এক দিন পর তাঁর লাশ পাওয়া গেল লিফটের ফোকরে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মো. বদির উদ্দিন
ছবি: সংগৃহীত

আর সব দিনের মতোই গতকাল রোববার মাগরিবের নামাজ পড়তে বাসা থেকে বেরিয়েছিলেন মো. বদির উদ্দিন (৭৬)। ক্লোজড সার্কিট ক্যামেরায় তাঁকে ভবনের মূল ফটক ধরে ভেতরে ঢুকতেও দেখা গেছে। বাজছিল মুঠোফোনও। শুধু তাঁকে পাওয়া যাচ্ছিল না। এরপর প্রায় ২০ ঘণ্টা পর লিফটের ফোকর থেকে বদির উদ্দিনের মৃতদেহ উদ্ধার করা হয়।

ঘটনাটি ঘটেছে রাজধানীর মিরপুর ১০ নম্বর এলাকায়। মিরপুর মডেল থানার উপপরিদর্শক শ্রীদাম চন্দ্র হাওলাদার ঘটনার তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

মো. বদির উদ্দিনের স্বজন আরিফ ইফতেখার উল ইসলাম প্রথম আলোকে বলেন, পরিবারের সদস্যদের অনুরোধে আজ সোমবার রাত ৮টার দিকে ময়নাতদন্ত ছাড়াই বদির উদ্দিনের মৃতদেহ হস্তান্তরে রাজি হয়েছে থানা-পুলিশ। জানাজার পর আজই বদির উদ্দিনকে নিয়ে স্বজনেরা ঠাকুরগাঁওয়ে তাঁর গ্রামের বাড়িতে রওনা দেবেন।

জানতে চাইলে আরিফ বলেন, মো. বদির উদ্দিন মিরপুর ১০ নম্বরের একটি ১০তলা ভবনের পাঁচতলায় তাঁর মেয়ের কাছে থাকতেন। গতকাল মাগরিবের নামাজ পড়তে বাসা থেকে বের হন। সিসি ক্যামেরার ফুটেজে তাঁকে প্রতিবেশীর সঙ্গে ভবনের মূল ফটক পেরিয়ে ঢুকতেও দেখা গেছে। এরপর থেকে আর খোঁজ ছিল না। ওই প্রতিবেশী ভবনের চারতলায় থাকেন। তিনি জানান, লিফটের ৫-এ নামবার কথা থাকলেও ভুলবশত বদির উদ্দিন লিফটের ৪-এ নেমে পড়ার প্রস্তুতি নিয়েছিলেন। তখন তিনিই (প্রতিবেশী) মনে করিয়ে দেন যে মো. বদির উদ্দিন ভুল করছেন। তখন বদির উদ্দিন আবারও ফিরে যান। কিন্তু তিনি আর লিফটে উঠতে পেরেছিলেন নাকি ফাঁক গলে পড়ে গেছেন, সেটা দেখতে পাননি।

এরপর থেকে পরিবারের লোকজন মো. বদির উদ্দিনের সঙ্গে ফোনে যোগাযোগের চেষ্টা করেন। ফোন বাজতেও শোনেন। কিন্তু কারও সাড়া পাননি। তাঁর নাতিরা নানা নিখোঁজ জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে মানুষের সহযোগিতা চান।

আত্মীয়স্বজনের বাসায় খোঁজাখুঁজি ও থানায় সাধারণ ডায়েরিও করেন।

আজ সোমবার লিফটের নিয়মিত রক্ষণাবেক্ষণের সময় কর্মীরা দেখতে পান লিফটের ফোকরে বদির উদ্দিন পড়ে আছেন। ওখান থেকে তাঁর মুঠোফোনটি উদ্ধার হয়।

খবর পেয়ে মিরপুর মডেল থানার পুলিশ ঘটনাস্থলে আসে। পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি)র ক্রাইম সিন ইউনিটও হাজির হয়। ময়নাতদন্ত ছাড়া মৃতদেহ হস্তান্তর করতে চাইছিল না পুলিশ। তাদের যুক্তি ছিল, এ নিয়ে পরে প্রশ্ন উঠতে পারে।

পরে পরিবারের সদস্যদের সবাই থানায় যান এবং পুলিশকে বোঝাতে সক্ষম হন যে এটি দুর্ঘটনা ছিল। তাঁরা বিনা ময়নাতদন্তে মৃতদেহ দাফন করতে চান।

সোমবার রাত ৮টার পর বদির উদ্দিনের মৃতদেহ স্বজনদের কাছে হস্তান্তর করে পুলিশ।

সংশ্লিষ্ট থানার উপপরিদর্শক শ্রীদাম চন্দ্র হাওলাদার বলেন, মো. বদির উদ্দিনের কানের পাশে আঘাত লেগে মারাত্মক রক্তক্ষরণ হয়। পরিবারের সদস্যরা তাঁকে জানিয়েছেন, ছেলেমেয়েদের ছোট রেখে বহু বছর আগে তাঁর স্ত্রী মারা যান। এরপর থেকে সন্তানদের দেখাশোনা একাই করেছেন। ছেলেমেয়েরা ঢাকায় প্রতিষ্ঠিত এখন। প্রতিবছর শীতে তাঁদের কাছে ঢাকায় বেড়াতে আসতেন বদির উদ্দিন।