সিনেটের মাধ্যমে উপাচার্য নির্বাচন নিশ্চিতসহ সাত দফা দাবিতে স্মারকলিপি দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিএনপি-জামায়াত সমর্থিত শিক্ষকদের সাদা দল। গতকাল দুপুর সাড়ে ১২টায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে তাঁরা এই স্মারকলিপি দেন। উপাচার্য দেশে না থাকায় কোষাধ্যক্ষকে এই স্মারকলিপি দেওয়া হয়। উপাচার্য নির্বাচন ছাড়া সাদা দলের শিক্ষকদের অন্যান্য দাবি হচ্ছে, ফর্মেসি অনুষদের ডিন নির্বাচনের তফসিল ঘোষণা করা ও নির্বাচনের আগে সব ধরনের নিয়োগ বন্ধ রাখা, বিশ্ববিদ্যালয়ের ১৭টি হলের কমপক্ষে এক-তৃতীয়াংশ হলে সাদা দলের মনোনীত প্রাধ্যক্ষ নিয়োগ, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী নিয়োগে দলীয় সংকীর্ণতা পরিহার করে মেধা ও যোগ্যতার মূল্যায়ন, সাদা দল সমর্থিত শিক্ষকদের প্রতি অন্যায় আচরণ পরিহার করে সময়মতো পদোন্নতি ও অন্যান্য সুযোগ-সুবিধা নিশ্চিত করা, শিক্ষাছুটিসহ সব ধরনের ছুটির হয়রানি বন্ধ করা এবং প্রচলিত নিয়ম সমভাবে প্রয়োগ করা এবং হল ও ক্যাম্পাসে বিভিন্ন মতাবলম্বী ছাত্রদের সহাবস্থান নিশ্চিত করা। স্মারকলিপি দেওয়ার আগে সাদা দলের শিক্ষকেরা অপরাজেয় বাংলার পাদদেশে মিলিত হন। পরে দলের আহ্বায়ক সদরুল আমিনের নেতৃত্বে স্মারকলিপি দিতে যান তাঁরা।স্মরকলিপিতে সাদা দলের শিক্ষকেরা বলেন, দীর্ঘ আড়াই বছর পেরিয়ে গেলেও সিনেটের মাধ্যমে উপাচার্য নির্বাচন করা হয়নি। এ অবস্থায় ১৯৭৩-এর অধ্যাদেশ সমুন্নত রাখার স্বার্থে অবিলম্বে বিশ্ববিদ্যালয়ে সিনেটের মাধ্যমে ভাইস চ্যান্সেলর নির্বাচনের ব্যবস্থা করতে হবে।