এই শহর নারীবান্ধব নয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

এক গবেষণায় দেখা গেছে, গণপরিবহন-ব্যবস্থা ভালো না থাকায় ৫৬ শতাংশ নারী বাড়ির বাইরে বেরোতে চান না। পাশাপাশি প্রায় এক-চতুর্থাংশ নারী বলেছেন, বাসের চালক বা সহকারী তাঁদের সঙ্গে অপমানজনক আচরণ করেছেন।

‘নারী সংবেদনশীল নগর-পরিকল্পনা’ শীর্ষক একটি গবেষণায় এসব তথ্য উঠে এসেছে। বিশ্ব নিরাপদ শহর দিবস উপলক্ষে অ্যাকশনএইড বাংলাদেশ গতকাল শনিবার নিজ কার্যালয়ে এ গবেষণার ফলাফল প্রকাশ অনুষ্ঠানের আয়োজন করে।

২০১৬ সালের এপ্রিল–মে মাসে বিভিন্ন বয়সী ও পেশার ২০০ জন নারীর মধ্যে গবেষণাটি চালানো হয়।

গবেষণাটি বলছে, এই নারীদের ৯৪ শতাংশ নানা কারণে পাবলিক টয়লেট ব্যবহার করে না। পুরুষ সঙ্গী ছাড়া তাঁরা একা এসব টয়লেট ব্যবহার নিরাপদ মনে করেন না।

৭২ শতাংশ নারী বলেছেন, ফুটপাতগুলো নির্মাণসামগ্রী, হকার ও দোকানদারদের দখলে।

গবেষণাটি আরও বলছে, ৮৭ শতাংশ নারী পার্ক ও উদ্যানের সংখ্যা প্রয়োজনের তুলনায় কম বলেছেন। রক্ষণাবেক্ষণের, পরিচ্ছন্নতার সমস্যাসহ পার্ককে অসামাজিক কর্মকাণ্ডের স্থান মনে করেন অনেক নারী।

অ্যাকশনএইড বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর ফারাহ কবির বলেন, ‘এই নগরীর (ঢাকা) অর্ধেক জনসংখ্যা নারী। অথচ শহরটি নারীবান্ধব নয়। এটা হচ্ছে বড়লোক পুরুষদের শহর; যারা পায়ে হেঁটে কষ্ট করে চলাচল করে, তাদের জন্য এই শহর নয়।’

দেশের রাজনীতিবিদেরা কতটুকু পায়ে হাঁটেন অথবা তাঁদের সন্তানেরা বাসে-রিকশায় চলাচল করেন কি না, প্রশ্ন তুলে ফারাহ কবির আরও বলেন, ‘নগরীতে এ জন্যই বৈষম্য বাড়ছে। নগরটি পুরুষতান্ত্রিক হয়ে পড়ছে। এ সমস্যার সমাধান করতে হবে।’

অনুষ্ঠানে গবেষণার ফলাফল উপস্থাপন করেন বাংলাদেশ ইনস্টিটিউট অব প্লানার্সের সাধারণ সম্পাদক আখতার মাহমুদ। তিনি বলেন, একজন পুরুষের তুলনায় শহরের নারীর জীবনযাপনের বাস্তবতা ভিন্ন এবং অনেক জটিল। এ সমস্যা সমাধানে নগর-পরিকল্পনা থেকে শুরু করে বাস্তবায়ন পর্যন্ত নারীর অংশগ্রহণ থাকতে হবে।

কিশোরীদের জন্য খেলার মাঠ থাকার ওপর গুরুত্বারোপ করেন স্থপতি ইকবাল হাবিব। তিনি বলেন, নারীর উন্নয়ন কেবল ভাবনার মধ্যে রাখলে হবে না। তাঁদের জন্য নির্দিষ্ট লক্ষ্যমাত্রা নির্ধারণ করে নগরের বিভিন্ন প্রকল্পের পরিকল্পনা করতে হবে।

বারডেম জেনারেল হাসপাতালের সম্মানসূচক জ্যেষ্ঠ পরামর্শক এম খলিলুর রহমান বলেন, ভালো এবং পর্যাপ্ত টয়লেট-সুবিধা না থাকায় নারীদের ইউরিনারি ট্রাক্ট ইনফেকশন বেশি হয়।

এতে আরও জানানো হয়, বিচ্ছিন্নভাবে নগর উন্নয়নের পরিকল্পনা করা হয়। এতে গরিব, প্রান্তিক জনগোষ্ঠীসহ নারী ও প্রতিবন্ধীদের অংশগ্রহণ নেই বললেই চলে। এমনকি তাঁদের কথা বিবেচনাও করা হয় না। অথচ সমাজের উন্নয়ন ও অর্থনৈতিক প্রবৃদ্ধি ধরে রাখতে হলে বিষয়গুলোকে গুরুত্ব দিতে হবে। নারীর জন্য নিরাপদ ও বৈষম্যহীন নগরী তৈরি করতে হবে।

গণমাধ্যমের কর্মীদের সঙ্গে একটি মুক্ত আলোচনার পর্ব অনুষ্ঠিত হয়; যেখানে গণমাধ্যমের কর্মীরা প্রশ্নসহ নানা বিষয়ে মতামত দেন।