এ দেশে সবচেয়ে অবহেলিত কারিগরি শিক্ষা: শিক্ষামন্ত্রী
শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, এ দেশে কারিগরি শিক্ষার সম্ভাবনা অনেক বেশি। অথচ এ খাতটিই সবচেয়ে বেশি অবহেলিত। বিপুল জনসংখ্যার এ দেশকে জনসম্পদে পরিণত করতে হলে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষার ওপর জোর দিতে হবে। ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নে কারিগরি শিক্ষাই হবে অন্যতম হাতিয়ার।গতকাল বুধবার জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে বাংলাদেশ কারিগরি কলেজ শিক্ষক সমিতির কেন্দ্রীয় প্রতিনিধি সম্মেলনে তিনি এসব কথা বলেন।কারিগরি শিক্ষা খাতে বরাদ্দ বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করে শিক্ষামন্ত্রী বলেন, ‘বহির্বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলতে হলে মোট বাজেটের ২০ শতাংশ শিক্ষা খাতে বরাদ্দ দিতে হবে।’ তিনি এ সময় কারিগরি ও ভোকেশনাল প্রতিষ্ঠানগুলোতে জাতীয় ও বিদেশি বাজারের চাহিদা নিরূপণ করে নতুন নতুন কোর্স প্রবর্তন ও পাঠ্যক্রম আধুনিকায়নের জন্য সংশ্লিষ্ট ব্যক্তিদের প্রতি আহ্বান জানান।কারিগরি কলেজ শিক্ষক সমিতির সভাপতি এম এ সাত্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তৃতা করেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান এ কে আজাদ চৌধুরী, সাংসদ র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী, কারিগরি শিক্ষা অধিদপ্তরের ভারপ্রাপ্ত মহাপরিচালক মো. আবুল কাসেম, শিক্ষক নেতা কাজী ফারুক আহমেদ, মোহাম্মদ আলী চৌধুরী প্রমুখ।