উড়ালসড়কের নিচে গাড়ির স্ট্যান্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুড়িল উড়ালসড়কের নিচে গড়ে তোলা হয়েছে গাড়ির অবৈধ স্ট্যান্ড। গত শুক্রবার তোলা ছবি l প্রথম আলো
কুড়িল উড়ালসড়কের নিচে গড়ে তোলা হয়েছে গাড়ির অবৈধ স্ট্যান্ড। গত শুক্রবার তোলা ছবি l প্রথম আলো

কুড়িলে উড়ালসড়কের নিচে ভাড়ায় চালিত প্রাইভেট কার, বাস-ট্রাক, পিকআপের অবৈধ স্ট্যান্ড গড়ে তোলা হয়েছে। এতে নষ্ট হচ্ছে এলাকার পরিবেশ, সৃষ্টি হচ্ছে যানজট।

স্থানীয় লোকজন বলেন, উড়ালসড়কটি যান চলাচলের জন্য খুলে দেওয়ার পর শহরের বিভিন্ন এলাকার লোকজন বিকেলে কুড়িলে বেড়াতে আসেন। কিন্তু মানুষ এখন কম আসছেন। কারণ কুড়িলের কুড়াতলীতেউড়ালসড়কের নিচে ও সড়কের পাশে গাড়ি রাখায় এবং গাড়ি মেরামতের ওয়ার্কশপ ও গ্যারেজ গড়ে তোলায় বেড়ানোর পরিবেশ নষ্ট হয়ে গেছে।

গত শনিবার সরেজমিনে দেখা যায়, কুড়াতলীতে উড়ালসড়কের নিচে ও পাশের রাস্তায় রাখা আছে দুই শতাধিক বাস, মিনিবাস, ট্রাক, পিকআপ, ভাড়ায় চালিত প্রাইভেট কার। এই অবৈধ স্ট্যান্ড ঘিরে গড়ে উঠেছে ২০টির বেশি ছোট-বড় গাড়ি মেরামতের ওয়ার্কশপ। দিনভর রাস্তার ওপরই চলে পরিষ্কারসহ গাড়ি মেরামতের কাজ। তা ছাড়া উড়ালসেতুর নিচে ও ফুটপাতে আছে অসংখ্য চা-পান-সিগারেটের দোকান।

এলাকার ১০ জন স্থায়ী বাসিন্দা বলেন, অবৈধ স্ট্যান্ডের কারণে এলাকার পরিবেশ নষ্ট হয়ে গেছে। যানজটের সৃষ্টি হচ্ছে। পথচারীদের হয়রানির শিকার হতে হচ্ছে। এ ব্যাপারে কিছু বলতে গেলেও চালক ও শ্রমিকদের হাতে হেনস্তার শিকার হতে হয়। তাঁরা আরও বলেন, স্থানীয় প্রভাবশালী ব্যক্তিদের সহায়তায় সরকারি জমি দখল করে সেখানে আরও বেশ কিছু অবৈধ স্থাপনা গড়ে তোলা হয়েছে। পর্যাপ্ত আলো না থাকায় সন্ধ্যা থেকেই শুরু হয় ছিনতাইকারী ও বখাটেদের উৎপাত।

স্থানীয় সূত্র জানায়, স্থানীয় নেতাসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের ‘ম্যানেজ’ করেই চলছে গাড়ি পার্কিংয়ের কাজ। এ ক্ষেত্রে গাড়িপ্রতি নেওয়া হয় ১ হাজার টাকা।

নাম প্রকাশে অনিচ্ছুক একজন গাড়িচালক বলেন, ‘টাকা তো দিতেই হয়। টাকা ছাড়া কি এখানে স্ট্যান্ড করতে দিব? গাড়িপ্রতি হাজার টাকা দিতে হয়।’

এ প্রসঙ্গে জানতে চাইলে ঢাকা উত্তর সিটি করপোরেশনের ১৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর জিন্নাত আলী প্রথম আলোকে বলেন, ‘রাজনৈতিক দল বা আমার নামে কেউ এ ধরনের কাজ করতে পারে। আমি এগুলোর সঙ্গে সম্পৃক্ত নই।’ তিনি বলেন, স্ট্যান্ড উচ্ছেদে সর্বাত্মক সহযোগিতা করা হবে।

কাউন্সিলর জিন্নাত আলী বলেন, অবৈধ গাড়ি পার্কিং বন্ধে ট্রাফিক পুলিশ প্রথম পদক্ষেপ নিতে পারে। তিনি বলেন, জনপ্রতিনিধি, স্থানীয় নেতা, সাধারণ জনগণ সবাই মিলে একত্রে পদক্ষেপ নিয়ে সেখান থেকে স্ট্যান্ড অপসারণ করা সম্ভব।

এ প্রসঙ্গে জানতে চাইলে বাড্ডা ট্রাফিক জোনের সহকারী পুলিশ কমিশনার ফেরদৌসী রহমান প্রথম আলোকে বলেন, ‘রাস্তাটি এত দিন আমাদের আওতাধীন না থাকায় আমরা কোনো পদক্ষেপ নিইনি। মে মাসের ১৫ তারিখ থেকে ৩০০ ফুট ক্রসিং পর্যন্ত রাস্তাটি আমাদের আওতায় চলে আসছে।’ তিনি বলেন, গাড়ি পার্কিং বন্ধ ও স্ট্যান্ড সরানোর বিষয়ে চালক-শ্রমিকদের সঙ্গে কথা হয়েছে। চালকেরাও কথা দিয়েছেন তাঁরা সরে যাবেন।