রাজধানীর যানজট নিরসনে সরকারি-বেসরকারি যৌথ বিনিয়োগে নির্মিতব্য উড়াল সড়ক প্রকল্পের বিনিয়োগকারী প্রতিষ্ঠান দুই-এক দিনের মধ্যেই চূড়ান্ত হয়ে যাবে বলে জানিয়েছেন যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেন। গতকাল বৃহস্পতিবার সেতু ভবনে উড়াল সড়ক-সংক্রান্ত এক সভা শেষে তিনি সাংবাদিকদের এ তথ্য জানান। বর্তমানে উড়াল সেতু প্রকল্পের নির্মাতা নিয়োগের দরপত্র মূল্যায়ন করছে সেতু বিভাগ। এই প্রকল্পের চূড়ান্ত দরপত্রে অংশ নেয় ইতালি ও থাইল্যান্ডের যৌথ বিনিয়োগে ‘ইতাল-থাই ডেভেলপমেন্ট কোম্পানি’ এবং বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়ার যৌথ বিনিয়োগে ‘সিকদার রিয়েল এস্টেট (কেসিসি)। সেতু বিভাগের একটি সূত্র জানিয়েছে, দরপত্র মূল্যায়ন প্রায় চূড়ান্ত হয়েছে। ইতাল-থাই কোম্পানি চূড়ান্ত বিনিয়োগকারী হিসেবে চূড়ান্তভাবে নির্বাচিত হতে যাচ্ছে। আজ না হলেও দুই-এক দিনের মধ্যে একটি প্রতিষ্ঠানের নাম অনুমোদনের জন্য মন্ত্রণালয়ে পাঠানো হবে। জানুয়ারির প্রথম সপ্তাহে নির্বাচিত প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি সইয়ের সম্ভাবনা রয়েছে। ৩২ দশমিক ৫ কিলোমিটার উড়াল সড়ক নির্মাণকাজ ২০১৩ সালের মধ্যে শেষ হওয়ার কথা। এটি নির্মিত হলে টোল দিয়ে যানবাহন পারাপার করতে হবে। সরকারের ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি গত ২৩ আগস্ট উড়াল সড়কের রুট অনুমোদন দেয়। উড়াল সড়কটির বেশির ভাগই বাংলাদেশ রেলওয়ের জমিতে করা হবে। গতকালের সভায় জানানো হয়, উড়াল সড়ক নির্মাণে রেলওয়ে কর্তৃপক্ষ সেতু বিভাগকে জমি দিতে সম্মত হয়েছে। শিগগিরই যোগাযোগ মন্ত্রণালয়ের দুটি বিভাগের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর হবে। সভায় সেতু বিভাগের সচিব মো. মোশাররফ হোসেন ভূঁইয়া, বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক তওহিদুল আনোয়ার চৌধুরী, উড়াল সড়ক প্রকল্পের পরিচালক আবদুল ওদুদ, পদ্মা সেতু প্রকল্পের পরিচালক রফিকুল ইসলাম, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের পুরকৌশল বিভাগের অধ্যাপক সামসুল হক প্রমুখ।