উপাচার্য দপ্তরের সামনে শিক্ষক সমিতির ধর্মঘট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পরিবহন ও আবাসন-সংকট নিরসনের দাবিতে গতকাল রোববার উপাচার্যের দপ্তরের সামনে অবস্থান ধর্মঘট পালন করেছে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি।প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল সকাল আটটার দিকে শিক্ষকদের একটি বাস মোহাম্মদপুর থেকে বিশ্ববিদ্যালয়ে আসার পথে আট থেকে ১০ বার নষ্ট হয়। এতে শিক্ষকেরা ক্ষুব্ধ হয়ে সকাল নয়টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের দ্বিতীয় তলায় উপাচার্যের দপ্তরের সামনে অবস্থান নেন। সেখানে প্রায় এক ঘণ্টা ধর্মঘট পালন করেন তাঁরা। পরে সকাল ১০টার দিকে শিক্ষকদের নিয়ে আলোচনায় বসেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মেসবাহউদ্দিন আহমেদ। সভায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের আবাসিক ব্যবস্থা, পরিবহন-সংকট ও অন্যান্য দাবি উপস্থাপন করেন শিক্ষক সমিতির সদস্যরা।আলোচনা সভা শেষে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি মো. সেলিম সাংবাদিকদের বলেন, আগামী ডিসেম্বরের মধ্যে পরিবহন সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন উপাচার্য। এর আগেও উপাচার্য এমন আশ্বাস দিয়েছেন, কিন্তু তার একটিও বাস্তবায়ন করা হয়নি। তাঁর এমন আশ্বাস মানতে নারাজ শিক্ষকেরা। তাই শিক্ষক সমিতি পরে আলোচনা করে নতুন কর্মসূচি দেবে বলে জানান তিনি।মো. সেলিম অভিযোগ করে বলেন, বর্তমান উপাচার্যের আমলে গত সাড়ে তিন বছরে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কোনো উন্নয়নমূলক কাজ হয়নি। শিক্ষার্থীদের আবাসিক একটি হল উদ্ধার হওয়ার এক বছর পরও তার আইনগত জটিলতা কাটাতে পারেনি প্রশাসন।বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অশোক কুমার সাহা প্রথম আলোকে বলেন, শিক্ষকদের বিভিন্ন দাবি নিয়ে উপাচার্যের সঙ্গে সাক্ষাৎ করেছে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি।