উপাচার্যকে হুমকি এবং উপ-রেজিস্ট্রারসহ চার কর্মকর্তা-কর্মচারীকে মারধরের ঘটনায় গতকাল বুধবার সকাল নয়টা থেকে বেলা ১১টা পর্যন্ত কর্মবিরতি পালন করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীরা। ঘটনার সুষ্ঠু তদন্তে বিজ্ঞান অনুষদের ডিন হাসনা হেনা বেগমকে আহ্বায়ক করে সাত সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।গতকাল সকাল ১০টায় উপাচার্যের কক্ষে আয়োজিত জরুরি সভায় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার, ডিন, বিভিন্ন বিভাগের চেয়ারম্যান এবং শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীরা এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেন। তাঁরা হামলার সঙ্গে জড়িত ছাত্রলীগ বিশ্ববিদ্যালয় শাখার নেতা-কর্মীদের শাস্তি দাবি করেন।গত মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রলীগের আহ্বায়ক সাইফুল ইসলাম আকন্দ, যুগ্ম আহ্বায়ক তৌফিকল ইসলাম ও রফিকুল ইসলামসহ কয়েকজন নেতা-কর্মী তাঁদের পছন্দের প্রার্থীকে বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগে শিক্ষক হিসেবে চাকরি দেওয়ার জন্য উপাচার্যের কাছে অনুরোধ জানান। উপাচার্য মেসবাহউদ্দিন আহমেদ ওই অনুরোধ রাখতে অসম্মতি জানালে তাঁরা উপাচার্যকে হুমকি দেন এবং উপ-রেজিস্ট্রার শেখ রেজাউল করিমসহ চার কর্মকর্তা-কর্মচারীকে মারধর করেন।নাম প্রকাশে আনিচ্ছুক কয়েকজন কর্মকর্তা-কর্মচারী প্রথম আলোকে বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন যদি এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার করতে না পারে, তাহলে লাগাতার কর্মসূচি পালন করা হবে বলেও তাঁরা জানান। এর আগে ২০১০ সালের মার্চ মাসে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শাখা কর্মকর্তা পদে পছন্দের প্রার্থী নিয়োগ না দেওয়ায় ছাত্রলীগের কর্মীরা উপাচার্য কার্যালয়ের অফিস সহকারী মোহাম্মদ জামাল হোসেনকে বেধড়ক মারধর করেন। ওই ঘটনারও শেষ পর্যন্ত বিচার হয়নি।