এক ইউনিয়নের রাস্তার কাজ করেন অন্য ইউনিয়নের চেয়ারম্যান!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর উত্তরায় দক্ষিণখান ইউনিয়নে ৬০ লাখ টাকা ব্যয়ে আজমপুর-ময়নারটেক সড়কটি সংস্কারের ছয় মাসের মধ্যেই ভেঙেচুরে গেছে। রাস্তার বিভিন্ন স্থানে গভীর গর্তের সৃষ্টি হয়েছে। সুয়ারেজ লাইনের সংযোগে ফাটল ধরে রাস্তার মাঝে পুকুরের মতো জলাশয় হয়ে গেছে। এতে যানচলাচল বন্ধ হওয়ার উপক্রম হয়েছে। সংলগ্ন এলাকার জনগণের ভোগান্তিও চরমে। এই অবস্থার জন্য দক্ষিণখান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খলিল মোল্লা উত্তরখান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে দায়ী করেন। তিনি বলেন, ‘আমার ইউনিয়নের রাস্তা হলেও এ কাজ আমি করিনি। করেছেন উত্তরখান ইউনিয়নের চেয়ারম্যান কামাল উদ্দিন আহম্মেদ।’অপরদিকে উত্তরখানের চেয়ারম্যান বলেন, দক্ষিণখানের চেয়ারম্যান বয়স্ক লোক। তা ছাড়া তিনি বিএনপি করেন। তিনি সড়কটি খারাপ করে নির্মাণ করলে সরকারের বদনাম হবে, এ জন্যই তিনি সড়কটি নির্মাণ করেছেন। তা ছাড়া ওই সড়কটি দক্ষিণখানে হলেও এটি দিয়ে উত্তরখানের বাসিন্দারাই বেশি চলাচল করে।উত্তরার আজমপুর থেকে ময়নারটেক পর্যন্ত এক হাজার ৭৩০ মিটার দীর্ঘ এই সড়কটি নির্মাণ করেছে দুটি ঠিকাদারি প্রতিষ্ঠান। ‘ই-সিরাজ এসোসিয়েট’ নামের ঠিকাদারি প্রতিষ্ঠানের মালিক রাজু আহম্মেদের তত্ত্বাবধানে ৭৫০ মিটার এবং ‘ও দিগন্ত’ নামের ঠিকাদারি প্রতিষ্ঠানের মালিক ওয়াদুদ মণ্ডলের তত্ত্বাবধানে ৯৮০ মিটার সড়কের কাজ করেছে। এতে ব্যয় হয়েছে ৬০ লাখ টাকা।উত্তরখানের চেয়ারম্যান প্রথম আলোকে বলেন, ওয়াদুদ মণ্ডলের প্রতিষ্ঠান কাজ ভালো করেনি। তাঁরা যেখানে কাজ করেছে সেখানেই সড়কের বেহাল দশা হয়েছে। এ ব্যাপারে তিনি স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরে অভিযোগ করেছেন।অপরদিকে দক্ষিণখান ইউনিয়নের চেয়ারম্যান বলেন, রাস্তাটি অল্প কিছুদিন আগে নির্মাণ করা হয়েছে। এরই মধ্যে এমনটা হওয়ার কথা নয়। ঠিকাদার বন্ধুর নামে কাজটি নিয়ে রাস্তাটি করেছেন উত্তরখান ইউনিয়নের চেয়ারম্যান।উত্তরখানের চেয়ারম্যান উত্তরা থানা আওয়ামী লীগের সহসভাপতি। এলাকায় তিনি কামাল চেয়ারম্যান হিসেবে পরিচিত। তাঁর ঘনিষ্ঠ ব্যক্তিরা জানান, পেশায় তিনি ঠিকাদার। তাঁর ঠিকাদারি প্রতিষ্ঠান কামাল অ্যান্ড ব্রাদার্স। অবশ্য চেয়ারম্যান হওয়ার পর থেকে তিনি ঠিকাদারি করেন না। তাঁর ঘনিষ্ঠদের দিয়ে কাজ করান। দক্ষিণখানের সড়কটির কাজও তিনি তাঁর আশীর্বাদপুষ্ট ঠিকাদারদের দিয়ে করিয়েছেন। কিন্তু একেবারে নিম্নমানের কাজের কারণে সড়কটি এখন যানচলাচলের অনুপযুক্ত হয়ে পড়েছে।ময়নারটেক এলাকার বাসিন্দা মোহাম্মদ সিরাজুল ইসলাম বলেন, কামাল চেয়ারম্যান আওয়ামী লীগের নেতা আর খলিল মোল্লা বিএনপির। এখন কামাল চেয়ারম্যানের কথায় এলাকার কাজকর্ম হয়। রাস্তাটি এখন খাল: সরেজমিন দেখা গেছে, আজমপুর থেকে ময়নারটেক হয়ে একেবারে শেষ প্রান্তে দক্ষিণখানের গণকবরস্থান। তবে এই সড়ক ধরে একটু এগিয়ে গেলেই রাস্তার মাঝেই চোখে পড়ে গভীর গর্ত। গর্ত দিয়ে নোংরা কালো পানি উপচে সড়ক দিয়ে বয়ে যাচ্ছে। এরই মধ্যে রিকশাগুলো ঠেলে নিয়ে যাচ্ছেন রিকশাওয়ালারা। তবে একেবারে বেহাল অবস্থা চোখে পড়ে তুরাগ সিএনজি স্টেশন ও হাজি বিল্লাত আলী আদর্শ উচ্চবিদ্যালয়ের সামনে গিয়ে।সেখানে রাস্তার মাঝখানে গভীর এক খালের সৃষ্টি হয়েছে। দক্ষিণখান ইউনিয়নের বাসিন্দা ও তিতুমীর কলেজের শিক্ষার্থী আশরাফুল গণি বলেন, ‘প্রতিদিন মহাখালী কলেজে যাওয়ার পথে এই রাস্তায় এলেই আর যেতে ইচ্ছা করে না। নোংরা পানিতে সড়কসংলগ্ন নিচু এলাকা তলিয়ে থাকে। এখানে একটি স্কুলও রয়েছে। স্কুলের এক শিক্ষার্থীর অভিভাবক লায়লা আক্তার বলেন, ‘দিনের পর দিন এ রকম দুর্ভোগ আমরা কোথাও দেখিনি।’ এ ব্যাপারে উত্তরখান ইউনিয়নের চেয়ারম্যান বলেন, দক্ষিণখান ইউনিয়নের রাস্তা নির্মাণ ও সংস্কার করতে সংশ্লিষ্ট চেয়ারম্যান ব্যর্থ হয়েছেন। এ জন্য তিনি এলাকাবাসীর স্বার্থে অধিদপ্তরে তদবির করে কাজটি করেছেন। ব্যর্থতার অভিযোগ অস্বীকার করে দক্ষিণখানের চেয়ারম্যান বলেন, ‘আমি ব্যর্থ হলে তা দেখার দায়িত্ব জনগণের, উত্তরখানের চেয়ারম্যানের নয়।’ রাস্তাটির দুরবস্থার বিষয়ে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের সংশ্লিষ্ট প্রকৌশলী মোশাররফ হোসেন প্রথম আলোকে বলেন, ‘বিষয়টি আমাদের নজরে এসেছে। আমরা সড়কটি আবার সংস্কারের উদ্যোগ নেব। দ্রুতই এই সংস্কারকাজ শুরু হবে।’