এই মানুষটি কি করোনা পজিটিভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
করোনাভাইরাস পাল্টে দিয়েছে আমাদের জীবনের বাস্তবতা। দেশ–বিদেশের পাঠকেরা এখানে লিখছেন তাঁদের এ সময়ের আনন্দ–বেদনাভরা দিনযাপনের মানবিক কাহিনি। আপনিও লিখুন। পাঠকের আরও লেখা দেখুন প্রথম আলো অনলাইনে। লেখা পাঠানোর ঠিকানা: [email protected]

এ কেমন ঢাকা? অফিস বন্ধে এ ঢাকাকে দেখেছি? আমরা কি এই ঢাকার স্বপ্ন দেখতাম? ঢাকার এবারের চৈত্র মাস অন্যবারের চৈত্রের মতো ছিল না। করোনার চৈত্রের সকাল ছিল নাতিশীতোষ্ণ। সোনা যেমন পুড়ে পুড়ে খাঁটি হয়, তেমনি ঢাকার বায়ু দূষিত হতে হতে করোনাকালে বায়ুদূষণ কমার হার লক্ষণীয়ভাবে বৃদ্ধি পেয়েছে। প্রাণ ফিরে পেয়েছে ঢাকার প্রকৃতি। অন্য সময়ের ঢাকার চেয়ে করোনার ঢাকার পরিবেশকে আমি অনেক সুন্দর পেয়েছি। মানুষ কম, তাই পরিবেশ-প্রতিবেশব্যবস্থায় চাপও কম।

করোনায় আতঙ্কিত আমরা সবাই! কোথায় প্রবেশ করেনি করোনা? 

ঢাকার অদূরবর্তী গ্রামগুলোও ঢাকার করোনায় প্রভাবিত বটে। নগর পুড়িলে কি দেবালয় এড়ায়? করোনায় মৃতের তালিকায় প্রতিদিন যুক্ত হচ্ছে নতুন নতুন নাম। যিনি স্বজন হারাচ্ছেন, তিনিই তো বুঝছেন স্বজন হারানোর ব্যথা। রাজধানীর মতিঝিলে যে ভ্যানে পোশাক কারখানার পণ্য বেচাকেনা হতো, সে ভ্যানে এখন মেলে করোনার সুরক্ষাসামগ্রী। কী আর করবে, বাঁচতে তো হবে! জীবিকা যা–ই হোক, জীবন আগে। রাস্তায় সাধারণ মানুষের আনাগোনা আগের মতো নেই। মানুষের আতিথেয়তাও আগের মতো নেই। বাঁচার তাগিদে মানুষ অসামাজিক হয়ে যাচ্ছে। আমিও কোনো আত্মীয়ের বাসায় বেড়াতে যাই না কয়েক মাস। বন্ধু-সহকর্মীদের সঙ্গেও আর আড্ডায় মেতে উঠি না; যদিও আমার ধারেকাছেই অনেক বন্ধুর বাস। অনেক পরিচিত মানুষ এখন দেখা হলে দূর থেকে কথা বলেন। আবার অনেকেই অপ্রয়োজনীয় কথা বলেন না। মানুষের বাঁচার কী তাগিদ! আমরা সবাই বর্তমান পরিস্থিতির শিকার। বাঁচতে হলে, সুস্থ থাকতে হলে, পরিবারকে সুস্থ রাখতে হলে শর্তগুলো মানতেই হবে।
আমরা ঢাকাবাসী প্রকৃতির বিষাদ-বিরাগে ভুগছি। আমাদের সবার মধ্যে একটা দ্বিধা কাজ করছে—হচ্ছে কি আর ভবিষ্যৎই বা কেমন? বার্ধক্যজনিত রোগে যারা ভুগছেন, তাদের হয়েছে বড় বিপদ। তারা রুটিন চেকআপ করাতে পারছেন না। তাদের রুটিন চেকআপে বাদ সেধেছে করোনা। আমার অনেক পরিচিতজন সাধারণ রোগেও হাসপাতালে যেতে দ্বিধাগ্রস্ত হচ্ছেন। যদি শরীরে হাসপাতাল থেকে আসে করোনার জীবাণু! মাঝেমধ্যে পত্রিকায় প্রকাশিত দু-একটি খবর পড়ে আমি আতঙ্কিত হয়ে পড়েছি; রোগীকে হাসপাতাল ভর্তি করছে না। বিনা চিকিত্সায় হাসপাতালে ভর্তির আগেই রোগী মারা যাচ্ছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেই ছাত্রের জন্য খুব মনটা খারাপ হয়ে যায়; বেঁচে থাকলে আমাদের দেশকে হয়তো অনেক কিছু দিতে পারতেন। করোনাযুদ্ধ করোনাহীন রোগীদের দুর্ভোগ বাড়িয়ে দিয়েছে অনেক বেশি। ক্যানসারসহ দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত ব্যক্তিরা ভয়ে ভয়ে যাচ্ছেন চিকিৎসকের কাছে; যদি শরীরে নতুন করে ঢুকে যায় করোনার জীবাণু। টিভির সংবাদে দেখলাম, ভাইয়ের জ্বর এসেছে; বোন ভাইয়ের সঙ্গে গেছে করোনা টেস্ট করাতে। হঠাৎ ভাই অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়লেন; বোন তাকে রেখে চলে গেলেন! এরপর তাকে উদ্ধার করেছিলেন পাশে থাকা এক ফটোসাংবাদিক। করোনায় আক্রান্তু শুনে স্বামীকে রেখে চলে গেলেন স্ত্রী। এই ধরনের সংবাদ প্রায়ই আসছে। হে করোনা, তুমি করেছ মোদের অসামাজিক, অমানবিক।
করোনার উপসর্গ নিয়ে মৃত্যুবরণকারীরা কি আসলেই করোনায় আক্রান্ত ছিলেন? যদি করোনায় আক্রান্ত হন, তবে তার স্বজনেরা কেমন আছেন? আর যদি করোনায় আক্রান্ত না হন, তখন? তার সঠিক চিকিত্সা পাওয়ার অধিকার তো ছিল। ঘনবসতির কারণে ঢাকার মানুষের নিয়মাচার না মানার প্রবণতা রয়েছে। করোনার সময়েও তার ব্যতিক্রম ঘটেনি। রাজধানীতে করোনা বেশি আক্রান্ত হওয়ার কারণ এটাই; মানুষ সঠিকভাবে স্বাস্থ্যবিধি অনুসরণ করেনি। ঢাকায় অনেক মানুষ মানবিক জীবন যাপন করছেন; তারা কি করোনা–সচেতন হয়েছেন আদৌ? এখন মানুষের কাছে সাহায্য চেয়ে হাত বাড়ানোর মানুষের সংখ্যা তুলনামূলক অনেক বেড়ে গেছে। এই মানুষের সাহায্য দেওয়া তো অনেক দূরের কথা; মনে অজানা প্রশ্ন জেগে ওঠে, এই মানুষটি কি করোনা পজিটিভ? এই শ্রেণির মানুষের কখনো করোনা–সচেতন করা সম্ভব বলে মনে হয় না। হে করোনা, তুমি করেছ মোদের হৃদয়হীন।
চিরচেনা স্বপ্নের তিলোত্তমা নগরী ঢাকা কয়েক মাসে যেন বদলে গেল। আগের মতো সব অফিস খোলা; অফিসগুলোতে অফিসার এবং গ্রাহক তথা প্রয়োজনে আসা মানুষের উপস্থিতি তুলনামূলক কম। এখন ঢাকার মানুষের মুখে একাধিক মাস্ক! হাতে হাতে হ্যান্ড গ্লাভস। চোখে বিশেষ চশমা আর মাথায় নীল রঙের ছাউনি। অনেকেই পকেটে রাখছেন হেক্সিসল বা হ্যান্ড স্যানিটাইজার। প্রথম দেখায় কেউ কাউকে চিনতে পারছেন না; সবার পোশাক বদলেছে। শুধু পোশাকেই বদলেছে ঢাকার মানুষ? এখন অভাবী-নেশাখোর মানুষকে বেশি দেখা যায় রাস্তায় আর সাধারণ মানুষ হয়েছে গৃহবন্দী। অনেক প্রতিষ্ঠানের বেতন নিয়ে ঝামেলা থাকায় অনেকেই বাসাভাড়াও ঠিকমতো দিতে পারছেন না। গণপরিবহনে ওঠার জন্য আগের মতো প্রতিযোগিতা আর করতে হয় না। গণপরিবহনের ভাড়া বেশি; কিছু বাসে হেলপারের হাতে স্প্রে। সিএনজিগুলোতে আগের মতো যাত্রীর ভিড় নেই। উত্সবে শ্রেষ্ঠ বাঙালি; ঢাকার বিয়েশাদি, ঈদ আনুষ্ঠানিকতা, নতুন বছর বরণ-উদ্‌যাপন—সব বদলে দিল করোনাভাইরাস। ঢাকার স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়ে প্রাণ নেই। সেশনজট আর অলস জীবযাপনে বদলেছে ছাত্রছাত্রীদেরও ভাবনা। বসে থাকতে হবে ঘরে, বাইরে যাওয়া যাবে না। এমন শিক্ষাজীবন আগে দেখেনি শিক্ষার্থীরা, তারা ভাবেওনি। ছাত্রছাত্রীরা ধীরে ধীরে অনলাইন ক্লাস-পরীক্ষার যুগে প্রবেশ করছে। রাস্তার মোড়ে মোড়ে ছাত্রদের প্রাণবন্ত আড্ডা আগের মতো নেই। কম বয়সী শিক্ষার্থীরাও তাদের নিজ নিজ সামাজিকতা হারাতে বসেছে। এখন শিক্ষার্থীরা কেউ কেউ মুভি দেখে, কেউবা বই পড়ে সময় কাটাচ্ছে। ঢাকায় বসবাসরত প্রান্তিক মানুষ অনেকেই নিজ পেশা পরিবর্তন না করে পারেননি; আবার করোনার আতঙ্ক হোক অথবা অভাবেই হোক, অনেকেই ঢাকা থেকে ফিরে গেছেন গ্রামে।
বাংলাদেশের অর্থনীতির চাকা সচল রাখতে এবং খেটে খাওয়া মানুষের জীবনজীবিকার তাগিদে সরকার সাধারণ ছুটি তুলে নিয়েছে। সরকার করোনা রোগীদের এলাকাভিত্তিক রেড, ইয়োলো, গ্রিন জোনে ভাগে ভাগও করেছে। ঢাকায় বিভিন্ন জোনে বসবাসরত মানুষের জোনভিত্তিক করোনার শর্ত মানতে হবে। ঢাকার মানুষ এখন জীবনের ঝুঁকি নিয়ে কর্মস্থলে যাচ্ছেন। সরকারি-বেসরকারি সব দপ্তরের সব শ্রেণি–পেশার মানুষ দেশের সাধারণ মানুষকে নিয়ে করোনার বিরুদ্ধে লড়ছেন। দীর্ঘ রাতের পর যেমন আসে একটি সুন্দর সকাল; তেমনি করোনাযুদ্ধের শেষে স্বপ্নের পরিবেশবান্ধব, মানবিক, হৃদয়গ্রাহী ও দৃষ্টিনন্দন ঢাকা গড়ার লক্ষ্যে সংশ্লিষ্ট সবাইকে এগিয়ে আসতে হবে।
*[email protected]