উড়াল সড়ক নির্মাণের চূড়ান্ত দরপত্র খোলা হবে আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর যানজট নিরসনে নেওয়া উড়াল সড়ক নির্মাণ প্রকল্পের (এলিভেটেড এক্সপ্রেসওয়ে) চূড়ান্ত দরপত্র আজ মঙ্গলবার খোলা হবে। এই প্রকল্পে সরকারি-বেসরকারি যৌথ বিনিয়োগে ২৬ কিলোমিটার দীর্ঘ উড়াল সড়ক নির্মাণ করা হবে। প্রাথমিক দরপত্রে চারটি প্রতিষ্ঠানকে নির্বাচন করেছে যোগাযোগ মন্ত্রণালয়ের সেতু বিভাগ। ওই চারটি প্রতিষ্ঠানের দরপত্র মূল্যায়ন করে একটি প্রতিষ্ঠানকে চূড়ান্তভাবে নির্বাচন করা হবে। আগামী ডিসেম্বর মাসের শেষ সপ্তাহে বা জানুয়ারির শুরুতে নির্বাচিত প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি করার সময়সীমা নির্ধারণ করেছে সেতু বিভাগ। গতকাল সোমবার বনানীর সেতু ভবনে যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত এক বৈঠকে এই সময়সীমা নির্ধারণের সিদ্ধান্ত হয়। এতে যোগাযোগ মন্ত্রণালয়ের সড়ক ও রেলপথ বিভাগের সচিব মোজাম্মেল হক খান ও সেতু বিভাগের সচিব মোশাররফ হোসেন ভূঁইয়াসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।বৈঠক সূত্র জানায়, ঠিকাদারদের অনুরোধে বঙ্গবন্ধু সেতুর মেরামতের জন্য আহূত দরপত্রের সময়সীমা এক সপ্তাহ বাড়িয়ে ৮ ডিসেম্বর পর্যন্ত করার সিদ্ধান্ত হয়েছে। এর আগে সেতু মেরামতের লক্ষ্যে চীনা প্রতিষ্ঠান চায়না রোড অ্যান্ড ব্রিজ করপোরেশনকে সর্বনিম্ন দরদাতা হিসেবে নির্বাচন করেছিল সেতু বিভাগ। কিন্তু প্রতিষ্ঠানটি এর আগে সড়ক ও জনপথ অধিদপ্তরের একটি প্রকল্পে খারাপ কাজ করার কারণে কালো তালিকাভুক্ত হয়েছিল। সে কারণে সরকারের ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি ওই প্রতিষ্ঠানকে নিয়োগ না দিয়ে পুনরায় দরপত্র আহ্বানের পরামর্শ দিয়েছিল। এ ছাড়া বৈঠকে পদ্মা সেতুর নদীশাসন ও মূল সেতুর কাজ একসঙ্গে শুরু করার বিষয়ে একমত হন মন্ত্রী ও সেতু বিভাগের প্রকৌশলীরা। এতে সেতু নির্মাণে সময় কম লাগবে বলে তাঁরা মনে করছেন। বৈঠকে যোগাযোগমন্ত্রী পদ্মা সেতু প্রকল্পের মূল সেতু ও সংযোগ সড়ক এলাকায় ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দ্রুত মিটিয়ে দেওয়ার তাগিদ দেন। জানতে চাইলে সেতু বিভাগের সচিব মোশাররফ হোসেন ভূঁইয়া প্রথম আলোকে বলেন, পদ্মা সেতু, উড়াল সড়ক ও বঙ্গবন্ধু সেতুর মেরামত সরকারের অগ্রাধিকার প্রকল্পের অন্যতম। এগুলো দ্রুত বাস্তবায়নের জন্য বৈঠকে এসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে।