নবগঠিত ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের দুটি দল এক দিন পর পর বাজারে অভিযান চালাবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী ফারুক খান।গতকাল বুধবার অধিদপ্তরে অনুষ্ঠিত এক বৈঠকের পর সাংবাদিকদের এ কথা জানান বাণিজ্যমন্ত্রী। ফারুক খান বলেন, গত ছয় মাসে ৩৪টি বাজারে অভিযান চালিয়ে আট লাখ নয় হাজার টাকা জরিমানা আদায় করেছে অধিদপ্তর। এ সময় মোট ২০৩টি দোকান ও হোটেলে অভিযান চালানো হয়।বাণিজ্যমন্ত্রী বলেন, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরকে আরও আধুনিক ও ডিজিটালাইজড করা হবে। অধিদপ্তরের জন্য এরই মধ্যে অর্থ বিভাগ ২৩৩টি পদ সৃষ্টির ব্যাপারে সম্মতি দিয়েছে। তিনি বলেন, শিগগিরই এ জনবল নিয়োগের উদ্যোগ নেওয়া হবে। তখন বিভাগীয় এবং জেলা পর্যায়ে এ অধিদপ্তরের কার্যক্রম সম্প্রসারণ করা সম্ভব হবে।সঠিক মানের পণ্য ও সেবা পাওয়ার ক্ষেত্রে ক্রেতার অধিকার রক্ষার জন্য ২০০৯ সালের ভোক্তা অধিকার সংরক্ষণ আইন প্রণয়ন এবং এ নিয়ে পৃথক অধিদপ্তর গঠন করা হয়। তবে জনবল না থাকাসহ বিভিন্ন কারণে এটি এত দিন কার্যকর হতে পারেনি।সভায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯-এর সংশোধন বা পরিমার্জনের কোনো প্রয়োজনীয়তা আছে কি না, তা পরীক্ষা-নিরীক্ষা করে মতামত দেওয়ার জন্য আইন মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ও সংসদবিষয়ক যুগ্ম সচিব নাসরিন বেগমকে প্রধান করে তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়।এদিকে গতকাল স্পেশালাইজড টেক্সটাইল মিলস অ্যান্ড পাওয়ার লুম ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশনের নবনির্বাচিত প্রতিনিধিরা বাণিজ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন।তুলা ও সুতার দাম বাড়ার কারণে বস্ত্রশিল্পে বিদ্যমান সমস্যা চলতি মাসের মধ্যে সমাধান করা হবে বলে প্রতিনিধিদলকে আশ্বস্ত করেন বাণিজ্যমন্ত্রী। বাণিজ্যমন্ত্রীআরও বলেন, ভারত সফরকালে সে দেশ থেকে তুলা আমদানির ব্যাপারে আলোচনা হবে। এ ছাড়া উজবেকিস্তান থেকে তুলা আমদানির বিষয়ে শিগগিরই উদ্যোগ নেওয়া হচ্ছে।প্রতিনিধিদলের সদস্যরা রং, রাসায়নিক পদার্থ ও খুচরা যন্ত্রাংশের ওপর থেকে সব ধরনের কর প্রত্যাহার, স্থলবন্দর দিয়ে সুতা আমদানির অনুমতি বহাল রাখা এবং যন্ত্রপাতি আমদানির শুল্ক শূন্য থেকে ৫ শতাংশ নির্ধারণ করার দাবি করেন।