রাজধানীর ইস-লামপুর রোডের তিনটি গুদামে অভিযান চালিয়ে প্রায় এক কোটি টাকা মূল্যের নকল ও আমদানি-নিষিদ্ধ ওষুধ উদ্ধার করেছে র্যাব। গত রোববার র্যাব ১০-এর একটি দল ওই অভিযান চালায়।এ সময় নকল ওষুধ তৈরি ও ফেনসিডিল রাখার অপরাধে ওই সব গুদামের মালিক ও এক কর্মীকে গ্রেপ্তার করা হয়।র্যাব জানায়, তাদের কাছে অভিযোগ আসে, পুরান ঢাকার কোতোয়ালি থানা এলাকায় কিছু ওষুধ ব্যবসায়ী বিভিন্ন নামী কোম্পানির ওষুধ নকল করে বাজারজাত করে আসছে। ওই সব ওষুধে কোনো রোগ ভালো হয় না।এ অভিযোগের ভিত্তিতে র্যাবের একটি গোয়েন্দা দল মাঠপর্যায়ে অনুসন্ধান চালায়। এর ভিত্তিতে গত রোববার ভোর সাড়ে চারটায় বাবুবাজার সেতুর পূর্ব পাশে খান মার্কেটের পঞ্চম, ষষ্ঠ ও সপ্তম তলায় মো. মনির হোসেনের মালিকানাধীন তিনটি গুদামে অভিযান চালায় র্যাবের একটি দল। ওই সব গুদাম থেকে বেক্সিমকো, স্কয়ার, নোভারটিস, এসিআইসহ বিভিন্ন নামীদামি কোম্পানির নাম ব্যবহার করা ওষুধ উদ্ধার করা হয়। এসব ওষুধ নকল করা হয়েছিল। এ ছাড়া বিপুল পরিমাণ ইনজেকশন, ড্রপ, আমদানি-নিষিদ্ধ ভারতীয় যৌন-উদ্দীপক ওষুধ ও ৮০ বোতল ফেনসিডিল এবং একটি মুঠোফোন উদ্ধার করা হয়।এ সময় র্যাব গুদামের মালিক মনির হোসেন ও তাঁর সহযোগী মো. মজিদ ওরফে ভাসানীকে গ্রেপ্তার করে। পরে তাঁদের জেলহাজতে পাঠানো হয়।