এইচএসসি পরীক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ
উচ্চমাধ্যমিক (এইচএসসি) পরীক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছে। পরীক্ষার সময়সূচি সংশোধনের দাবিতে গতকাল বুধবার বিকেলে পরীক্ষার্থীরা ঢাকা শিক্ষা বোর্ড ঘেরাও করতে গেলে এ সংঘর্ষ হয়।স্থানীয় সূত্র জানায়, গতকাল দুপুরে রাজধানীর অন্তত ১০টি কলেজের কিছু পরীক্ষার্থী বোর্ড কার্যালয় ঘেরাও করতে জড়ো হয়। তাদের ছয়জন সময়সূচি পরিবর্তনের আবেদন নিয়ে বোর্ডের চেয়ারম্যান ফাহিমা খাতুনের সঙ্গে দেখা করে। চেয়ারম্যান বিষয়টি বিবেচনার আশ্বাস দেন।এরপর বেলা তিনটার দিকে কয়েক শ শিক্ষার্থী আবার আসে। তারা সড়ক অবরোধ করে বিভিন্ন স্লোগান দেয়। কয়েকজনকে ভেতরে নিয়ে বলা হয়, বিষয়টি শিক্ষা মন্ত্রণালয়ের হাতে। তবে শিক্ষার্থীরা ঘোষণার জন্য রাস্তায় অবস্থান নেয়। পুলিশ রাস্তা থেকে সরিয়ে দিতে গেলে হাতাহাতি ও সংঘর্ষ হয়। এতে অন্তত ১৫ জন আহত হয়। চকবাজার থানার ওসি মোহাম্মদ আলী বলেন, পরীক্ষা পেছানোর দাবিতে কিছু ছাত্র শিক্ষা বোর্ডের সামনে সড়ক অবরোধের চেষ্টা করে। পুলিশ ধাওয়া করে তাদের ছত্রভঙ্গ করে।