এক কারারক্ষী বদলি হলেও বাসা ছাড়েননি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জেল কোড অনুযায়ী, এক কারাগারে তিন বছরের বেশি কোনো কারারক্ষীর চাকরির নিয়ম নেই। কিন্তু কারারক্ষী চান মিয়া টানা সাত বছর চাকরি করেছেন ঢাকা কেন্দ্রীয় কারাগারে। বিভিন্ন অভিযোগে তিন মাস আগে তাঁকে তাৎক্ষণিক বদলি করা হয় শরীয়তপুর কারাগারে। এর পরও কয়েক দফা নোটিশ দেওয়া হয়েছে, কিন্তু সরকারি বাসা ছাড়েননি তিনি। কারা কর্তৃপক্ষ বলছে, চান মিয়া কারা প্রাঙ্গণের ৩৭ নম্বর সরকারি বাসা বুঝিয়ে দিচ্ছেন না। ২০০৪ সালে কারারক্ষী হিসেবে ঢাকা কেন্দ্রীয় কারাগারে যোগ দেন তিনি। এ সময় সাবেক এক ডিআইজি প্রিজনের দেহরক্ষী থাকায় প্রভাবশালী হয়ে ওঠেন। কারা সূত্রে জানা গেছে, বদলির আদেশ এলে তিনি নানাভাবে সেটা বন্ধ করতেন। গত বছরের ৯ ডিসেম্বর তাঁকে তাৎক্ষণিকভাবে (স্ট্যান্ডরিলিজ) ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে শরীয়তপুরে বদলি করা হয়। নিয়ম অনুযায়ী, কেউ বদলি হওয়ার এক মাসের মধ্যেই তাঁর সরকারি বাসা ছাড়ার কথা। কিন্তু তিন মাস হয়ে গেলেও তিনি বাসা ছাড়েননি। কারারক্ষী চান মিয়া প্রথম আলোকে বলেন, কারাগারে প্রভাব খাটানো বা কোনো প্রকার অনিয়মের সঙ্গে তিনি জড়িত নন। কেন্দ্রীয় কারাগরের সিনিয়র জেল সুপার তৌহিদুল ইসলাম বলেন, দুই দফায় ওই কারারক্ষীকে বাসা ছাড়ার নোটিশ দেওয়া হয়েছে। তিনি বাসাটি ছাড়ছেন না।