
২০৩০ সালের মধ্যে দেশ থেকে এইচআইভি/এইডস নির্মূলের যে লক্ষ্যমাত্রা, তা অর্জন করা সম্ভব। তবে তার জন্য সরকারি-বেসরকারি পর্যায়ের সমন্বিত উদ্যোগ চাই। একই সঙ্গে সরকারের পক্ষ থেকে বিনিয়োগ বাড়াতে হবে। সামাজিক সচেতনতা তৈরি অব্যাহত রাখতে হবে।
গতকাল মঙ্গলবার কারওয়ান বাজারে প্রথম আলো কার্যালয়ে অনুষ্ঠিত ‘এইচআইভি সংক্রমণ ও এইডসে মৃত্যু, আর নয় একটিও’ শীর্ষক গোলটেবিল বৈঠকে আলোচকেরা এসব কথা বলেন। প্রথম আলো ও জাতিসংঘ জনসংখ্যা তহবিল (ইউএনএফপিএ) যৌথভাবে এ গোলটেবিল বৈঠকের আয়োজন করে।
বৈঠকের প্রধান অতিথি শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেন, সব ধরনের গোপনীয়তা বজায় রেখে কমিউনিটি ক্লিনিকে এইচআইভি/ এইডস রোগীদের কাউন্সেলিং ও প্রয়োজনে টেস্টের ব্যবস্থা করা যেতে পারে।
মন্ত্রী বলেন, মানুষকে শুধু এইচআইভি টেস্টের আওতায় আনলেই চলবে না, সময়মতো যাতে তারা যথাযথ চিকিৎসার আওতায় আসতে পারে, তাও নিশ্চিত করতে হবে। এ ক্ষেত্রে সরকারকে পর্যাপ্ত অর্থ ব্যয় করার পাশাপাশি বেসরকারি সংগঠন ও দাতা সংস্থাকেও সহযোগিতার হাত বাড়াতে হবে। জনসচেতনতা বাড়াতে গণমাধ্যমকে এগিয়ে আসার আহ্বান জানান মন্ত্রী।
বৈঠকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক কামরুল হাসান খান চিকিৎসক হিসেবে রোগের চিকিৎসার চেয়ে প্রতিরোধের দিকে বেশি গুরুত্ব দেন। অনেক দিন ধরে জ্বর, কাশি, পাতলা পায়খানা, দুর্বলতা, দ্রুত ওজন কমে যাওয়ার লক্ষণ দেখা দিলে এইচআইভি টেস্ট করানোর পরামর্শ দেন তিনি।
কামরুল হাসান খান বলেন, ১৯৮৯ সাল থেকে বর্তমান পর্যন্ত ৬৫৮ জন এইচআইভি/এইডসে মারা গেছে। এ রোগটি নিয়ে শুরুর দিকে যেমন আতঙ্ক ছিল, এখন তা উড়ে গেছে তা নয়। অথচ এটি কোনো ছোঁয়াচে রোগ নয়। মূলত অনিরাপদ রক্ত সঞ্চালন ও অনিরাপদ যৌন আচরণের কারণে রোগটি ছড়াচ্ছে, তা মানুষকে জানাতে হবে। আর যদি কারও রোগটি হয়ে যায় তাকে দূরে ঠেলে না দিয়ে সমাজের মূলধারায় রেখেই চিকিৎসা করতে হবে। সেবা দিতে হবে। এ ক্ষেত্রে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল এইচআইভি আক্রান্ত মায়েদের নিরাপদ প্রসবসহ অন্যান্য সেবা দিচ্ছে কোনো ধরনের বৈষম্য ছাড়া। মা থেকে সন্তান যাতে সংক্রমিত না হয়, সে-সংক্রান্ত প্রকল্পটিও ইতিবাচক ফল বয়ে এনেছে বলে উল্লেখ করেন তিনি।
সঞ্চালকের দায়িত্ব পালন করেন প্রথম আলোর সহযোগী সম্পাদক আব্দুল কাইয়ুম।
আশার আলো সোসাইটির সাবেক উপপরিচালক আসমা পারভীন জানান, দেশে চলতি বছরে নতুন আক্রান্তদের মধ্যে ৩৪৪ জন পুরুষ, ১১৭ জন নারী এবং ৮ জন হিজড়া। তিনি বলেন, জেন্ডার বৈষম্য, বাল্যবিবাহ, যৌন নির্যাতন, সঙ্গীকে কনডম ব্যবহারে বাধ্য করতে না পারাসহ বিভিন্ন কারণে নারীরা ঝুঁকির মধ্যে থাকে। স্বামীর মাধ্যমে স্ত্রী আক্রান্ত হওয়ার পরও দেখা যায়, স্ত্রীকেই দোষারোপ করা হচ্ছে। স্বামী চিকিৎসা বা কাউন্সেলিংয়ের আওতায় এলেও স্ত্রী এসব সেবার বাইরেই থেকে যাচ্ছেন।
ইউএনএইডসের উপদেষ্টা সায়মা খান বলেন, গত ২০ বছরে বিভিন্ন পর্যায়ে কার্যক্রম পরিচালনা করার ফলেই ১ লাখ ৪১ হাজার এইচআইভি সংক্রমণ থামিয়ে রাখা সম্ভব হয়েছে। ২০ হাজার মৃত্যু কমানো সম্ভব হয়েছে। এইচআইভি/এইডস নিয়ে কার্যক্রম অব্যাহত রাখতেই হবে। তা না হলে ভয়াবহ আকার ধারণ করবে।
জাতিসংঘ শিশু তহবিলের (ইউনিসেফ) এইচআইভি/এইডস বিশেষজ্ঞ এম জিয়া উদ্দিন বলেন, দাতা সংস্থার অনুদান আস্তে আস্তে কমে যাবে, তা সবারই জানা ছিল। এখন সরকারকে বিনিয়োগ বাড়াতে হবে। দেশে ভালো ভালো কর্মকৌশল ও নীতি আছে তা বাস্তবায়ন করতে হবে।
পায়াক্ট বাংলাদেশের পরিচালক আবু ইউসুফ চৌধুরী বলেন, পাঠ্যপুস্তকে এইচআইভি/এইডসের বিষয় অন্তর্ভুক্ত আছে। সারা দেশের শিক্ষকদের প্রশিক্ষণ দেওয়া আছে। জেলা পর্যায়ে এইডস কমিটিকে কার্যকর করতে হবে। ১৭ থেকে ১৮টি মন্ত্রণালয়ে এইডস-বিষয়ক ফোকাল পয়েন্ট আছে। এই মন্ত্রণালয়গুলো যাতে বাজেটে আলাদা বরাদ্দ রাখে, তা দেখতে হবে। বাংলাদেশ ব্যাংক বিভিন্ন প্রতিষ্ঠানের সামাজিক দায়বদ্ধতায় এইডসের বিষয়টিকে সম্পৃক্ত করেছে, তা নজরদারির আওতায় আনতে হবে।
সেভ দ্য চিলড্রেনের এইচআইভি/এইডস প্রোগ্রামের চিফ অব পার্টি লিমা রহমান চিহ্নিত ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর বাইরে অভিবাসীদের মাধ্যমে তাঁদের স্ত্রী, সন্তানেরাও আক্রান্ত হচ্ছে। তাই এখন আর শুধু পকেটগুলো ধরে কার্যক্রম চালালেই হবে না, সাধারণ জনগণের মধ্যেও সচেতনতা তৈরি করতে হবে। সরকারের স্বাস্থ্যকর্মীরা সচেতনতা তৈরি করার কাজটি করতে পারেন বলে তিনি উল্লেখ করেন।
আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র বাংলাদেশের (আইসিডিডিআরবি) দ্য গ্লোবাল ফান্ড আরসিসি প্রজেক্টের কো-অর্ডিনেটর এ কে এম মাসুদ রানা বলেন, এইচআইভি/এইডস নিয়ে গবেষণা পর্যাপ্ত না হওয়ার ফলে নীতিনির্ধারকেরাও সঠিক নির্দেশনা পাচ্ছেন না।

লিঙ্কআপ বাংলাদেশের উপপ্রকল্প পরিচালক এ এস এম হাবিবুল্লাহ চৌধুরী বলেন, সেবাকেন্দ্রগুলোতে এইচআইভি/এইডস রোগীরা স্বচ্ছন্দ বোধ করছে না। তাই ওয়ানস্টপ সার্ভিস চালু করতে হবে।
মডেল ও অভিনয়শিল্পী জান্নাতুল ফেরদৌস পিয়া বলেন, গণমানুষের কাছে তথ্য পৌঁছাতে হলে এবং ভয় দূর করতে হলে প্রচারের কোনো বিকল্প নেই। মেরিল-প্রথম আলো অনুষ্ঠানে এইডস-বিষয়ক কোনো কার্যক্রম যাতে রাখা হয় তার আহ্বান জানান তিনি। পিয়া বলেন, সেলিব্রিটিদের দিয়ে এইচআইভি/এইডস কীভাবে ছড়ায়, সে-সংক্রান্ত তথ্য স্পষ্ট ও সহজ করে জানাতে হবে।
হিজড়া, সমকামীদের নিয়ে কাজ করা ‘বন্ধু সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি’র নির্বাহী পরিচালক সালেহ আহমেদ মানবাধিকারের দৃষ্টিভঙ্গি এবং আধুনিক প্রযুক্তিকে কাজে লাগিয়ে বিভিন্ন কার্যক্রমকে ঢেলে সাজানোর পরামর্শ দেন।
হিজড়া জনগোষ্ঠী নিয়ে কাজ করা ‘সম্পর্কের নয়া সেতু’ সংগঠনের প্রেসিডেন্ট জয়া শিকদার বলেন, সরকার হিজড়াদের ‘থার্ড জেন্ডার’ হিসেবে স্বীকৃতি দিলেও এ জনগোষ্ঠী নিয়ে সরকারি কর্মকর্তাদের ধারণা এখন পর্যন্ত ততটা স্পষ্ট হয়নি। ঝুঁকিপূর্ণ এই জনগোষ্ঠীর পাশে সরকারি এবং বেসরকারি প্রতিষ্ঠানকে দাঁড়ানোর জন্য আহ্বান জানান তিনি।
ইনজেকশনের মাধ্যমে যারা মাদক গ্রহণ করছে, তাদের নিয়ে কাজ করা ‘আস্থা’র সভাপতি শাহেদ ইবনে ওবায়েদ বলেন, শুধু ইনজেকশনের মাধ্যমে মাদকসেবীদের দিকে নজর দিলেই হবে না, ইয়াবাসহ অন্যান্য মাদকসেবীর দিকেও নজর দিতে হবে। কেননা, এরাও অনিরাপদ যৌন আচরণে জড়িয়ে যাচ্ছে।