
শনিবারের সকালটা ছিল মেঘলা, তবে দমাতে পারেনি ওদের। সকাল আটটা থেকেই রাজধানীর ঢাকা ইমপিরিয়াল কলেজ প্রাঙ্গণে আসতে শুরু খুদে এসব বিতার্কিকের। ‘যুক্তিতে মুক্তি’—এই বিতর্ক উৎসবে যোগ দিতে কেউ আসে শিক্ষকের সঙ্গে, আবার কেউ বা অভিভাবকের সঙ্গে। তাদের পদচারণে মুখর হয়ে ওঠে কলেজ প্রাঙ্গণ।
এরপর খুদে বিতার্কিকদের বক্তব্য, যুক্তি আর পাল্টা যুক্তি খণ্ডনের মধ্য দিয়ে উৎসবমুখর পরিবেশে চলে ‘প্রথম আলো স্কুল বিতর্ক উৎসব ২০১৭’। ঢাকা মহানগরের রামপুরা অঞ্চলের ২০টি স্কুল এই আসরে অংশ নেয়। উৎসবের সহযোগিতায় ছিল প্রথম আলো বন্ধুসভা।
সকাল সাড়ে নয়টায় কলেজের শিক্ষার্থীরা জাতীয় সংগীত পরিবেশন করে। তাদের সঙ্গে কণ্ঠ মেলায় উপস্থিত সবাই। জাতীয় পতাকা উত্তোলন করে উৎসব উদ্বোধন করেন বাংলাদেশ ব্যাংকের সাবেক প্রধান অর্থনীতিবিদ বিরূপাক্ষ পাল।
তখন খুদে বিতার্কিকদের সবার পরনে ছিল লাল টি-শার্ট, যার পেছনে লেখা ছিল ‘যুক্তিতে মুক্তি’। এ যেন বিতর্কযুদ্ধে নামার প্রস্তুতি।
বিরূপাক্ষ পাল বলেন, বিতর্ক মানুষকে যুক্তি দিয়ে প্রমাণ করতে শেখায়। বিতর্কের মধ্য দিয়ে নেতৃত্বের যোগ্যতা তৈরি হয়, এটা ব্যক্তিকে সামনের দিকে এগিয়ে নিতে সাহায্য করে। কথা হয় রাজধানী আইডিয়াল স্কুলের শিক্ষিকা হুসনা বেগমের সঙ্গে। তিনি বলেন, পাঠ্যবইয়ের বাইরে অনেক কিছু জানার ও শেখার আছে। এ ধরনের আয়োজন শিশুদের সুন্দর মানুষ হতে ও বিপথে যাওয়া থেকে বিরত রাখতে ভূমিকা রাখবে।
প্রথমবার বিতর্কে অংশ নেওয়া হলি ক্রিসেন্ট স্কুলের দশম শ্রেণির শিক্ষার্থী কাজী ফয়সাল মাহমুদ বলে, ‘প্রথম পর্বে বাদ পড়েছি। তবে বিতর্ক শুনে ও দেখে অনুপ্রাণিত হয়েছি।’
বিতর্কে অংশ নেওয়া খিলগাঁও সরকারি উচ্চবিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র আবু হাসান নাহিদের মা শিরিন সুলতানা প্রথম আলোকে বলেন, বিতর্কের জন্য পাঠ্যপুস্তকের বাইরে অনেক বিষয় পড়তে হয়, অনেক জানারও প্রয়োজন হয়।
বিকেলে কলেজ মিলনায়তনে চূড়ান্ত পর্বে বিতর্কযুদ্ধের মুখোমুখি হয় ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ ও মতিঝিল সরকারি বালক উচ্চবিদ্যালয়। বিতর্কের বিষয় ছিল ‘নৈতিক মূল্যবোধের অভাব জঙ্গি সৃষ্টির সহায়ক’। এতে জয়ী হয় মতিঝিল সরকারি বালক উচ্চবিদ্যালয়। সেরা বক্তা হয়েছে একই স্কুলের ইশতিয়াক আহমেদ। এর আগে ‘আমিই হব...’ শীর্ষক বারোয়ারি বিতর্ক অনুষ্ঠিত হয়।
পুরস্কার বিতরণী পর্বের আগে ঢাকা ইমপিরিয়াল কলেজের অধ্যক্ষ মো. নাজিমুল হক হক্কানী বলেন, বিতর্ক করতে হলে অনেক বিষয় ভাবতে ও পড়তে হয়। এ ছাড়া বুঝিয়ে যুক্তি দিয়ে উপস্থাপন করতে হয়। সুন্দরভাবে কথা বলাও শিল্প।
চূড়ান্ত বিতর্কের আগে মঞ্চে গান পরিবেশন করেন শিল্পী পুলক। পুরস্কার বিতরণী পর্বে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অধ্যক্ষ নাজিমুল হক হক্কানী, সঙ্গে ছিলেন প্রথম আলো বন্ধুসভার সভাপতি সাইদুজ্জামান রওশন।