এক ট্রাক তারসহ গ্রেপ্তার ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর আর কে মিশন রোডে বিটিসিএলের ভূগর্ভস্থ টেলিফোন লাইনের তার চুরি করে পালানোর সময় ট্রাকভর্তি তারসহ দুই চোরকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে মূল লাইনের তার চুরির পর সূত্রাপুর, অভয় দাস লেন এলাকার প্রায় ৯০০ গ্রাহকের টেলিফোন লাইন বিকল হয়ে গেছে বলে জানিয়েছে বাংলাদেশ টেলিকমিউনিকেশনস কোম্পানি লিমিটেড (বিটিসিএল)। পুলিশ বলেছে, উদ্ধার করা তারের আনুমানিক মূল্য ৫০ লাখ টাকা।সূত্রাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জানান, গতকাল সোমবার ভোরে আর কে মিশন রোডে বিটিসিএলের তারসহ একটি ট্রাক আটক করে পুলিশ। এ সময় ট্রাক থেকে নিজাম নামের এক যুবককে গ্রেপ্তার করা হয়। তাঁর স্বীকারোক্তি অনুযায়ী কামরাঙ্গীরচর থেকে চুরির সঙ্গে জড়িত মানিক নামের আরও একজনকে গ্রেপ্তার করা হয়।ওসি জানান, তিনি ও এসআই জাহাঙ্গীর কবীর খানের নেতৃত্বে একটি দল ওই চোরদের গ্রেপ্তার করেন। গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা জানিয়েছেন, আর কে মিশন রোডের ম্যানহোলের ভেতরে ঢুকে রোববার সারা রাত ধরে হ্যাক্স ব্লেড দিয়ে এই তার কেটেছে ১০-১২ জন চোরের একটি দল। তার কেটে তারা ট্রাকে ভরে। গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করে চোর চক্রের অন্যদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।বিটিসিএলের উপপরিচালক (সংগঠন ও পদ্ধতি) মীর মোহাম্মদ মোর্শেদ জানান, ভূগর্ভস্থ মূল লাইনের তার চুরির পর সূত্রাপুর, অভয় দাস লেন এলাকার প্রায় ৯০০ টেলিফোন বিকল হয়ে গেছে।