মুক্তিযুদ্ধের পরাজিত শক্তি ও তাদের দোসরেরা ১৯৭৫ সালের ১৫ আগস্ট এবং ৩ নভেম্বরের জেল হত্যাকাণ্ড ঘটিয়েছে। একাত্তরের গণহত্যা, পঁচাত্তরের বঙ্গবন্ধু হত্যা ও ২১ আগস্ট গ্রেনেড হামলার হোতারা একই প্রতিক্রিয়াশীল চক্র। বঙ্গবন্ধু হত্যার বিচারের মতো বর্তমান সরকারের আমলেই জেল হত্যাকাণ্ডের বিচার শেষ করতে হবে।গতকাল বৃহস্পতিবার জেল হত্যা দিবস উপলক্ষে রাজধানীর বিভিন্ন স্থানে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তারা এ দাবি জানান।মুক্তিযোদ্ধা সমন্বয় পরিষদ আয়োজিত পাবনা সমিতি মিলনায়তনে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান। পরিষদের চেয়ারম্যান তোরাব আলী খানের সভাপতিত্বে আরও বক্তব্য দেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক ও ট্যারিফ কমিশনের চেয়ারম্যান মুজিবুর রহমান।নৌমন্ত্রী বলেন, বাংলাদেশের মাটিতে বঙ্গবন্ধু হত্যা মামলার বিচার না হওয়ার জন্য খুনি চক্র ইনডেমনিটি অধ্যাদেশ জারি করেছিল। কিন্তু সে চেষ্টা ব্যর্থ হয়েছে। বঙ্গবন্ধুর হত্যাকারীদের ফাঁসি হয়েছে। যুদ্ধাপরাধীদের পাশাপাশি জেল হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদেরও বিচার হবে।এদিকে রাজধানীর কলাবাগানে বঙ্গবন্ধু পরিষদের আলোচনায় জেল হত্যাকাণ্ডের সঠিক তদন্ত ও পুনর্বিচারের দাবি জানান বক্তারা। পরিষদের সাধারণ সম্পাদক এস এ মালেক অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। তিনি বলেন, ন্যায়বিচার পাওয়ার স্বার্থেই জেল হত্যার সঠিক তদন্ত ও পুনর্বিচার প্রয়োজন।