উপাচার্যের কাছে প্রাধ্যক্ষের অব্যাহতি দাবি ছাত্রীদের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নয় ঘণ্টার বেশি সময় অবস্থান করার পর গত শনিবার রাত সাড়ে নয়টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সঙ্গে দেখা করেছেন কবি সুফিয়া কামাল হলের ছাত্রীরা। এ সময় তাঁরা নিজেদের সাতটি দাবি তুলে ধরে প্রাধ্যক্ষের অব্যাহতি দাবি করেন।
ছাত্রীরা উপাচার্যের কাছে একটি লিখিত আবেদন জমা দেন। তাঁদের দাবিগুলো হলো সিট বরাদ্দে অব্যবস্থাপনা, বিনা নোটিশে ছাত্রীদের বৈধ সিট বাতিল করার হুমকি, বৈধ সিটে জোর করে দখলের অপচেষ্টা ও দুর্ব্যবহার, প্রশাসনিক ভবন, রিডিং রুম ও টিভিরুমকে গণরুম হিসেবে ব্যবহার, দুর্বল নিরাপত্তাব্যবস্থা এবং খাবারের মূল্য ও মানে অসামঞ্জস্য।
আবেদনে বলা হয়, এসব সমস্যা সম্পর্কে প্রাধ্যক্ষকে বারবার অবহিত করা সত্ত্বেও কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। প্রাধ্যক্ষ তাঁর দায়িত্ব যথাযথভাবে পালন না করায় সাধারণ ছাত্রীরা এর ভুক্তভোগী। এমন অবস্থায় উপাচার্যের কাছে আবেদন, তিনি যেন প্রাধ্যক্ষকে তাঁর দায়িত্ব থেকে অব্যাহতি দেন।
ছাত্রীরা বলেন, মূলত রাজনৈতিকভাবে হলে ওঠা ছাত্রীদের সুবিধা দেওয়া এবং তাঁদের হাতে প্রশাসনিকভাবে ওঠা ছাত্রীদের হয়রানির ব্যাপারে ব্যবস্থা না নেওয়ায় তাঁরা উপাচার্যের কাছে অভিযোগ করেছেন। উপাচার্য প্রাধ্যক্ষের সামনেই তাঁদের কথা শোনেন। প্রাধ্যক্ষ বিভিন্ন বিষয়ে তাঁর বক্তব্য দেন। পরে উপাচার্য ছাত্রীদের এই আবেদন বিবেচনা করে দেখবেন বলে জানান।
একাধিক ছাত্রী নাম প্রকাশ না করার শর্তে বলেন, গত শুক্রবার রাতে ছাত্রলীগের নেত্রীরা এক ছাত্রীর কক্ষ পরিবর্তন করে দেন। একজন আবাসিক শিক্ষক এর বিরোধিতা করলে তাঁর সঙ্গে ছাত্রলীগের নেত্রীরা খারাপ আচরণ করেন। পরে বিচার চাইতে গেলে প্রাধ্যক্ষ ওই শিক্ষককে কক্ষ পরিদর্শন ও আসন বরাদ্দের দায়িত্ব থেকে অব্যাহতি দেন। এসব জানানোর জন্য শনিবার দুপুর ১২টা থেকে হলের ৩৫ থেকে ৪০ জন ছাত্রী রাত সাড়ে নয়টা পর্যন্ত উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান করেন।
অভিযোগ সম্পর্কে জানতে চাইলে কবি সুফিয়া কামাল হলের প্রাধ্যক্ষ নীলুফার নাহার বলেন, রাজনৈতিকভাবে মেয়েরা কিছুসংখ্যক ছাত্রীকে হলে তুলেছে। কিন্তু হলের একজন আবাসিক শিক্ষক হয়ে নিয়মের ব্যত্যয় ঘটিয়ে ছাত্রী ওঠানোয় তাঁকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। হলের অন্যান্য অব্যবস্থাপনার অভিযোগ সম্পর্কে তিনি বলেন, হলের ছাত্রীরা সব সুযোগ-সুবিধা পাচ্ছে। হলে আসন-সংকট তীব্র। এটা সমাধানে যারা হলে সিট পেয়েও থাকে না, এমন কিছু আসন খুঁজে সেখানে ছাত্রীদের তোলার ব্যবস্থা করা হয়েছে। এতে হয়তোবা কাউকে কটু কথা বলা হয়ে থাকতে পারে। কিন্তু এটা সবার স্বার্থে।