
পুরান ঢাকার ঐতিহ্যবাহী আরমানিটোলা মাঠে কোরবানির পশুর হাট বসাতে দরপত্র আহ্বান করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। প্রায় ৭৯ শতাংশের এই মাঠের মালিক স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ। অথচ দরপত্র আহ্বানের আগে তাদের অনুমতি নেওয়া হয়নি।
এলাকাবাসীর আশঙ্কা, মাঠে পশুর হাট বসানো হলে এর চারপাশে লাগানো গাছ নষ্ট হয়ে যাবে। এ ছাড়া এলাকায় যানজট সৃষ্টি এবং মিটফোর্ড হাসপাতালে রোগীদের যাতায়াতে সমস্যা হতে পারে।
আরমানিটোলা মাঠে পশুর হাট না বসাতে ডিএসসিসির মেয়র মোহাম্মদ সাঈদ খোকনের কাছে আবেদন করেছে পুরান ঢাকার ১১টি প্রতিষ্ঠান ও সংগঠন।
স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের অধ্যক্ষ বিল্লাল আলম বলেন, দরপত্র আহ্বানের আগে তাঁদের অনুমতি নেওয়া হয়নি। গতবার এবং তার আগেরবারও ডিএসসিসি এই মাঠে পশুর হাট বসানোর জন্য দরপত্র আহ্বান করে। পরে প্রতিবাদ করলে তা বাতিল করা হয়। এবারও এই মাঠে পশুর হাট বসতে দেবেন না কলেজের শিক্ষার্থীরা। তিনি বলেন, মাঠের কাছাকাছি স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও মিটফোর্ড হাসপাতাল। মাঠে পশুর হাট বসলে এই এলাকার সব সড়কে ব্যাপক যানজটের সৃষ্টি হবে। এতে রোগী ও কলেজের শিক্ষক-শিক্ষার্থীদের যাতায়াতে সমস্যা হবে। তাই দরপত্র বাতিলের জন্য সিটি করপোরেশনে আবেদন করা হয়েছে। বিষয়টি স্বাস্থ্য মন্ত্রণালয় ও মহানগর পুলিশ কমিশনারকেও জানানো হয়েছে।
জানতে চাইলে ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা খান মোহাম্মদ বিলাল প্রথম আলোকে বলেন, ‘আমাদের সার্ভে টিম পরিদর্শন করে এই মাঠে পশুর হাটের দরপত্র আহ্বান করেছে। তবে পশুর হাটের কারণে ক্ষতির আশঙ্কা থাকলে মেয়রের সঙ্গে আলোচনা করে দরপত্র বাতিল করা হবে।’ দরপত্র আহ্বানে কলেজের অনুমতি নেওয়া হয়েছে কি না, জানতে চাইলে তিনি কোনো মন্তব্য করেননি।
ডিএসসিসির সম্পত্তি বিভাগ সূত্র জানায়, গত ৬ জুলাই ডিএসসিসিভুক্ত এলাকার ১৩টি স্থানে পশুর হাট বসানোর জন্য দরপত্র আহ্বান করে পত্রিকায় বিজ্ঞপ্তি দেওয়া হয়। এর মধ্যে আরমানিটোলা মাঠটি আয়তনে সবচেয়ে বড়। দরপত্রে এই মাঠের সরকারি ইজারা মূল্য ৪ কোটি ৮৬ লাখ ৩৬ হাজার ৬৭০ টাকা নির্ধারণ করা হয়েছে। আগামী ২৬ জুলাই দরপত্র জমা দেওয়ার শেষ দিন।
আরমানিটোলা মাঠের দরপত্র বাতিল করতে ডিএসসিসির মেয়রের বরাবর আবেদন করেছে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ, বাবুবাজার বাদামতলী সমাজকল্যাণ সংসদ, বাংলাদেশ পেপার মার্চেন্টস অ্যাসোসিয়েশন, আরমানিটোলা সমাজকল্যাণ সংসদ, বাংলাদেশ কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্টস সমিতি, বাংলাদেশ গ্লাস মার্চেন্ট অ্যাসোসিয়েশন, দারোগা আমির উদ্দিন ওয়াক্ফ এস্টেটের বাবুবাজার ঘাট জামে মসজিদ কমিটি, বাবুবাজার জুমা মসজিদ পরিচালনা কমিটি, বাংলাদেশ কেমিক্যাল অ্যান্ড পারফিউমারি মার্চেন্টস অ্যাসোসিয়েশন, বাদামতলী ও বাবুবাজার চাল আড়তদার সমিতি এবং বাংলাদেশ রাইস মার্চেন্টস অ্যাসোসিয়েশন।
আরমানিটোলা সমাজকল্যাণ সংসদের সাধারণ সম্পাদক জাকির হোসেন বলেন, দীর্ঘদিন ধরে মাঠ অরক্ষিত পড়ে ছিল। পুরো মাঠে ছড়িয়ে ছিল ময়লা-আবর্জনা। দিনের বেলায় চলত মাদক সেবন, রাতে অসামাজিক কার্যকলাপ। মাঠটি ছিল খেলাধুলার অনুপযোগী। পরে কলেজ কর্তৃপক্ষের মৌখিক অনুমতি নিয়ে সংসদের উদ্যোগে প্রায় ৩৫ লাখ টাকা খরচ করে মাঠটি সংস্কার করা হয়। মাঠের চারপাশে গাছ লাগানো হয়েছে। এখন এই সৌন্দর্য নষ্ট করতে চাইছে সিটি করপোরেশন।
আরমানিটোলা সমাজকল্যাণ সংসদ জানায়, মাঠ থেকে প্রায় ৫০ ট্রাক আবর্জনা অপসারণ করা হয়েছে। মাঠ উঁচু করতে প্রায় ১ হাজার ৪৫০ ট্রাক মাটি ফেলা হয়েছে৷ মাঠের চারপাশে সীমানাপ্রাচীর নির্মাণ করা হয়েছে। এ ছাড়া প্রায় ১ হাজার ফুট হাঁটার পথ নির্মাণ করা হয়। চারপাশে লাগানো হয়েছে ২২০টি মেহগনিগাছ। মাঠে ৪৪টি এলইডি বাতিও লাগানো হয়েছে।
বাংলাদেশ পরিবেশ আন্দোলনের (বাপা) জাতীয় পরিষদের সদস্য ও আদি ঢাকাবাসী ফোরামের সদস্যসচিব জাভেদ জাহান প্রথম আলোকে বলেন, আরমানিটোলা সমাজকল্যাণ সংসদের এই ব্যতিক্রমধর্মী উদ্যোগকে স্বাগত জানিয়েছে পুরান ঢাকার মানুষ। পশুর হাট বসিয়ে এমন একটি মাঠ নষ্ট করার কোনো যুক্তি নেই। এলাকার মানুষ তা মেনে নেবে না। তিনি বলেন, এই মাঠে হাট বসলে যানজটে আশপাশের অন্তত ১০ থেকে ১৫টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষা কার্যক্রম ব্যাহত হবে। পশুর হাটের সীমানা আশপাশের সড়ক ও গলিতে ছড়িয়ে পড়বে। তাই ঘনবসতিপূর্ণ এলাকায় হাট বসানোর বিরোধিতা করছেন তাঁরা।