বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবসের অনুষ্ঠানে বিশিষ্ট চিকিৎসকেরা বলেছেন, ‘পাগলের ডাক্তার’ হিসেবে পরিচিতি পাওয়ার আশঙ্কায় এমবিবিএস ডিগ্রি অর্জনের পর অনেকেই মানসিক রোগের বিশেষজ্ঞ চিকিৎসক হতে আগ্রহ দেখান না। এর প্রভাব পড়েছে এ রোগের চিকিৎসা ও ব্যবস্থাপনায়। দেশে প্রতি এক কোটি মানুষের জন্য এ বিষয়ে মনোচিকিৎসক আছেন মাত্র সাতজন।
গতকাল শনিবার জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট আয়োজিত সেমিনারে বিশিষ্ট চিকিৎসকেরা এ কথা বলেন। তাঁরা বলেছেন তীব্র চিকিৎসক-সংকটের কারণে দেশের সব জেলায় মানসিক রোগের চিকিৎসা দেওয়া সম্ভব হচ্ছে না।
এ বছর বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবসের প্রতিপাদ্য: ‘মানসিক স্বাস্থ্যে মর্যাদাবোধ’। সেমিনারে রোগীদের মর্যাদার পাশাপাশি চিকিৎসকদের মর্যাদা নিয়ে আলোচনা হয়। মূল প্রবন্ধে ইনস্টিটিউটের শিক্ষক জিল্লুর রহমান বলেন, দেশে প্রাপ্তবয়স্কদের মধ্যে ১৬ শতাংশ এবং শিশু-কিশোরদের মধ্যে ১৮ শতাংশ মানসিক রোগে ভুগছে। অন্যদিকে মনোচিকিৎসকের সংখ্যা ১৯৫ জন, মনোবিজ্ঞানীর সংখ্যা ৪৩ জন। এক কোটি মানুষের চিকিৎসায় আছেন সাতজন মনোচিকিৎসক।
বিশেষজ্ঞ চিকিৎসকেরা বলেন, মানসিক রোগের চিকিৎসকেরা পাগলের ডাক্তার বলে পরিচিতি পান। অন্যদের তুলনায় মানসিক রোগ বিশেষজ্ঞদের উপার্জন কম। স্বাস্থ্য বাজেটে মানসিক রোগের জন্য বরাদ্দ কম। সরকারি ২৯টি মেডিকেল কলেজের মধ্যে ১৩টিতে মানসিক রোগের চিকিৎসা হয়। সব কটি জেলা হাসপাতালে বিশেষজ্ঞ চিকিৎসকের পদ নেই। নানা প্রতিবন্ধকতার কারণে এমবিবিএস পাস করার পর অনেকেই এই বিষয়ে উচ্চশিক্ষা নিতে আগ্রহী হন না।
আলোচনায় অংশ নিয়ে ইনস্টিটিউটের প্রতিষ্ঠাতা পরিচালক হেদায়েতুল ইসলাম বলেন, ‘পাগলের ডাক্তার বললে কী হবে? মানুষ কতটা সেবা পাচ্ছে, গবেষণা কেমন হচ্ছে, দক্ষতা কত বাড়ল এসব নিয়ে চিন্তা করতে হবে।’ উপার্জন বাড়াতে গিয়ে ইনস্টিটিউটে রোগীদের প্রতি কম মনোযোগ দেওয়া, রোগীদের বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে পাঠানোর মতো ঘটনা ঘটছে বলে তিনি উল্লেখ করেন।
সাবেক পরিচালক গোলাম রব্বানী বলেন, মানসিক স্বাস্থ্য আইনটি দ্রুত পাস হওয়া উচিত। পরিচালক মো. আবদুল হামিদ বলেন, মানসিক রোগীর মর্যাদা ও মানবাধিকার নিশ্চিত করতে সেবা বাড়াতে হবে। তিনি সরকারি মেডিকেল কলেজে জনবল ও রোগীদের জন্য আসনসংখ্যা বাড়ানোর দাবি করেন। বিধবা, বয়স্ক, দরিদ্র মানুষের মতো সরকার মানসিক রোগীদের ভাতা দিলে পরিবারে-সমাজে তাদের মর্যাদা বৃদ্ধি পাবে বলে মন্তব্য করেন ইনস্টিটিউটের অধ্যাপক ফারুক আলম।
মানসিক স্বাস্থ্য দিবস পালন উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এডুকেশনাল অ্যান্ড কাউন্সেলিং সাইকোলজি বিভাগ ও বেসরকারি প্রতিষ্ঠান ইনোভেশন ফর ওয়েলবিয়িং ফাউন্ডেশন যৌথভাবে গতকাল দুই দিনের এক কর্মশালা শুরু করেছে। কর্মশালার উদ্বোধন করে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক মানসিক স্বাস্থ্য সুরক্ষা আইন প্রণয়ন ও তা বাস্তবায়ন করার ওপর গুরুত্ব দেন।
অন্যদিকে গতকাল বিকেলে রাজধানীর শাহবাগে পাবলিক লাইব্রেরির মিলনায়তনে মনোবিজ্ঞানীদের এক সম্মেলন অনুষ্ঠিত হয়। সাইকোলজিস্ট ফাউন্ডেশন বাংলাদেশ ও অরকিড সাইকোলজি রিসার্চ সেন্টার এই সম্মেলনের আয়োজন করে।
প্রতিযোগিতা: দিবসটি উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগ, বাংলাদেশ ক্লিনিক্যাল সাইকোলজি সোসাইটি এবং নাসিরুল্লাহ সাইকোথেরাপি ইউনিট রচনা প্রতিযোগিতার আয়োজন করেছে।
রচনা ৩০ নভেম্বরের মধ্যে ডাকযোগে ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগের চেয়ারম্যানের ঠিকানায় পাঠাতে হবে। মহাবিদ্যালয়ের শিক্ষার্থীদের বিষয় ‘বিষণ্নতা ও আত্মহত্যা’ এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বিষয় ‘মানসিক স্বাস্থ্যসমস্যা ও জাতীয় অর্থনৈতিক ক্ষতি’। আয়োজক প্রতিষ্ঠানগুলোর শিক্ষার্থীরা এতে অংশ নিতে পারবেন না। বিস্তারিত গতকাল প্রথম আলোতে প্রকাশিত বিজ্ঞাপনে আছে।