রাজধানীতে ১৮ হাজার কোটি টাকা ব্যয়ে ২১ কিলোমিটার উড়ালসেতু (এলিভেটেড এক্সপ্রেসওয়ে) মূলত ব্যক্তিগত গাড়িভিত্তিক অবকাঠামো হওয়ায় যানজট কমবে না, বাড়াবে। বরং এ খাতে দেশের ১৬ কোটি মানুষের প্রায় আড়াই বছরের স্বাস্থ্য বাজেটের সমান অর্থ বরাদ্দ দেওয়া হয়েছে, যা অগণতান্ত্রিক ও অসাংবিধানিক। ওই অর্থ ব্যয়ে ঢাকায় ৪০০ কিলোমিটার বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) নেটওয়ার্কসহ হাঁটা, সাইকেল ও রিকশাসহ অন্যান্য গণপরিবহনের সমন্বয়ে কার্যকর যাতায়াত-ব্যবস্থা গড়ে তোলা যেতে পারে। গতকাল সোমবার জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে পরিবেশ বাঁচাও আন্দোলন (পবা) এবং বাংলাদেশ ইনস্টিটিউট অব প্লানার্সের (বিআইপি) যৌথ উদ্যোগে ‘যাতায়াত ব্যবস্থায় মহাসংকট আসন্ন: সমাধানে বিকল্প রূপরেখা’ শীর্ষক গোলটেবিল বৈঠকে বক্তারা এসব মতামত প্রকাশ করেন। পবার চেয়ারম্যান আবু নাসেরের সভাপতিত্বে গোলটেবিলে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সৈয়দ মাহবুবুল আলম। বিআইপির সভাপতি সারোয়ার জাহান বলেন, রেল, বাস, হাঁটা, সাইকেল, রিকশাসহ গণপরিবহন ব্যবস্থাকে কার্যকর করা ও প্রাইভেট গাড়ি নিয়ন্ত্রণ, নগরে মিশ্র এলাকা গড়ে তোলা এবং দেশের অন্যান্য শহরে পর্যাপ্ত সুবিধা নিশ্চিত করার মাধ্যমে যানজট নিয়ন্ত্রণ সম্ভব। কিন্তু একটি বিশেষ গোষ্ঠী ব্যবসায়িক স্বার্থে বিভ্রান্ত তথ্য দিয়ে সরকারকে বিশাল অঙ্কের জনস্বার্থবিরোধী প্রকল্প গ্রহণে উৎসাহী করছে। সৈয়দ মাহবুবুল আলম বলেন, উড়ালসেতু রেলের জায়গার ওপর দিয়ে হবে। তাই বাধাগ্রস্ত হবে রেলের সম্প্রসারণ। উড়ালসেতুর ওঠানামা এবং টোল আদায়ের স্থানে ভীষণ যানজট তৈরি হবে। এ অবকাঠামো নিচের সড়কের ৫০ শতাংশ জায়গা নষ্ট এবং গণপরিবহনে চলাচলকারী এবং পথচারীদের প্রতিবন্ধকতার সৃষ্টি করবে। এ ছাড়া উড়ালসেতুতে প্রাইভেট গাড়ি বাড়ার পাশাপাশি দূষণ, জ্বালানি-নির্ভরতা, দুর্ঘটনা, যাতায়াত খরচ এবং শহরের তাপমাত্রা বাড়বে। গোলটেবিল বৈঠকে আরও বক্তব্য দেন বিআইপির সহসভাপতি মো. শওকত আলী খান, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সভাপতি মনজুরুল আহসান খান, তেল-গ্যাস-বন্দর-বিদ্যুৎ রক্ষা কমিটির আহ্বায়ক প্রকৌশলী শেখ মুহাম্মদ শহীদু্ল্লাহ, বাংলাদেশ পরিবেশ আন্দোলনের (বাপা) মহিদুল হক খান এবং সেন্টার ফর আরবান স্টাডিজের পরিচালক নূরুল ইসলাম নাজেম।