ঢাকার উত্তর দিয়ে যানবাহন প্রবেশ করলে শুল্ক দিতে হবে, দক্ষিণে দিতে হবে না। অন্যদিকে দক্ষিণে হোল্ডিং ট্যাক্স বাড়লেও উত্তরে বাড়বে না। একই নগরে এই দুই ধরনের প্রস্তাবিত নিয়ম অনুমোদন পেলে বাসিন্দাদের সমস্যা ও বৈষম্য বাড়বে বলে মনে করছেন সংশ্লিষ্ট কর্মকর্তা ও বিশেষজ্ঞরা। গত বৃহস্পতিবার ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি করপোরেশনের ২০১২-১৩ অর্থবছরের বাজেট ঘোষণা করা হয়। ঢাকা সিটি করপোরেশন ভাগ হওয়ার পর এটাই প্রথম বাজেট। এতে উত্তরে নগরের বাইরে থেকে যানবাহন প্রবেশের ক্ষেত্রে নগর শুল্ক আরোপের প্রস্তাব করা হয়েছে। অন্যদিকে দক্ষিণ সিটি করপোরেশনের হোল্ডিং ট্যাক্স ১০ শতাংশ বাড়ানোর প্রস্তাব করা হয়েছে। সর্বশেষ ঢাকা সিটি করপোরেশনের হোল্ডিং ট্যাক্স বাড়ানো হয়েছিল আশির দশকের শেষের দিকে। করপোরেশনের কর্মকর্তাদের কেউ কেউ মনে করেন, দক্ষিণ সিটিতে হোল্ডিং ট্যাক্স বাড়ানো হলে তা রাজধানীর এই অংশে বাড়িভাড়ার ওপর প্রভাব ফেলবে। বাড়ির মালিকেরা ট্যাক্সের যুক্তিতে ভাড়া বাড়াতে চাইবেন। ইতিমধ্যেই নিয়ন্ত্রণহীনভাবে বেড়ে চলা বাড়িভাড়ার চাপে পিষ্ট মানুষ আরও কষ্টে পড়বে। তাই ট্যাক্স বাড়ানোর আগে বাড়িভাড়া-সংক্রান্ত আইন সংশোধন করে তা যুগোপযোগী করতে হবে বলে কর্মকর্তারা মনে করেন। দুই সিটি করপোরেশনের বাজেট ঘোষণার পর এ নিয়ে নাগরিক সংগঠন ও বিশেষজ্ঞ মহলে আলোচনা শুরু হয়েছে। এ বিষয়ে স্থানীয় সরকার বিশেষজ্ঞ তোফায়েল আহমেদ প্রথম আলোকে বলেন, দুই সিটি করপোরেশনে দুই ধরনের প্রস্তাবে সমস্যা বাড়বে। বৈষম্যও বাড়বে। তা ছাড়া হোল্ডিং ট্যাক্স বর্তমানে যা আছে তা যদি ঠিকমতো আদায় করা হয়, তাহলে নতুন করে বাড়ানোর দরকার নেই। যানবাহনের ওপর শুল্ক নির্ধারণ করা হলে ভাড়া বাড়বে। উত্তরে শুল্ক দিতে হবে কিন্তু দক্ষিণে দিতে হবে না—এটা সাংঘর্ষিক সিদ্ধান্ত। আবার দক্ষিণের হোল্ডিং ট্যাক্স বৃদ্ধি হচ্ছে কিন্তু উত্তরে হচ্ছে না। অনির্বাচিত প্রতিনিধিদের দিয়ে এ ধরনের সিদ্ধান্ত নেওয়া কতটুকু যৌক্তিক, সেটাও ভাবতে হবে। হয়তো আইনগতভাবে তাঁরা পারেন। কিন্তু বাস্তবতার কথাও ভাবতে হবে। জানতে চাইলে উত্তর সিটি করপোরেশনের প্রশাসক শাহজাহান আলী মোল্লা প্রথম আলোকে বলেন, ‘যানবাহনের প্রবেশের সময় শুল্ক নির্ধারণের বিষয়ে আমরা প্রস্তাব করেছি। এখন মন্ত্রণালয় (স্থানীয় সরকার) সেটা অনুমোদন করলে কীভাবে এবং কত টাকা করে শুল্ক ধরা হবে, তা নির্ধারণ করা হবে। এই প্রস্তাব অনুমোদন পেলে ঢাকার প্রবেশমুখে ফটক করে শুল্ক আদায় করা হবে। যেমন উত্তরা ও গাবতলীর মতো প্রবেশপথে ফটক করে তা আদায় করা হবে।’উত্তর সিটি করপোরেশনের কর্মকর্তারা বলেছেন, রাস্তাঘাট মেরামতসহ আনুষঙ্গিক খরচের কথা বিবেচনা করেই গাড়ি প্রবেশের সময় শুল্ক আদায়ের প্র্রস্তাব করা হয়েছে।অন্যদিকে দক্ষিণ সিটি করপোরেশনের কর্মকর্তারা বলেছেন, দীর্ঘদিনেও হোল্ডিং ট্যাক্স বাড়ানো হয়নি। এখন সময়ের প্রয়োজনেই তা বাড়ানোর প্রস্তাব করা হয়েছে।