উপশহর গড়ে তুলে নিম্নবিত্তদের আবাসন সমস্যার সমাধান সম্ভব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীসহ বড় শহরগুলোর চারদিকে উপশহর গড়ে তুলে নিম্নবিত্তদের আবাসন সমস্যা সমাধানের আহ্বান জানিয়েছেন আবাসন ব্যবসায়ীরা। তাঁরা বলছেন, এই উপশহর হতে পারে সরকারি ও বেসরকারি যৌথ উদ্যোগে।গতকাল শনিবার রাজধানীর গুলশান এভিনিউয়ের ‘রেডিয়াস সেন্টারে’ আয়োজিত এক গোলটেবিল বৈঠকে আবাসন ব্যবসায়ীরা এই আহ্বান জানান। বেসরকারি আবাসন ব্যবসায়ীদের সংগঠন রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব) এবং বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম যৌথভাবে এর আয়োজন করে। বৈঠকে বলা হয়, বেসরকারি আবাসন ব্যবসায়ীদের সঙ্গে নিয়ে সরকার বিভিন্ন প্রকল্প হাতে নিতে পারে। মানুষ যাতে তার মৌলিক অধিকার বাসস্থান থেকে বঞ্চিত না হয়, সে জন্য সরকারকে ভর্তুকি দিতে হবে এবং আবাসন খাতের গতিশীলতা ফিরিয়ে আনতে অপ্রদর্শিত অর্থকে এই খাতে আসার সুযোগ দিতে হবে। গত বাজেটে সুযোগটি তুলে নেওয়া হয়।সভাপতির বক্তব্যে রিহ্যাবের সভাপতি নসরুল হামিদ বলেন, রাজধানীতে জমির দাম অত্যধিক চড়া বলে নিম্ন ও মধ্যবিত্ত মানুষের আবাসনের ব্যবস্থা করা প্রায় অসম্ভব। তাই কম দামে জমি পেতে শহরের বাইরে যাওয়া উচিত।একই ধরনের অভিমত দিয়ে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক সুধীর চন্দ্র দাস বলেন, জমির চড়া দামের সমস্যার প্রধান সমাধান হচ্ছে শহরের সীমানা বাড়ানো।জমির সদ্ব্যবহারের জন্য প্লটের বদলে ফ্ল্যাটের ওপর জোর দেন রিহ্যাবের সদস্য অধ্যাপক আবু ইউসুফ মো. আবদুল্লাহ। তিনি বলেন, তিন থেকে পাঁচ কাঠার প্লট বিক্রি করা দেশের অর্থনীতির জন্য মারাত্মক ক্ষতিকর। এই প্লট একসময় বিপর্যয় বয়ে আনবে। রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) বোর্ড সদস্য (পরিকল্পনা) শেখ আবদুল মান্নান বলেন, রাজউক বর্তমানে উত্তরা অ্যাপার্টমেন্ট প্রকল্প বাস্তবায়ন করছে। এখানে বেসরকারি প্রতিষ্ঠানকেও সুযোগ দেওয়া হয়েছে।বৈঠকে রিহ্যাবের যুগ্ম সম্পাদক মেজর (অব.) জামশেদ হাসান এবং অন্য কয়েকজন সদস্যও বক্তব্য দেন।