উপাচার্যের সঙ্গে দেখা করতে তালিকা দিয়েছে ছাত্রদল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয়তাবাদী ছাত্রদলের নবগঠিত কেন্দ্রীয় ও ঢাকা বিশ্ববিদ্যালয় কমিটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিকের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের কাছে তালিকা পাঠিয়েছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের নির্দেশ অনুযায়ী, গতকাল রোববার এ তালিকা পাঠানো হয়। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাঁদের সঙ্গে বৈরী আচরণ করছে বলে দাবি করেছেন নবগঠিত কমিটির নেতারা। ৪ সেপ্টেম্বর মধ্যরাতে চল্লিশোর্ধ, অছাত্র ও বিবাহিতদের দিয়ে ছাত্রদলের কেন্দ্রীয় ও ঢাকা বিশ্ববিদ্যালয় কমিটি ঘোষণা করা হয়। পরদিন বেলা ১১টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সঙ্গে দেখা করার কথা ছিল নবগঠিত কমিটির নেতাদের। কিন্তু ওই দিন ক্যাম্পাসে ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির বিক্ষোভ-মিছিল ও সমাবেশ থাকায় উপাচার্য সাক্ষাতের সময় বাতিল করেন। এ ঘটনার পরিপ্রেক্ষিতে ৬ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সব ছাত্র সংগঠনের সহাবস্থানের দাবি জানান বিএনপি-জামায়াতপন্থী সাদা দলের শিক্ষকেরা। ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি আবদুল কাদের ভুঁইয়া প্রথম আলোকে বলেন, সৌজন্য সাক্ষাতে যাঁরা যাবেন, তাঁদের একটি তালিকা প্রক্টরের কার্যালয়ে দেওয়ার জন্য বলেছিলেন উপাচার্য। এখন পর্যন্ত কেন্দ্রীয় ও ঢাকা বিশ্ববিদ্যালয় কমিটির ১০ জন নেতার নাম ঘোষণা করা হওয়ায় তাঁদেরই একটি তালিকা পাঠানো হয়েছে। তিনি বলেন, ‘যেহেতু আমরা একটি বড় ছাত্র সংগঠনের প্রতিনিধিত্ব করি, তাই আমাদের সঙ্গে অনেকেই যাবে। তবে সংগঠনের প্রতিনিধি হিসেবে এই ১০ জনই উপাচার্যের সঙ্গে দেখা করবেন।’ গতকাল বেলা পৌনে দুইটার দিকে ছাত্রদলের কেন্দ্রীয় ও বিশ্ববিদ্যালয় কমিটির ১০ জনের একটি তালিকা প্রক্টরের কার্যালয়ে পাঠানো হয়। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তালিকা চাওয়ার বিষয়টি নিয়ে ছাত্রদলের নেতাদের মধ্যে প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। তাঁরা বলছেন, ক্ষমতাসীন দলের ছাত্র সংগঠন ছাত্রলীগেরই অনেক নেতা অছাত্র। কিন্তু উপাচার্যের সঙ্গে দেখা করতে তাঁদের তালিকা চাওয়া হয় না। যেকোনো সময় তাঁরা দেখা করতে পারেন। তাঁরা একে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের বৈরী আচরণ হিসেবে দেখছেন। ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মহিদুল ইসলাম প্রথম আলোকে বলেন, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বৈরী আচরণ করেছে, এটা স্পষ্ট।ভারপ্রাপ্ত প্রক্টর আমজাদ আলী প্রথম আলোকে বলেন, ১০ জনের তালিকা পেয়েছেন। তিনি বলেন, ‘কারা দেখা করতে আসছে, তা কর্তৃপক্ষের জানা থাকল।’ আগে কখনো তালিকা চাওয়া হয়েছিল কি না, জানতে চাইলে তিনি বলেন, ‘আমার যতদূর মনে পড়ে, টুকুর (সদ্য বিদায়ী ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু) নেতৃত্বাধীন কমিটি যখন দেখা করতে চেয়েছিল, তখনো তালিকা চাওয়া হয়েছিল।