সাধারণত পশুখাদ্য হিসেবে পরিচিত একধরনের ডাল, গুবরে পোকা, ইঁদুরের কানের মতো দেখতে একধরনের মাশরুম, বাঁশের কোঁড়ল, শুঁটকিমাছের শুকনো গুঁড়া ও নাপি বাংলাদেশের আদিবাসীদের কাছে খুবই প্রিয়। এই খাবারগুলোতে প্রচুর পুষ্টি উপাদান রয়েছে। ‘ফুড কম্পোজিশন টেবলস অ্যান্ড ডাটাবেজ ফর বাংলাদেশ উইথ স্পেশাল রেফারেন্সেস টু সিলেকটেড এথনিক ফুডস’ শীর্ষক খাদ্য উপাদান ও পুষ্টিবিষয়ক এক গবেষণায় এ কথা বলা হয়েছে। এতে প্রথমবারের মতো দেশের আদিবাসীদের খাবার ও তার পুষ্টি উপাদানের কথা উল্লেখ করা হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের পুষ্টি ও খাদ্যবিজ্ঞান ইনস্টিটিউটের শিক্ষক ও গবেষক শেখ নজরুল ইসলাম, নজরুল ইসলাম খান ও এম আখতারুজ্জামানসহ ইনস্টিটিউটের একদল শিক্ষক ও শিক্ষার্থী গবেষণাটি করেছেন।গতকাল সোমবার ইনস্টিটিউটে অনাড়ম্বর এক অনুষ্ঠানে বই আকারে প্রকাশিত গবেষণাটির মোড়ক উন্মোচন করেন পরিচালক আমিনুল হক ভূঁইয়া। গবেষক শেখ নজরুল ইসলাম অনুষ্ঠানে জানান, ৪৮১টি খাদ্যের খাদ্য উপাদান উল্লেখ করা হয়েছে বইটিতে। তবে এ গবেষণায় ৯৩টি খাদ্য নতুনভাবে বিশ্লেষণ করা হয়েছে। এর মধ্যে দেশের বৃহত্তর জনগোষ্ঠীর কাছে খুবই পরিচিত ৫৩টি খাবারের পাশাপাশি রয়েছে আদিবাসীদের ৪০টি খাবার, যা আগে কখনোই পুষ্টি গবেষণায় গুরুত্ব পায়নি। গবেষক নজরুল ইসলাম খান বলেন, আদিবাসীদের মধ্যে রোগ প্রতিরোধ করার ক্ষমতা বেশি। তাদের খাদ্যের মধ্যে রয়েছে পশুখাদ্য হিসেবে পরিচিতসহ বিভিন্ন খাবার। এই খাবারগুলোতে পুষ্টি উপাদান অনেক বেশি থাকে। গবেষক আখতারুজ্জামান বলেন, দেশের সব মানুষ হয়তো আদিবাসীদের সব খাবার খেতে পারবে না, কিন্তু মাশরুমসহ কিছু খাদ্য খেতে পারবে। কিছু কিছু খাচ্ছেও। এ গবেষণাটি গবেষক, শিক্ষার্থীসহ সবার কাজে লাগবে।অনুষ্ঠানের সভাপতি ইনস্টিটিউটের পরিচালক আমিনুল হক ভূঁইয়া বলেন, ইনস্টিটিউটের পক্ষ থেকে ১৯৭৭ সালে দেশি খাদ্যদ্রব্যের পুষ্টিমানবিষয়ক একটি গবেষণা করা হয়। এরপর ১৯৮৮ সালে হেলেন কেলার ইন্টারন্যাশনাল স্থানীয় খাদ্যের পুষ্টিমান নিয়ে গবেষণা করে। এরপর দেশে আর এ ধরনের গবেষণা হয়নি। বর্তমান গবেষণাটি সরকারের খাদ্য ও পুষ্টিবিষয়ক পরিকল্পনা তৈরিতে সহায়তা করবে।