এইচএসবিসি ব্যাংকের খোয়া যাওয়া ৪৫ লাখ টাকার মধ্যে ২৮ লাখ টাকা উদ্ধার করেছে র্যাব। এ ঘটনায় এক নারীসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। বেসরকারি নিরাপত্তা সংস্থা গ্রুপ ফোরের গাড়ি থেকে গত ২২ এপ্রিল এসব টাকা খোয়া যায়।র্যাব জানায়, ঘটনার দিন সকালে এইচএসবিসি ব্যাংকের মতিঝিল শাখার জন্য পাঁচ কোটি টাকা আনতে নিরাপত্তা কোম্পানি ‘গ্রুপ ফোর’-এর চার কর্মকর্তাসহ একটি বিশেষ গাড়ি বাংলাদেশ ব্যাংকে যায়। সেখান থেকে ছোট ছোট বেশ কয়েকটি ট্রাংকে টাকা তুলে তারা ব্যাংকে আসে। গাড়ির চালক সব টাকা বুঝিয়েও দেন। কিন্তু গাড়ি থেকে ট্রাংক নামিয়ে গণনার সময় দেখা যায়, ৪৫ লাখ টাকা নেই।এ ঘটনা ধরা পড়ার পর ‘গ্রুপ ফোর’ বাদী হয়ে মতিঝিল থানায় গাড়ির চালক মো. ফরিদ মিয়া, তাঁর ছেলে শাহ আলম, জানে আলমসহ আরও কয়েকজনকে আসামি করে মামলা করে। মামলার পরই ফরিদ মিয়া ও তাঁর ছেলে পালিয়ে যান।র্যাব জানায়, টাকা বুঝিয়ে দেওয়ার পর ফরিদ মিয়া গাড়ির ভেতর তাঁর বাহিনীর পোশাক ফেলে দ্রুত পালিয়ে যান। এতে ধারণা করা হয়, চালক কোনো একটি টাকাভর্তি ট্রাংক থেকে কৌশলে ৪৫ লাখ টাকা সরিয়ে নিয়ে পালিয়ে গেছেন।র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের গোয়েন্দা শাখা ও র্যাব-১-এর একটি দল ১ মে রাতে ফরিদ মিয়ার ছেলে শাহ আলমের বান্ধবী সুমির বাসায় অভিযান চালিয়ে চুরি করা ২৮ লাখ ৪০ হাজার টাকা উদ্ধার করে। এ ঘটনায় শাহ আলমের বান্ধবী সুনিয়া ইসলাম ওরফে সুমি, তাঁর মা মনোয়ারা বেগম ও শাহ আলমের ঘনিষ্ঠ বন্ধু মামুন সিরাজকে গ্রেপ্তার করা হয়। র্যাব জানিয়েছে, বাকি টাকা উদ্ধারের চেষ্টা চলছে।