উপলক্ষ বদলায়, তোরণ সরে না

রাজধানীর বিভিন্ন ব্যস্ত সড়কে নানা উপলক্ষে নির্মিত তোরণ এখন অনেকটাই স্থায়ী রূপ নিয়েছে। উপলক্ষ বদলালেও তোরণ সরে না। এতে সংকীর্ণ হয়ে পড়ছে সড়কের প্রশস্ততা। ক্ষমতাসীন দল ও এর অঙ্গসংগঠনের নামে তৈরি এসব তোরণের কারণে বাড়ছে যানজট।
অথচ এ বিষয়ে উদাসীন রাজধানীর যান চলাচল অবাধ করার দায়িত্বে থাকা পুলিশ, সিটি করপোরেশনসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। পুলিশের অপরাধ বিভাগ ও ট্রাফিক বিভাগ তোরণ বিষয়ে পরস্পরের ওপর দায় চাপাচ্ছে। আর ঢাকা সিটি করপোরেশন বলছে, তারা রাজনৈতিক কারণে নিরুপায়।
গত এক সপ্তাহ রাজধানীর ১৩টি এলাকার গুরুত্বপূর্ণ বিভিন্ন সড়ক ঘুরে ২৮টি ছোট-বড় তোরণ পাওয়া গেছে। এগুলোর মধ্যে আওয়ামী লীগের ২০টি, যুবলীগের তিনটি, স্বেচ্ছাসেবক লীগের দুটি এবং দুটি ছাত্রলীগের। স্থানীয় লোকজন বলছে, এসব তোরণের কোনোটি প্রায় চার বছর ধরে, আবার কোনোটি দুই মাস ধরে সড়কে রয়েছে। বিভিন্ন উপলক্ষে শুধু লেখা-ব্যানার বদলে যায়।
স্থায়ী-অস্থায়ী এসব তোরণ নির্মাণের খরচেরও একটি হিসাব পাওয়া গেছে। একাধিক ডেকোরেটর মালিক জানিয়েছেন, ৬০ ফুট প্রস্থের কোনো রাস্তায় ৩০ দিন একটি তোরণ রাখতে খরচ পড়ে প্রায় ৪০ হাজার টাকা। আর এর বেশি দিন রাখতে চাইলে তা দরদাম করে ঠিক করে নিতে হয়।

সরেজমিনে দেখা যায়, মোহাম্মদপুর, শ্যামলী, আগারগাঁও, তালতলা, খামারবাড়ি মোড় এলাকায় ছোট-বড় মিলিয়ে ১৪টি তোরণ রয়েছে।
মোহাম্মদপুর শিয়া মসজিদ থেকে জাপান গার্ডেন সিটির কিছুটা সামনে পর্যন্ত প্রায় ২০০ গজের মধ্যে পাঁচটি তোরণ বসিয়েছেন ৪২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ওমর ফারুক। মোহাম্মদপুর, শ্যামলী, আগারগাঁও এলাকার তোরণগুলোতে বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানকের সৌজন্যে বলে লেখা হয়েছে। উপলক্ষগুলোর মধ্যে রয়েছে ঈদ শুভেচ্ছা ও জাতীয় শোক দিবস। ওমর ফারুকের দাবি, তোরণগুলোর ব্যাপারে জাহাঙ্গীর কবির অবগত আছেন।
জানতে চাইলে মুঠোফোনে জাহাঙ্গীর কবির নানক প্রথম আলোকে বলেন, ‘আমার নাম-ছবি দিয়ে এ ধরনের তোরণ নির্মাণ নিষেধ আছে। মানুষকে মেসেজ দেওয়ার জন্য এসব নির্মাণ করা হয়ে থাকে। কিন্তু তাঁদেরই যদি অসুবিধা হয় তাহলে তা নির্মাণ করতে হবে কেন?’ তিনি এ ব্যাপারে সিটি করপোরেশনকে দৃঢ় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান। এলাকার সাংসদ হিসেবেও তিনি ব্যবস্থা নেবেন বলে আশ্বাস দেন।
মোহাম্মদপুর বাসস্ট্যান্ডে জাতীয় শোক দিবস উপলক্ষে নির্মিত তোরণের ব্যানারে লেখা: প্রচারে ৩৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি এ কে এম অহিদুর রহমান। আর সৌজন্যে: জাহাঙ্গীর কবির নানক। তিনটি সড়কের সংযোগস্থলে নির্মিত তোরণটির একটি অংশ সড়কের মাঝে পড়েছে। তিন দিক দিয়ে আসা যানবাহনগুলোকে রাস্তায় ঢুকতে বেশ বেগ পেতে হচ্ছে।
নাম প্রকাশ না করার শর্তে মোহাম্মদপুর বাসস্ট্যান্ডে দায়িত্বরত ট্রাফিক কনস্টেবল বলেন, ‘জ্যাম লাগে। লাগলেও কী করন যাইব। লাগাইসে অনেক দিন হইল। কবে খুলব তারও ঠিক নাই। সরকারি দলের তো অনুমতি লাগে না।’
আগারগাঁও তালতলা বাসস্ট্যান্ডে শোক দিবস উপলক্ষে তোরণ বসিয়েছেন শেরেবাংলা নগর থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম। সড়কের দুই পাশজুড়ে বিশাল তোরণটি নির্মাণ করতে পাঁচটি খুঁটি ব্যবহার করা হয়েছে। যার মধ্যে দুটি খুঁটি সড়কের মাঝামাঝি পড়ায় যান চলাচল বিঘ্নিত হচ্ছে। এই রাস্তায় চলাচলকারী মিরপুর-১২ থেকে সদরঘাটগামী ইটিসি পরিবহনের চালক মো. রতন জানালেন, ‘রাস্তা চিপা বানায় ফেলছে। কয়েক দিন ধইরা লাগাইছে। এই জায়গা পার হইতেই সময় লাগে। সন্ধ্যার দিকে জ্যাম ছুটতে চায় না।’
পলাশীর মোড়ে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) অস্থায়ী বাজারের সামনে একটি তোরণ শোভা পাচ্ছে। মোড়ের কয়েকজন দোকানদারের সঙ্গে কথা বলে জানা যায়, এ তোরণটি প্রায় চার বছর ধরে এখানে আছে। এটি দেড় বছর আগে একবার ভেঙে পড়েছিল। ক্ষমতাসীন দলের নিজস্ব তোরণে পরিণত হয়েছে। বিভিন্ন উপলক্ষে দলের নেতারা তাঁদের নামেই ব্যানার ও লেখা পরিবর্তন করেন। বর্তমানে সেখানে ২৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মতিউর রহমানের নামে একটি ব্যানার আছে।
গতকাল রোববার পলাশী মোড়ে গিয়ে দেখা যায়, তোরণটি আবারও প্রায় ভেঙে পড়ার উপক্রম হয়েছে।
এ ছাড়া আজিমপুর বাসস্ট্যান্ডের চৌরাস্তার প্রতিটিতেই ক্ষমতাসীন দলের নেতাদের নামের ব্যানারে একটি করে তোরণ দেখা গেছে। তার মধ্যে দুটিতে ২১ আগস্টের গ্রেনেড হামলার বিচারের দাবিতে, বাকি দুটোতে শোক দিবস এবং ঈদের শুভেচ্ছা।
রাজধানীর ব্যস্ত মোড়গুলোর একটি খামারবাড়ি মোড়। গত মাসের ২৭ জুলাই ছিল স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাবার্ষিকী। প্রতিষ্ঠাবার্ষিকীর প্রায় মাস খানেক আগেই খামারবাড়ি মোড়ে রাস্তা দখল করে তোরণ বসিয়েছিলেন শেরেবাংলা নগর থানা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক মাশফিকুর রহমান।
তারপর পবিত্র ঈদুল ফিতর এবং ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে শুধু লেখা পরিবর্তন করেছেন। তোরণে মাশফিকুর নিজের ছবি ছাড়াও ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোবাশ্বের চৌধুরী ও সাধারণ সম্পাদক ফরিদুর রহমান খানের ছবি ব্যবহার করেছেন। গত সোমবার মাশফিকুর প্রথম আলোকে বলেন, ‘আগস্ট মাস যাক সরিয়ে ফেলব।’
রাজধানীর দৈনিক বাংলা মোড়ে ঢাকা মহানগর যুবলীগ দক্ষিণের যুগ্ম সাধারণ সম্পাদক এ কে এম মমিনুল হকের বসানো তোরণটি স্থায়ী হয়ে গেছে। গত মঙ্গলবার দেখা যায়, ঈদের শুভেচ্ছা এবং জাতীয় শোক দিবসের বাণী পাশাপাশি লাগানো।
মেরুল বাড্ডা এলাকায় স্থানীয় সাংসদ এ কে এম রহমত উল্লাহর নামে তোরণ বসিয়েছেন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের বাড্ডা থানার সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন।
গত মাসের ২৮ তারিখে প্রথম আলোতে ‘ব্যস্ত সড়কে স্বেচ্ছাসেবক লীগের তোরণ, যান চলাচলে দুর্ভোগ’ শিরোনামে খামারবাড়ি মোড়ের তোরণটি নিয়ে সংবাদ প্রকাশিত হলেও কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা নেয়নি।
তোরণগুলোর ব্যাপারে পুলিশের অপরাধ বিভাগের তেজগাঁও জোনের উপ-কমিশনার বিপ্লব কুমার সরকার বলেন, তোরণ নির্মাণের অনুমতি এবং অবৈধ তোরণ ভাঙার দায়িত্ব পুলিশের ট্রাফিক বিভাগের।
তবে ট্রাফিক পশ্চিম জোনের উপ-কমিশনার জয়দেব ভদ্র বলেন, ট্রাফিক বিভাগের দায়িত্ব শুধু যান চলাচল নিয়ন্ত্রণ করা।
তোরণগুলো ভেঙে ফেলার ব্যাপারে ঢাকা উত্তর সিটি করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলাম বলেন, রাজনৈতিক কারণে এগুলো ভাঙা যায় না। স্থানীয় নেতারা সহায়তা করলে জনগণের চলাচলে বিঘ্ন ঘটানো এসব তোরণ ভেঙে ফেলা যাবে।