যুদ্ধাপরাধীদের বিচারের মাধ্যমে ফাঁসির রায় ঘোষণা ও জঙ্গিবাদ উৎখাতের দাবিতে আয়োজিত সমাবেশে বর্তমান সরকারের আমলেই মানবতাবিরোধী অপরাধের বিচার শেষ করার দাবি জানানো হয়েছে। গতকাল রোববার ঢাকা জেলা মুক্তিযোদ্ধা সংসদ ও ঢাকা মহানগর কমান্ড যৌথভাবে জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে এ সমাবেশের আয়োজন করে।সমাবেশে আইন, বিচার ও সংসদবিষয়ক প্রতিমন্ত্রী কামরুল ইসলাম বলেন, বিএনপির বড় বড় আইনজীবী আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গিয়ে বিচার বিলম্বিত করার চেষ্টা করছেন। কিন্তু তাঁদের এ উদ্দেশ্য সফল হবে না। ইতিমধ্যে একজনের বিচার শুরু হয়ে গেছে, আগামী দু-এক মাসের মধ্যে আরও সাত-আটজনের বিচার শুরু হবে। ২০১২ সাল হবে যুদ্ধাপরাধীদের বিচারের বছর।ঢাকা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী মানবতাবিরোধী অপরাধের বিচারে গঠিত ট্রাইব্যুনালের উদ্দেশ্যে বলেন, ৪০ বছর পর যুদ্ধাপরাধের বিচার শুরু হয়েছে। দেশের মুক্তিযোদ্ধারা যেন জীবিত অবস্থায় যুদ্ধাপরাধীদের বিচার দেখে যেতে পারেন। বিচারের গতি আরও বাড়িয়ে দেন।মুক্তিযোদ্ধা সংসদের ঢাকা জেলা কমান্ডের কমান্ডার আমির হোসেন মোল্লা সমাবেশে সভাপতিত্ব করেন। সমাবেশে মুক্তিযোদ্ধা সংসদের বিভিন্ন কেন্দ্রীয় কমান্ডের নেতা-কর্মী ও মুক্তিযোদ্ধারা উপস্থিত ছিলেন।