এক ছাদের নিচে সব করা হবে
>২০১৫ সালে সিটি করপোরেশনের নির্বাচনে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নির্বাচনে কাউন্সিলর পদে নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী দেলোয়ার হোসেন। গতকাল তিনি ওয়ার্ডের বিভিন্ন বিষয় নিয়ে প্রথম আলোর সঙ্গে কথা বলেছেন।
প্রথম আলো: নাগরিকদের সেবায় কমিউনিটি সেন্টার, কাঁচাবাজার, ব্যায়ামাগার, গ্রন্থাগার, নগর স্বাস্থ্যকেন্দ্র—কোনোটাই আপনার ওয়ার্ডে নেই।
কাউন্সিলর: লালবাগ রোডের দুই বিঘা আয়তনের একটি জায়গায় কমপ্লেক্স নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছে। এই কমপ্লেক্সে একই ছাদের নিচে সব থাকবে—কমিউনিটি সেন্টার, কাঁচাবাজার, ব্যায়ামাগার, স্বাস্থ্যকেন্দ্র, গ্রন্থাগার। ভূমি মন্ত্রণালয়ের অনুমোদন পেলে দরপত্র আহ্বান করবে ডিএসসিসি।
প্রথম আলো: আপনার ওয়ার্ডে বিশুদ্ধ পানির সংকট আছে। এই বিষয়ে কোনো উদ্যোগ নিয়েছেন কি না?
কাউন্সিলর: মহল্লায় পানির সংকটের সমাধানে ওয়াসার তত্ত্বাবধানে লালবাগ রোডে একটি গভীর নলকূপ বসানো হয়েছে। শিগগিরই তা উদ্বোধন করা হবে। এ ছাড়া নগর বেলতলী লেনে আরেকটি নলকূপ বসানোর উদ্যোগ নেওয়া হয়েছে। তা বাস্তবায়িত হলে এই ওয়ার্ডে আর পানি-সংকট থাকবে না।
প্রথম আলো: গ্যাস-সংকট সমাধানে কোনো উদ্যোগ নিয়েছেন?
কাউন্সিলর: এই এলাকায় দীর্ঘদিন ধরেই গ্যাসের সমস্যা আছে। তবে মানুষ তা মানিয়ে নিয়েছে। তারপরও তা সমাধানে তিতাস কর্তৃপক্ষকে জানানো হয়েছে।
প্রথম আলো: বাসিন্দারা অভিযোগ করেছেন, মশার ওষুধ ছিটানো হয় না। কেন?
কাউন্সিলর: প্রতিদিনই মশার ওষুধ ছিটানো হয়। কোন কোন এলাকায় মশার ওষুধ ছিটানো হবে, আমি নিজেই তা নির্ধারণ করে দিই। তারপরও কোথাও কম পড়লে আমাকে জানালে তা দেখব।
প্রথম আলো: অবৈধ অটোরিকশা চলাচল বন্ধে কোনো উদ্যোগ নেবেন কি না?
কাউন্সিলর: এই এলাকায় অটোরিকশার কারণে প্রায়ই দুর্ঘটনা ঘটে। কয়েক মাস আগে আমি অর্ধশতাধিক রিকশা আটক করে থানায় দিয়েছি। কিন্তু থানা থেকে তা আবার ছেড়ে দেওয়া হয়। বিষয়টি নিয়ে পুলিশের ট্রাফিক বিভাগকে আরও সচেতন হতে হবে।
প্রথম আলো: দু্ই বছরে তাহলে কী করলেন?
কাউন্সিলর: প্রায় সাড়ে তিন কোটি টাকা ব্যয়ে এলাকার ৮০ ভাগ সড়ক সংস্কার করা হয়েছে। আরও দুটি সড়ক সংস্কার করা হবে। এসব সড়কে ইতিমধ্যে এলইডি বাতি লাগানো হয়েছে।