উপাচার্যের ব্যক্তিগত কর্মকর্তাকে শোকজ করলেন সহ-উপাচার্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের ব্যক্তিগত কর্মকর্তা সিদ্দিকুর রহমানকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছেন সহ-উপাচার্য। প্রধানমন্ত্রীর সঙ্গে উপাচার্যদের আলোচনার বিষয়টি নিজ উদ্যোগে সহ-উপাচার্যকে না জানানোর কারণে তাঁকে এ নোটিশ দেওয়া হয়।একই সঙ্গে দায়িত্বে অবহেলা ও সময়মতো অফিসে না আসার কারণে সহ-উপাচার্য হারুন-অর-রশিদের নির্দেশে ৩৮ কর্মকর্তা-কর্মচারীকে চিঠি দিয়েছে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের দপ্তর।বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক ২৯ এপ্রিল থেকে বিশ্ববিদ্যালয়ের কাজে দেশের বাইরে ছিলেন। তাঁর অনুপস্থিতিতে ২৯ এপ্রিল থেকে ২ মে পর্যন্ত ভারপ্রাপ্ত উপাচার্যের দায়িত্বে ছিলেন সহ-উপাচার্য হারুন-অর-রশিদ। ২ মে প্রধানমন্ত্রীর সঙ্গে পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের একটি বৈঠক ছিল। কিন্তু উপাচার্যদেশে না থাকায় সহ-উপাচার্য হারুন-অর-রশিদ ভারপ্রাপ্ত উপাচার্য হিসেবে ওই বৈঠকে যেতে চেয়েছিলেন। কিন্তু প্রধানমন্ত্রীর সঙ্গে নির্ধারিত ব্যক্তির বাইরে অন্য কারও দেখা করার সুযোগ নেই বলে সহ-উপাচার্য সেখানে যেতে পারেননি। এ কারণেই ক্ষুব্ধ হন তিনি।রেজিস্ট্রার দপ্তর সূত্র জানায়, প্রধানমন্ত্রীর সঙ্গে বিশ্ববিদ্যালয় পরিষদের আলোচনায় উপাচার্যদের উপস্থিত থাকার কথা। কিন্তু এ ব্যাপারে কোনো চিঠি না পাঠানোয় উপাচার্যের অনুপস্থিতিতে কে আলোচনায় উপস্থিত থাকবেন, সে ব্যাপারে ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়।সহ-উপাচার্য হারুন-অর-রশিদ প্রথম আলোকে বলেন, ‘প্রধানমন্ত্রীর সঙ্গে পাবলিক বিশ্ববিদ্যালয়ের আলোচনায় উপাচার্যের অনুপস্থিতিতে আমার যাওয়ার কথা ছিল। কিন্তু ডেপুটি রেজিস্ট্রার ও উপাচার্যের ব্যক্তিগত কর্মকর্তা কোনো কিছু জানাননি।’