পৃথিবীর সবচেয়ে উঁচু জাতের গাছের নাম রেড উড। প্রধানত উত্তর আমেরিকার ক্যালিফোর্নিয়া অঞ্চলে এসব গাছ দেখা যায়। এরই একটি চারা স্থান পেয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবনে। গতকাল বুধবার এক অনুষ্ঠানের মধ্য দিয়ে গাছটি তাঁর বাসভবন প্রাঙ্গণে রোপণ করা হয়।পরিণত বয়সে রেড উড গাছ ১০০ মিটার উচ্চতা ছাড়িয়ে যায়। এ গাছের গড় আয়ু এক হাজার বছর।জানা যায়, বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের অবসরপ্রাপ্ত প্রকৌশলী লুৎফুল আনাম ২০০৯ সালে গিয়েছিলেন আমেরিকায়। সেখান থেকেই তিনি গাছটি সংগ্রহ করেন। লুৎফুল আনাম প্রথম আলোকে বলেন, আমেরিকার সানফ্রান্সিসকোর কাছাকাছি স্থানে রেড উড গাছের একটি জাতীয় উদ্যান রয়েছে। সেখানে বেড়াতে গেলে আমেরিকায় অবস্থানরত তাঁর মেয়ের জামাই সেখানকার স্যুভেনির শপ থেকে তাঁকে গাছটি কিনে দেন। এরপর সেখান থেকে এনে নিজ বাসায় একটি ছোট্ট টবে গাছটি লাগান। তখন এর উচ্চতা ছিল মাত্র সাত ইঞ্চি। বছর ঘুরতে না ঘুরতেই তা ২৯ ইঞ্চি হয়।লুৎফুল আনাম বলেন, ‘গাছটি বড় হওয়ার সঙ্গে সঙ্গে এটি কোথায় রোপণ করা যায়, তা নিয়ে ভাবতে থাকি। এরপর মোকারম হোসেনের মাধ্যমে পরিচয় হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবরিকালচারের পরিচালক অধ্যাপক হাদিউজ্জামানের সঙ্গে। গত মে মাসে তাঁর কাছে চারাটি হস্তান্তর করি।’উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক বলেন, এ চারাটি রোপণের মধ্য দিয়ে বিশ্ববিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। কাজী নজরুল ইসলামের সমাধি প্রাঙ্গণে সুপারির চারা রোপণ করা হয়েছে।