সমিতির দুই নেতাকে বুয়েটের কেন্দ্রীয় মসজিদের সামনে ডেকে নেন বলে অভিযোগ করেন সমিতির সদস্য নুরুজ্জামান মোজাম্মেলের। তিনি গতকাল প্রথম আলোকে বলেন, ‘দোকান মালিক সমিতির নেতা মো. নজরুল ও মো. ওবায়েদ সেখানে যাওয়ার পর তানভীর ও মিশাত তাঁদের বলেছেন, “সিদ্ধান্ত নিন, আপনারা আমাদের কী দেবেন? তাহলে আপনাদের সঙ্গে বসব।” নজরুল ও ওবায়েদ তাঁদের কিছু দেওয়ার প্রতিশ্রুতি দিতে পারেননি। পরে তাঁরা আমাদের ফোন করে বলেন যে বাজারে আমরা দোকানিরা কোনো সভা করতে পারব না।’
গতকাল বিকেলে এস এম হল শাখা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক পক্ষের শতাধিক নেতা-কর্মী পলাশী বাজারে গিয়ে দোকানিদের সঙ্গে মারমুখী আচরণ করেন বলে অভিযোগ মোজাম্মেলের। তিনি বলেন, ‘একপর্যায়ে খবর পেয়ে পুলিশ এলে ছাত্রলীগের নেতা-কর্মীরা চলে যান। তবে তাঁরা আবার বাজারে হানা দেওয়ার হুমকি দিয়েছেন। এ ঘটনার পেছনে বাজারের দোকান মালিক সমিতির সাবেক সাধারণ সম্পাদক মাহবুব আলম কলকাঠি নাড়ছেন।’
বর্তমানে পলাশী বাজার দোকান মালিক সমিতির ৩০ সদস্যের একটি আহ্বায়ক কমিটি রয়েছে। এই কমিটিতে মাহবুব আলম নেই। সমিতির পরবর্তী নির্বাচন নিয়ে আলোচনা আছে। তবে এখন পর্যন্ত নির্বাচনের কোনো তারিখ ঘোষণা করা হয়নি।
পলাশী বাজারের আরেকজন দোকানি নাম প্রকাশ না করার শর্তে প্রথম আলোকে বলেন, ‘বাজারে ঢাকা কলেজের সাবেক ছাত্র মাহবুব আলমের একাধিক দোকান আছে। তাঁর সব কটি দোকানই ভাড়া দেওয়া। তিনি বাজারের দোকান মালিক সমিতির নেতাও হয়েছিলেন। কিন্তু নানা কর্মকাণ্ডের কারণে সাধারণ দোকানিরা তাঁকে পছন্দ করেন না। সামনে সমিতির নির্বাচন হওয়ার কথা আছে। তাই বিভিন্ন পক্ষের লোক ব্যবহার করে তিনি বাজারে আধিপত্য বিস্তার করতে চাইছেন। এরই অংশ হিসেবে এস এম হলের ছাত্রলীগের নতুন কমিটির নেতাদের টাকা দিয়ে তিনি দোকানিদের ওপর নিপীড়ন চালাচ্ছেন।
তবে মাহবুব আলম এসব অভিযোগ অস্বীকার করেছেন। তিনি প্রথম আলোকে বলেন, ‘এ ঘটনার বিষয়ে আমি কিছুই জানি না। তা ছাড়া আমার আর দোকান মালিক সমিতির নির্বাচন করার কোনো চিন্তাভাবনা নেই। কিন্তু কারও কারও ভয় যে আমি আবার নির্বাচন করে সভাপতি-সাধারণ সম্পাদক হয়ে যাই কি না! এ কারণে তাঁরা সবকিছুতেই আমার নাম জড়িয়ে দেন।’
পলাশী বাজারের দোকানিদের কাছে ‘উপঢৌকন’ চাওয়া ও ‘টাকা খেয়ে’ হানা দেওয়ার অভিযোগ অস্বীকার করেছেন এস এম হল শাখা ছাত্রলীগের সভাপতি তানভীর শিকদার। তিনি প্রথম আলোকে বলেন, ‘পলাশী বাজারের ব্যবসায়ীদের মধ্যে দুটি পক্ষ আছে। তাদের মধ্যে অন্তর্কোন্দল আছে। বাজারের সমস্যার সঙ্গে আমাদের কেন জড়ানো হচ্ছে, বুঝতে পারছি না। এস এম হল শাখা ছাত্রলীগের কোনো নেতা-কর্মী পলাশী বাজারে যাননি।’
এসএম হল শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মিশাত সরকার প্রথম আলোকে বলেন, ‘নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র কিনতে শিক্ষার্থীরা পলাশী বাজারে যান। এখন কে কী উদ্দেশ্যে বাজারে গিয়েছেন, সেটি দেখার দায়িত্ব তো আমাদের নয়। দোকানিরা যেসব অভিযোগ করেছেন, তার সবগুলো পুরোপুরি মিথ্যা।’
এ বিষয়ে জানতে চাইলে ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন বলেন, তাঁরা বিষয়টি দেখছেন।