উৎপাদন বাড়াতে আধুনিক কৃষি প্রযুক্তি ব্যবহার করতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কৃষিতে সর্বাধুনিক প্রযুক্তি ব্যবহার করে সর্বোচ্চ ফলন ফলাতে হবে। খাদ্যনিরাপত্তার জন্য আগামী দিনের কৃষিকে প্রযুক্তিনির্ভর করে গড়ে তুলতে হবে। গতকাল রোববার শুরু হওয়া দ্বিতীয় এগ্রো মেলা বাংলাদেশ ২০১১-এর উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেছেন। রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত মেলার উদ্বোধন করেন মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাস। ১২টি দেশের ১২০ প্রতিষ্ঠান ২৪০টি স্টলে তাদের কৃষিপণ্য ও সেবার নমুনা প্রদর্শন করছে। সারা দেশ থেকে কৃষক, কৃষিপণ্যের ব্যবসায়ী ও উদ্যোক্তারা মেলায় অংশ নিচ্ছেন। মেলার মূল বক্তব্য হচ্ছে, ‘আগামী দিনের কৃষি’।উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর একান্ত সচিব এম নজরুল ইসলাম খান, কৃষি মন্ত্রণালয়ের বীজ শাখার মহাপরিচালক আনোয়ার ফারুক এবং কৃষি মন্ত্রণালয়ের কৃষি তথ্য সার্ভিসের পরিচালক নজরুল ইসলাম। মেলার সহযোগী ইস্টার্ন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আলী রেজা ইফতেখার বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। প্রধান অতিথি মন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাস বলেন, সরকার দেশের কৃষি উন্নয়নের লক্ষ্যে নিরলস কাজ করে যাচ্ছে। এ মেলা আয়োজনের মাধ্যমে দেশের কৃষিক্ষেত্রে নতুন নতুন কৃষিপ্রযুক্তি সম্পর্কে কৃষক ও উদ্যোক্তারা ধারণা পাবেন। জৈব সার ও রাসায়নিক, কৃষিযন্ত্র, বীজসহ বিভিন্ন কৃষিপ্রযুক্তি ও সেবা সরবরাহকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিদের মেলায় অংশগ্রহণকারীদের তাঁদের পণ্য সম্পর্কে ধারণা দিতে দেখা গেছে। বাংলাদেশ, ভারত, থাইল্যান্ড, কোরিয়া, তাইওয়ান, চীন, জার্মানি, সিঙ্গাপুর, জাপান, নেদারল্যান্ড, তুরস্ক ও যুক্তরাজ্য থেকে আসা এ খাতের সঙ্গে যুক্ত ব্যবসায়ীরা মেলায় যোগ দিয়েছেন।তিন দিনের এ মেলায় কৃষিপ্রযুক্তির নানা দিক নিয়ে প্রতিদিনই সেমিনার অনুষ্ঠিত হবে। গতকাল ‘কৃষিক্ষেত্রে প্রাকৃতিক কীটনাশকের ব্যবহার এবং এর উপযোগিতা’ শীর্ষক একটি সেমিনার অনুষ্ঠিত হয়। কীটনাশকের ব্যবহার জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর বলে সেমিনারে বক্তারা মন্তব্য করেন। প্রথম দিনের সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন যুক্তরাজ্যভিত্তিক প্রতিষ্ঠান রাসেল আইপিএমের (ইউকে) প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা নাঈম হাসান। তিনি বলেন, ফেরোমন প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে রাসায়নিক ছাড়াই ১৫০ প্রকার কীটপতঙ্গ দমন করা যায়। বাংলাদেশ সিড অ্যাসোসিয়েশনের সভাপতি এফ আই মালিক বলেন, ক্ষতিকারক কীটনাশকের ব্যবহার কমাতে হলে জৈব বালাইনাশককে জনপ্রিয় করতে হবে।