জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সঙ্গে অশোভন আচরণ করায় সাত শিক্ষককে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। তাঁদের ১০ দিনের মধ্যে নোটিশের জবাব দিতে বলা হয়েছে।জানা গেছে, পদোন্নতি না পাওয়ায় ক্ষুব্ধ হয়ে ওই শিক্ষকেরা এ ঘটনা ঘটান। অভিযুক্ত শিক্ষকদের বেশ কয়েকজন আওয়ামীপন্থী শিক্ষকদের সংগঠন নীল দলের সঙ্গে যুক্ত।নোটিশ পাওয়া শিক্ষকেরা অভিযোগ করেন, যোগ্যতা থাকা সত্ত্বেও রাজনৈতিক বিবেচনায় তাঁদের পদোন্নতি দেওয়া হয়নি। জামায়াত ও বিএনপিপন্থী শিক্ষকেরা ষড়যন্ত্র করে এ কাজ করেছেন।নোটিশ পাওয়া শিক্ষকেরা হলেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ও বিশ্ববিদ্যালয়ের ছাত্র কল্যাণ পরিচালক এস এম আনোয়ারা বেগম, মনোবিজ্ঞানের সহযোগী অধ্যাপক কাজী সাইফুদ্দিন ও সহকারী অধ্যাপক অশোক কুমার সাহা, দর্শন বিভাগের সহযোগী অধ্যাপক মো. নূরুল মোমেন, পদার্থবিজ্ঞানের সহযোগী অধ্যাপক দীপিকা রানী সরকার ও প্রভাষক গোলাম মোস্তফা এবং প্রাণিবিদ্যার সহযোগী অধ্যাপক মোহাম্মদ সাইফুল ইসলাম। এর মধ্যে ছাত্র কল্যাণ পরিচালককে তাঁর পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। সংশ্লিষ্ট একাধিক সূত্র জানায়, গত বুধবার দুপুর সাড়ে ১২টায় বিশ্ববিদ্যালয়ের ওই সাত শিক্ষক তাঁদের পদোন্নতির বিষয়ে জানার জন্য উপাচার্যের কার্যালয়ে যান। এ সময় উপাচার্য মেসবাহউদ্দিন আহমেদ তাঁদের পদোন্নতির বিষয়ে নেতিবাচক মনোভাব দেখান। এতে ক্ষুব্ধ হয়ে ওই শিক্ষকেরা উপাচার্যের সঙ্গে অশোভন আচরণ করেন। এ ঘটনা জানতে পেরে কোষাধ্যক্ষ শওকত জাহাঙ্গীর ঘটনাস্থলে উপস্থিত হলে তাঁর সঙ্গেও শিক্ষকদের বাগিবতণ্ডা হয়।প্রশাসন সূত্র জানায়, এ ঘটনার পর ওই দিন বিকেলে অনুষ্ঠিত সিন্ডিকেট সভায় বিশ্ববিদ্যালয় আইনের ৪৪(৬) উপধারা অনুযায়ী ওই সাত শিক্ষককে কারণ দর্শানোর নোটিশ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। গতকাল বৃহস্পতিবার রেজিস্ট্রার মো. ওহিদুজ্জামান স্বাক্ষরিত নোটিশ অভিযুক্ত শিক্ষকদের হাতে পৌঁছায়। চিঠিতে ১০ দিনের মধ্যে ওই শিক্ষকদের বিরুদ্ধে কেন শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না, তা জানাতে বলা হয়েছে। গতকাল উপাচার্য ও কোষাধক্ষের সঙ্গে অসৌজন্যমূলক আচরণের প্রতিবাদে শতাধিক শিক্ষক প্রথমে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে এবং পরে নতুন কলাভবনে বৈঠক করেন। দ্বিতীয় দফা বৈঠকে ওই সাত শিক্ষক ঢুকতে গেলে অন্য শিক্ষকেরা বাধা দেন। এ সময় উভয় পক্ষের মধ্যে বাগিবতণ্ডা হয়।নোটিশ পাওয়া শিক্ষক কাজী সাইফুদ্দিন প্রথম আলোকে বলেন, ‘আমরা ন্যায্য দাবি নিয়েই উপাচার্যের কাছে গিয়েছিলাম। কিন্তু তিনি আমাদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেন। আমরা তাঁর সঙ্গে কোনো ধরনের অশোভন আচরণ করিনি।’উপাচার্য মেসবাহউদ্দিন আহমেদ প্রথম আলোকে বলেন, ওই শিক্ষকেরা অশোভন আচরণ করায় সিন্ডিকেট কারণ দর্শানোর নোটিশ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। তাঁদের জবাব পাওয়ার পর তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। পদোন্নতির বিষয়ে কোনো অনিয়ম হয়নি বলেও উপাচার্য দাবি করেন।