এইচআইভি প্রতিরোধের প্রচেষ্টা দ্বিগুণ করার আহ্বান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতিসংঘ জনসংখ্যা তহবিলের (ইউএনএফপিএ) এদেশীয় প্রতিনিধি আরথার আরকান বলেছেন, ২০০১ সালের চেয়ে ২০১১ সালে বাংলাদেশে এইচআইভি সংক্রমণের হার ২৫ শতাংশ বেশি। সংক্রমণের রাশ টানতে প্রচেষ্টা দ্বিগুণ করতে হবে। গতকাল শনিবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বিশ্ব এইডস দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী আ ফ ম রুহুল হক দেশের এইচআইভি ও এইডসের সর্বশেষ পরিসংখ্যান জানান। তাতে দেখা যায়, ২০১২ সালে এইচআইভি সংক্রমিত ৩৩৪ জন ব্যক্তি শনাক্ত হয়েছে। এ বছর নতুন এইডস রোগে আক্রান্ত হয়েছে ১০৩ জন। আর এইডসে কারণে মারা গেছে ৬৫ জন। এ নিয়ে দেশে শনাক্ত হওয়া এইচআইভি সংক্রমিত ব্যক্তির সংখ্যা দাঁড়াল দুই হাজার ৮৭১ জন। আর এইডস রোগী এক হাজার ২০৪ জন। এ পর্যন্ত এইডসে মারা গেছে ৩৯০ জন। উদ্বোধনী অনুষ্ঠানে আশার আলো সোসাইটির নির্বাহী পরিচালক হাবিবা আক্তার বলেন, এইচআইভি সংক্রমিত ব্যক্তি ও এইডস রোগীদের রক্ত পরীক্ষার জন্য কেনা সিডি-৪ যন্ত্রগুলো যেন শিগগির চালু করা হয়। স্বাস্থ্যমন্ত্রী হাবিবার হাতে এইডস চিকিৎসার অ্যান্টিরেট্রোভাইরাল ওষুধ তুলে দেন।এ বছর এইডস দিবস উপলক্ষে একই সঙ্গে দুই দিনের এইডস সম্মেলনের আয়োজন করা হয়েছে। জাতীয় এইডস/এসটিডি কার্যক্রম, ইউএনএইডস, ইউনিসেফ, আইসিডিডিআরবি, সেভ দ্য চিলড্রেন, ইউএসএআইডি, বিশ্ব স্বাস্থ্য সংস্থা, ইউএনএফপিএ, ফ্যামিলি হেলথ ইন্টারন্যাশনাল, অ্যাকশনএইড যৌথভাবে এই সম্মেলনের আয়োজন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানের পর সম্মেলনের প্রথম কারিগরি অধিবেশনে আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশের (আইসিডিডিআরবি) এইচআইভি অ্যান্ড এইডস কেন্দ্রের পরিচালক তাসনিম আজিম বলেন, বাংলাদেশে সামান্য পরিমাণে হলেও এইচআইভির প্রকোপ বাড়ছে। তিনি বলেন, শিরায় মাদক ব্যবহারকারীদের মধ্যে এইচআইভি প্রতিরোধে গুরুত্বপূর্ণ কাজ হয়েছে। কিন্তু আন্তর্জাতিক পরিমণ্ডলে সেই তথ্য গুরুত্ব দিয়ে তুলে ধরা হয় না। একই অধিবেশনে ইউএনএইডসের আঞ্চলিক কর্মসূচি উপদেষ্টা অমলা রেড্ডি বলেন, এশীয় ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের কয়েকটি দেশে এইচআইভি ও এইডসের মহামারি সুপ্ত অবস্থায় রয়েছে। দেশগুলোর একটি বাংলাদেশ। তিনি বলেন, এই অঞ্চলের বেশ কিছু দেশ সংশ্লিষ্ট বিষয়ে সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্য অর্জন করতে পারবে না বলেই ধারণা করা হচ্ছে। বিশ্ব এইডস দিবস উপলক্ষে কনসার্ন ওয়ার্ল্ডওয়াইড গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে পথনাটক ও স্বাক্ষর সংগ্রহ কর্মসূচির আয়োজন করে। দিনব্যাপী এই কর্মসূচিতে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাড়া আর নয়টি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করেন।