রাজধানীর যানজট নিরসনে বহুল আলোচিত উড়াল সড়ক (এলিভেটেড এক্সপ্রেসওয়ে) নির্মাণে দুটি প্রতিষ্ঠান চূড়ান্ত দরপত্র জমা দিয়েছে।প্রতিষ্ঠান দুটি হলো—ইতালি ও থাইল্যান্ডের যৌথ বিনিয়োগে ‘ইতাল-থাই ডেভেলপমেন্ট কোম্পানি’ এবং বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়ার যৌথ বিনিয়োগে ‘সিকদার রিয়েল এস্টেট-কেসিসি’। এই দুটি প্রতিষ্ঠান থেকে একটিকে উড়াল সড়ক নির্মাণের কার্যাদেশ দেওয়া হবে। সরকারি-বেসরকারি যৌথ বিনিয়োগে (পিপিপি) ঢাকায় ৩২ দশমিক ৫ কিলোমিটার উড়ালপথ নির্মাণের উদ্যোগ নিয়েছে সরকার। এটি বাস্তবায়ন করবে যোগাযোগ মন্ত্রণালয়ের সেতু বিভাগ।উড়াল সড়ক শুরু হবে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সামনে থেকে। এটি কুড়িল, বনানী, মহাখালী, সাতরাস্তা, মগবাজার রেলক্রসিংয়ে গিয়ে বাঁয়ে মোড় নিয়ে খিলগাঁও, কমলাপুর, গোলাপবাগ হয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুতুবখালীতে শেষ হবে।৩২ দশমিক ৫ কিলোমিটার দীর্ঘ এই উড়াল সড়ক তিন ধাপে নির্মাণ করা হবে। ২০১৩ সালের মধ্যেই প্রকল্পের কাজ শেষ হওয়ার কথা। এই পথ নির্মিত হলে টোল দিয়ে এর ওপর দিয়ে গাড়ি চালাতে হবে। সরকার ও নির্মাতা প্রতিষ্ঠান যৌথভাবে টোল নির্ধারণ করবে। প্রকল্পের ব্যয় ধরা হয়েছে প্রায় ১৪ হাজার কোটি টাকা। তবে মাত্র দুটি প্রতিষ্ঠান চূড়ান্ত দরপত্রে অংশ নেওয়ায় প্রতিযোগিতা কম হতে পারে বলে আশঙ্কা করছেন সেতু বিভাগেরই অনেক কর্মকর্তা।সেতু বিভাগের নির্বাহী পরিচালক মোশাররফ হোসেন ভূঁইয়া প্রথম আলোকে বলেন, উড়াল সড়ক চার লেনবিশিষ্ট হবে। সরকার ঠিকাদারি প্রতিষ্ঠানকে এটি নির্মাণের জমি দেবে। তারা নিজেদের অর্থে তা নির্মাণ করবে এবং চুক্তি অনুযায়ী একটি নির্দিষ্ট সময়ের পর সরকারের কাছে মালিকানা হস্তান্তর করবে।উড়ালপথ নির্মাণে চূড়ান্ত দরপত্র জমা দেওয়ার শেষ দিন ছিল গত মঙ্গলবার। এর আগে প্রাথমিকভাবে অংশগ্রহণকারী নয়টি প্রতিষ্ঠান থেকে সেতু বিভাগ চারটি প্রতিষ্ঠানকে প্রাকযোগ্য বলে নির্বাচন করে এবং গত আগস্ট মাসে সরকারের ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি অনুমোদন দেয়। ইতাল-থাই ও সিকদার-কেসিসির বাইরে প্রাকযোগ্য আরও দুটি প্রতিষ্ঠান ছিল ভারত ও ফ্রান্সের যৌথ মালিকানায় ‘গ্যামন ইনফ্রাস্ট্রাকচার প্রজেক্ট লিমিটেড-বয়োগজ ট্রেভাস পাবলিক এস এ কনসোর্টিয়াম’ এবং চীনের ‘চায়না রেলওয়ে ইন্টারন্যাশনাল লিমিটেড’। এই দুটি প্রতিষ্ঠান শেষ পর্যন্ত দরপত্র জমা দেয়নি।যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেন প্রথম আলোকে বলেন, আগামী মাসের মধ্যেই চূড়ান্তভাবে নির্বাচিত একটি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি করতে চায় সরকার। এ লক্ষ্যে সার্বিক প্রক্রিয়া দ্রুত শেষ করা হবে। গত সেপ্টেম্বর মাসে চূড়ান্ত দরপত্র আহ্বান করা হয়। প্রথম দফায় ৭ নভেম্বরের মধ্যে দরপত্র জমা দেওয়ার সময়সীমা উল্লেখ করা হয়েছিল। কিন্তু পরে তা ২৩ নভেম্বর পর্যন্ত বাড়ানো হয়।সেতু বিভাগ সূত্রে জানা গেছে, ‘ঢাকা উড়াল সড়ক’ নামের এই প্রকল্পের সম্ভাব্যতা যাচাই করে পথ (রুট) চিহ্নিত করে পরামর্শক প্রতিষ্ঠান ‘মনসেল এইকম’। তাদের প্রস্তাবিত পাঁচটি পথের মধ্যে পাঁচ নম্বর পথকে (এলাইনমেন্ট-৫) গ্রহণ করে মন্ত্রিসভা পরিষদ। এই পথের বেশির ভাগজুড়েই সরকারি জমি থাকায় ব্যক্তিগত জমি বেশি অধিগ্রহণ করতে হবে না।