এ কেমন নৃশংসতা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাসচালকের সহকারী ধাক্কা মেরে রাস্তায় ফেলে দেন হুমায়ুন কবির খান (৪৫) নামের এক ব্যক্তিকে। তারপর সেই সহকারীর ইশারায় বাস চালক বাসটি তুলে দেন ওই ব্যক্তির গায়ের ওপর। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। গতকাল মঙ্গলবার বিকেল চারটার দিকে মিরপুর ১০ নম্বর গোলচত্বরের ফলপট্টির সামনে এই ঘটনা ঘটে।

চালকের সহকারী সেলিম পালিয়ে গেলেও বাস চালক ইকবালকে ঘটনাস্থলেই আটক করে উপস্থিত লোকজন। বাস ও চালক ইকবালকে মিরপুর থানায় নিয়ে যাওয়া হয়। নিহত হুমায়ুন কবির সাতক্ষীরা জেলার রসুলপুরের
মরহুম আলী মুর্তজা খানের ছেলে। তিনি স্ত্রী রেবেকা বেগম, ছয় বছরের মেয়ে তাথৈ এবং ছয় মাসের ছেলে তীর্থকে নিয়ে মিরপুরের টোলার বাগের একটি বাসায় ভাড়া থাকতেন।

হুমায়ুন কবির খানের সহকর্মী গাজি আমজাদ হোসেন বলেন, গতকাল দুপুরে তাঁরা দুজন মতিঝিলের অফিস থেকে পেশাগত কাজে শিখর পরিবহনের একটি বাসে করে মিরপুর ১০-এ যান। তাঁদের বাসটির সঙ্গে আলিফ পরিবহনের একটি বাস (ঢাকা মেট্রো ব ১১-৭৯৮৪) রোকেয়া সরণি থেকেই প্রতিযোগিতা করে আসছিল। বাস দুটি মিরপুর ১০-এর গোলচত্বরের সিগন্যালে থামলে তাঁরা দুজনসহ শিখর পরিবহনের বাসটির কয়েকজন যাত্রী বাস থেকে নেমে তাঁদের বাসের সামনে থাকা আলিফ পরিবহনের বাসটির সামনে গিয়ে এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেন। এই সময় সিগন্যাল ছেড়ে দিলে আলিফ পরিবহনের বাসটির সহকারী সেলিম সামনে থাকা হুমায়ুন কবিরকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। হুমায়ুন কবির পড়ে গেলে আলিফ পরিবহনের বাসটি তাঁর ওপর তুলে দেন চালক। হুমায়ুন কবিরকে জাতীয় হৃদ্‌রোগ ইনস্টিটিউটে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

মিরপুর থানার উপপরিদর্শক (এসআই) মতিউর রহমান বলেন, আইনগতভাবে কী ব্যবস্থা নেওয়া হবে তা প্রক্রিয়াধীন আছে। হুমায়ুন কবিরের পরিবার যা বলবে সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। হুমায়ুন কবিরের পরিবারের সদস্যরা দাবি করেন, এটা হত্যার ঘটনা। জেনে বুঝে তাঁকে হত্যা করা হয়েছে।

মিরপুর থানায় ইকবালকে দেখতে আসা তাঁর বাবা মো. জলিল বলেন, তাঁরা আমিন বাজারে থাকেন। তাঁর ছেলে পাঁচ-ছয় বছর ধরে বিভিন্ন রুটে বাস চালাচ্ছেন। এর আগে বৈশাখী পরিবহনের বাস চালাতেন। ইকবাল ছোটবেলা থেকেই কারও কথা শুনত না, তখন থেকেই বেপরোয়া ছিল।

বাসের ধাক্কায় কনস্টেবলের মৃত্যু: রাজধানীর গুলিস্তানে আহাদ পুলিশ বক্সের সামনে গতকাল মঙ্গলবার একটি বাসের ধাক্কায় জুলহাস মিয়া (৩৫) নামের এক কনস্টেবল মারা গেছেন। তিনি রাজারবাগ পুলিশ লাইনসের প্ররক্ষা বিভাগে কর্মরত ছিলেন।

পল্টন থানার পুলিশ বলেছে, গতকাল সকাল পৌনে আটটার দিকে প্ররক্ষা বিভাগের পুলিশ সদস্যদের নিয়ে একটি বাস শাহবাগের দিকে যাচ্ছিল। এ সময় শিকড় পরিবহনের একটি বাস পুলিশ সদস্যদের বহনকারী বাসটিকে ধাক্কা দেয়। এতে বাসের দরজায় দাঁড়িয়ে থাকা কনস্টেবল জুলহাস পড়ে গিয়ে আহত হন। গুরুতর আহত অবস্থায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। প্রাথমিক চিকিৎসা শেষে চিকিৎসকেরা তাঁকে ‘আশঙ্কামুক্ত’ বলে ছাড়পত্রও দিয়েছিলেন। কিন্তু কিছুক্ষণ পরই তিনি হঠাৎ অসুস্থ বোধ করায় আবারও সেখানে ভর্তি করা হয়। পরে বিকেল সাড়ে পাঁচটার দিকে তিনি মারা যান।

পুলিশের মতিঝিল অঞ্চলের সহকারী কমিশনার সাইফুর রহমান প্রথম আলোকে বলেন, চালক, চালকের সহকারীসহ শিকড় পরিবহনের বাসটি আটক করা হয়েছে।

কনস্টেবল জুলহাসের বাড়ি কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার সিদলাইয়ে। তার বাবা শামসু মিয়া। স্ত্রী ও দুই সন্তান নিয়ে তিনি যাত্রাবাড়ীর বিবিরবাগিচায় থাকতেন।