উড়াল সড়কের কার্যাদেশ চূড়ান্ত করতে বাধা নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা উড়াল সড়ক প্রকল্পের দরপত্রে শিকদার রিয়েল এস্টেট-কেসিসি (যৌথ বিনিয়োগ) লিমিটেডের আর্থিক প্রস্তাব বিবেচনা-সংক্রান্ত হাইকোর্টের আদেশের কার্যকারিতা স্থগিত করেছেন আপিল বিভাগ। গত ১৫ ডিসেম্বর হাইকোর্ট প্রতিষ্ঠানটির দরপত্রের আর্থিক প্রস্তাব উন্মুক্ত করে বিবেচনা করতে যোগাযোগ মন্ত্রণালয়ের সেতু বিভাগসহ সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছিলেন।গতকাল রোববার প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হকের নেতৃত্বে তিন বিচারপতির সমন্বয়ে গঠিত বেঞ্চ হাইকোর্টের আদেশের বিরুদ্ধে সেতু কর্তৃপক্ষের করা আবেদনের পরিপ্রেক্ষিতে এ স্থগিতাদেশ দেন। রুল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত হাইকোর্টের আদেশ স্থগিত করা হয়। একই সঙ্গে উভয় পক্ষকে হাইকোর্টে রুল শুনানির উদ্যোগ নিতে বলা হয়েছে।আদালতে সরকারপক্ষে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম শুনানি করেন। তাঁকে সহায়তা করেন সহকারী অ্যাটর্নি জেনারেল একরামুল হক। শিকদার রিয়েল এস্টেটের পক্ষে ছিলেন আইনজীবী এম জহির ও মুস্তাফিজুর রহমান খান। আদেশের পর অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম প্রথম আলোকে বলেন, চূড়ান্ত নিষ্পত্তি না হওয়া পর্যন্ত হাইকোর্টের আদেশের কার্যকারিতা স্থগিত করা হয়েছে। ফলে চূড়ান্ত কার্যাদেশ দেওয়া এবং এর আগের কার্যক্রম পরিচালনায় আইনগত কোনো বাধা নেই।এম জহির প্রথম আলোকে বলেন, হাইকোর্ট আর্থিক প্রস্তাব উন্মুক্ত (খোলা) করতে নির্দেশ দিয়েছিলেন। ওই আদেশ স্থগিত হওয়ায় প্রতিষ্ঠানটির আর্থিক প্রস্তাব উন্মুক্ত হওয়ার বিষয়টি বাতিল হলো। তবে দরপত্রের কার্যক্রম চলতে আগেও বাধা ছিল না, এখনো নেই। জানা যায়, সরকারি-বেসরকারি যৌথ বিনিয়োগে (পিপিপি) সরকার উড়াল সড়ক নির্মাণের উদ্যোগ নিয়েছে। গত বছরের আগস্ট মাসে সরকারের ক্রয়-সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি বিমানবন্দর-মহাখালী-তেজগাঁও-মগবাজার-কমলাপুর এবং ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুতুবখালী পর্যন্ত ২৬ কিলোমিটার উড়াল সড়ক নির্মাণের পথ অনুমোদন করে। প্রাথমিক দরপত্রে নয়টি প্রতিষ্ঠান অংশ নিলেও প্রাক-যোগ্য বিবেচিত হয় চারটি দেশি-বিদেশি প্রতিষ্ঠান।তবে গত বছরের ২৩ নভেম্বর প্রাক-যোগ্য চারটি প্রতিষ্ঠানের চূড়ান্ত দরপত্রে অংশ নেয় ইতাল-থাই ডেভেলপমেন্ট পাবলিক কোম্পানি লিমিটেড (ইতালি-থাইল্যান্ড যৌথ) ও শিকদার-কেসিসি (বাংলাদেশ-কোরিয়া যৌথ)। তবে শিকদার-কেসিসি কারিগরি মূল্যায়নে উত্তীর্ণ হতে পারেনি। ফলে তাদের আর্থিক প্রস্তাব বিবেচনায় নেওয়া হয়নি এবং তা খোলা হয়নি।জানা গেছে, সেতু বিভাগ উড়াল সড়ক নির্মাণে বিনিয়োগকারী নির্বাচনে সাতটি মানদণ্ড ঠিক করে দিয়েছিল। আগ্রহী বিনিয়োগকারী প্রতিষ্ঠানগুলোকে প্রতিটি মানদণ্ডে কমপক্ষে ৬০ শতাংশ নম্বর এবং সবগুলো মিলিয়ে ১০০ নম্বরের মধ্যে কমপক্ষে ৮০ নম্বর পেলেই পরবর্তী মূল্যায়নে যোগ্য বলে বিবেচিত হবে বলে উল্লেখ ছিল। কিন্তু শিকদার তিনটি মানদণ্ডে ৬০ শতাংশ নম্বর পায়নি এবং সব মিলিয়ে পেয়েছে ৬৫ দশমিক ২০ শতাংশ। এ জন্য তাদের অযোগ্য ঘোষণা করা হয়েছে। অন্যদিকে ইতাল-থাই কোম্পানি সাতটি মানদণ্ডে উত্তীর্ণ হওয়ার পাশাপাশি সব মিলিয়ে ৮৮ নম্বর পায়।সেতু বিভাগ সূত্রে জানা গেছে, ইতাল-থাই কোম্পানিটি ‘আই’ ও ‘বক্স’ দুইভাবে উড়াল সড়ক নির্মাণের প্রস্তাব দিয়েছে। ‘আই’ প্রকৃতির উড়াল সড়ক নির্মাণে খরচ হবে সাত হাজার ৭৬৬ কোটি টাকা এবং বক্স প্রকৃতির হলে খরচ পড়বে আট হাজার ৭০৩ কোটি টাকা। এই দুই পদ্ধতির যেকোনো একটি বেছে নেবে সেতু বিভাগ। সার্বিক বিষয়ে জানতে চাইলে যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেন গতকাল রোববার রাতে প্রথম আলোকে বলেন, আদালতের আদেশ পাওয়ায় এ মাসেই ইতাল-থাইয়ের সঙ্গে চুক্তি করবে সরকার। চুক্তির তিন মাসের মধ্যে নির্মাণকাজ শুরু হবে। বর্তমান সরকারের মেয়াদকালেই উড়াল সড়ক চালু হবে বলে তিনি জানান।