শাহজালাল বিমানবন্দর
‘এই মশা কয়েলও মানে না’
মশার উৎপাত নিয়ন্ত্রণে নির্দেশ দিয়েছিলেন হাইকোর্ট। ১০ দিনের মধ্যে এ নিয়ে আদালতে প্রতিবেদন দিতে বলা হলেও এখনো তা দেয়নি বেবিচক।
রাত ৯টা ২৫ মিনিটের ফ্লাইটে সৌদি আরবে যাবেন হবিগঞ্জের নাজমুল হাসানের বড় ভাই। এ জন্য গতকাল রোববার সন্ধ্যার দিকেই ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আসেন তাঁরা। টার্মিনাল-২–সংলগ্ন ড্রাইভওয়ের পাশে সারি বেঁধে বসে ছিলেন নাজমুলসহ বেশ কয়েকজন। সামনে জ্বালিয়ে রেখেছিলেন মশার কয়েল।
যুক্তরাষ্ট্র থেকে ছেলে দেশে ফিরবেন, সে অপেক্ষায় ছিলেন কুমিল্লা সদরের বাসিন্দা মো. তমিজউদ্দিন। বিমানবন্দরের ক্যানপি-১–এ গাড়ির জন্য অপেক্ষা করতে করতে হাত দিয়ে মশা তাড়াচ্ছিলেন। উড়োজাহাজ থেকে নেমে তজিমউদ্দিনের কাছে আসার পর ছেলে জুবায়ের উদ্দিনকেও গাড়ির অপেক্ষা করতে করতে মশা মারতে দেখা যায়।
জুবায়ের উদ্দিন নিউইয়র্ক আর ঢাকার বিমানবন্দরের পার্থক্যটা বোঝালেন এই বলে, ‘জন এফ কেনেডি এয়ারপোর্ট থেকে দেশে এলাম। উড়োজাহাজ থেকে নামার পর বিমানবন্দরে মশা কামড়াচ্ছে। ওষুধ দিয়েও মশা কমানো যাচ্ছে না।’
শাহজালাল বিমানবন্দর থেকে বিদেশে যেতে বা ফিরে এসে মশা নিয়ে যাত্রী ও স্বজনদের অভিযোগ দীর্ঘদিনের। এ নিয়ে গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশ এবং ব্যবস্থা নিতে হাইকোর্টের নির্দেশনা থাকলেও চিত্র বদলায়নি। বিমানবন্দর কর্তৃপক্ষ বলছে, ঢাকা শহরের সবচেয়ে পরিষ্কার ও আলোকিত একটি জায়গা বিমানবন্দর। আশপাশের এলাকাগুলো পরিষ্কার না থাকার কারণে মশা উড়ে বিমানবন্দরে আসে।
বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এ এইচ এম তৌহিদ-উল আহসান বলেন, আশপাশের চার থেকে পাঁচ কিলোমিটারের মধ্যে উত্তরা, বাউনিয়া, নিকুঞ্জ, কাউলা—এসব এলাকা থেকে বিমানবন্দরে মশা এসে ভিড় করে। এসব স্থানে মশার উৎপত্তিস্থলগুলো বন্ধ করা গেলে উপদ্রব কমত।
গত ২২ ফেব্রুয়ারি বিমানবন্দরে মশার উৎপাত নিয়ন্ত্রণে অবিলম্বে ব্যবস্থা নিতে বলেন হাইকোর্ট। এ বিষয়ে বেবিচককে ১০ দিনের মধ্যে আদালতে প্রতিবেদন দিতেও বলা হয়। এ বিষয়ে পরবর্তী শুনানির জন্য ৯ মার্চ দিন ধার্য রেখেছেন আদালত।
বেবিচক সূত্রে জানা গেছে, মশার উৎপাত নিয়ন্ত্রণে ব্যবস্থা নেওয়ার ওই প্রতিবেদন গতকাল পর্যন্ত আদালতে দেওয়া হয়নি।