এ সরকারের আমলেই পদ্মা সেতুর কাজ শুরু হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের আবারও বলেছেন, মহাজোট সরকারের আমলেই পদ্মা সেতুর কাজ শুরু হবে। মন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর পদ্মা সেতু নির্মাণের বিষয়ে জনগণকে যে কথা দিয়েছিলাম, তা অবশ্যই রাখব।গতকাল মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবে ‘সড়ক দুর্ঘটনা প্রতিরোধে আমাদের করণীয়’ শীর্ষক আলোচনা সভায় যোগাযোগমন্ত্রী এসব কথা বলেন। তিনি আরও বলেন, চলতি বছরের ডিসেম্বরের মধ্যেই ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ৪২ কিলোমিটার চার লেনে উন্নীত করার কাজ শেষ হবে।জার্নালিস্ট সোসাইটি ফর হিউম্যান রাইটস অ্যান্ড ওয়েলফেয়ার আয়োজিত অনুষ্ঠানে যোগাযোগমন্ত্রী আরও বলেন, সড়ক দুর্ঘটনা রোধে অতিরিক্ত গতিতে গাড়ি চালানো বন্ধে হাইওয়ে পুলিশকে ২৪টি স্পিডগান দেওয়া হয়েছে। এ ছাড়া মাদকাসক্ত হয়ে গাড়ি চালনা বন্ধে ২৭টি অ্যালকোহল শনাক্তকরণ যন্ত্র দেওয়া হয়েছে।ওবায়দুল কাদের জানান, ঢাকা-আরিচা মহাসড়কে ১৯টি দুর্ঘটনাপ্রবণ স্থানে এমএস পাইপ ডিভাইডারসহ রাস্তা প্রশস্ত করার কাজ শুরু হয়েছে। ইতিমধ্যে তিন স্থানে কাজ শেষ হয়েছে। গাড়িচালকদের লাইসেন্স দেওয়া প্রসঙ্গে তিনি বলেন, দক্ষ গাড়িচালক তৈরি ও উপযুক্ত ব্যক্তিকে লাইসেন্স দিতে বিআরটিএকে নির্দেশ দেওয়া হয়েছে। আগামী বর্ষা মৌসুমের আগে রাস্তাঘাট মেরামতে দ্রুত কাজ চলছে। এ জন্য সব বিভাগের সাপ্তাহিক ছুটি বাতিল করা হয়েছে।’ অনুষ্ঠানে ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. হারুন-অর-রশিদ প্রমুখ উপস্থিত ছিলেন।