
এখানে এলেই মনে হয় এ কোথায় এলাম? গ্রাম না শহর? যাত্রাবাড়ীর শহীদ ফারুক সড়কের মুখে দাঁড়িয়ে এভাবেই ক্ষোভ প্রকাশ করছিলেন এলাকার বাসিন্দা আলিম মাহমুদ। দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় রাজধানীর যাত্রাবাড়ীর এই সড়কের পুরোটা জুড়েই বড় বড় গর্ত। এসব গর্তে পানি জমে থাকে। ফলে যানবাহনগুলোকে চরম ঝুঁকি নিয়ে চলতে হচ্ছে।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, খানাখন্দে ভরা সড়কটি সংস্কারে কোনো উদ্যোগ নিচ্ছে না ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ৫০ নম্বর ওয়ার্ড। অথচ এই সড়কটি দেশের বিভিন্ন অঞ্চল থেকে রাজধানীতে ঢোকার প্রধানতম প্রবেশপথ।
৫০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর দেলোয়ার হোসেন খান প্রথম আলোকে বলেন, মাত্র ১৩ মাস আগে সড়কটি সংস্কার করা হয়েছিল। কিন্তু এই সময়ের মধ্যেই ভেঙে খানাখন্দের সৃষ্টি হয়েছে। তাই সড়কটি সংস্কারে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে শিগগিরই ডিএসসিসিকে জানানো হবে।
সরেজমিনে দেখা যায়, যাত্রাবাড়ী চৌরাস্তা থেকে দয়াগঞ্জ বাজার পর্যন্ত প্রায় এক কিলোমিটার এলাকা জুড়ে বড় বড় গর্ত। উল্টে যাওয়ার আশঙ্কায় ধীরগতিতে চলছে যানবাহন। কয়েকটি স্থানে বড় গর্ত থাকায় আসন থেকে নেমে রিকশা ও ভ্যান টেনে নিয়ে যাচ্ছেন চালকেরা। এ ছাড়া যাত্রাবাড়ী চৌরাস্তা এলাকায় শহীদ ফারুক সড়কে প্রবেশের একাংশ বন্ধ করে চলছে পয়োনিষ্কাশন লাইনের মেরামতকাজ। এই কাজ তদারকি করছেন কাউন্সিলর মো. দেলোয়ার হোসেন খান। সড়কের এই অংশের ফুটপাতেই সবচেয়ে বেশি ছড়িয়ে রয়েছে ময়লা-আবর্জনা।
ডিএসসিসি সূত্র জানায়, শহীদ ফারুক সড়ক দিয়ে চট্টগ্রাম, সিলেট ও বরিশাল বিভাগসহ বিভিন্ন অঞ্চলের যানবাহন চলাচল করে। তাই এই সড়কে যানবাহনের চাপও বেশি। কিন্তু সড়কটি সংস্কারে বাজেট দেওয়া হয় রাজধানীর অন্যান্য সড়কের মতোই। সড়কটি সংস্কার করা হলেও বেশি দিন টেকে না। একবার কাজে হাত দিলে সেই কাজ শেষ হওয়ার আগেই আবার ভাঙন শুরু হয়ে যায়। এভাবে খুব অল্প সময়ে পুরো সড়কে খানাখন্দের সৃষ্টি হয়।
স্থানীয় বাসিন্দা নাছির উদ্দিন বলেন, সড়কে খানাখন্দের কারণে বৃষ্টি হলেই পানি জমে যায়। ফলে কোনো যানবাহন দ্রুত গতিতে চললে কাদা ছিটিয়ে পড়ে পথচারীদের ওপর। এ ছাড়া প্রায় প্রতিদিনই সড়কের বিভিন্ন স্থানে রিকশা ও ভ্যান উল্টে ঘটছে দুর্ঘটনা।
ফারুক সড়কের মা জেনারেল স্টোরের মালিক আনিসুর রহমান বলেন, দু-তিন মাস ধরে সড়কের সবচেয়ে বেশি খারাপ হয়েছে। বৃষ্টি হলেই গর্তে পানি জমে থাকে। শুকনো হলে সড়কের ধুলাবালির কারণে দোকানে থাকা দায়।
শহীদ ফারুক সড়ক দিয়ে যাত্রাবাড়ী থেকে সদরঘাটে চলাচল করে বাহাদুর শাহ পরিবহন লিমিটেড। এই পরিবহনের চালক আবদুর জব্বার বলেন, সদরঘাট থেকে দয়াগঞ্জ বাজার পর্যন্ত সড়কে গাড়ি চালাতে কোনো সমস্যা হয় না। কিন্তু ফারুক সড়কে এলেই গাড়ি হেলেদুলে ওঠে। ফলে এক চাকা গর্ত থেকে বাঁচাতে চাইলে বাকি তিন চাকা গর্তে পড়ে যায়। তখন কিছুই আর করার থাকে না।